২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উচ্ছ্বসিত পন্টিং, প্রতিজ্ঞাবদ্ধ গ্রায়েম স্মিথ

২১তম ওভারের খেলা চলছে। ৩৭৮ রান তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকা তখন বিনা উইকেটে ১৬০। রিকি পন্টিংয়ের কপালে দুশ্চিন্তার ভাঁজ। সেই ওভারের শেষ বলেই দুর্ঘটনাটা ঘটলো। প্রায় ‘অসম্ভব’ দ্বিতীয় রান নিতে গিয়ে ডিপ ফাইন লেগ থেকে শেন ওয়াটসনের সরাসরি থ্রোতে আউট হয়ে গেলেন ৭০ বলে ৯২ রান করা এবি ডিভিলিয়ার্স। আর এটাকেই ম্যাচের ‘টার্নিং পয়েন্ট’ মনে করছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক পন্টিং। দক্ষিণ আফ্রিকার অধিনায়কের কণ্ঠেও অভিন্ন সুর। গ্রায়েম স্মিথেরও ধারণা, ডিভিলিয়ার্সের রান আউটটাই ৮৩ রানের পরাজয়ের পথে টেনে নিয়ে গেছে তার দলকে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2007, 06:49 PM

Updated : 26 Apr 2022, 02:10 PM

“অন্য কিছু নয়, শেন ওয়াটসনের রান আউটই সম্ভবত ম্যাচের গতিপ্রকৃতি সবচেয়ে বেশি ঘুরিয়েছে । আমার ধারণা প্রথম ব্রেক থ্রুর পর আমাদের প্রত্যেকটা পদক্ষেপ ছিল দুর্দান্ত”---- ম্যাচশেষের সংবাদ সম্মেলনে পন্টিংয়ের উচ্ছ্বাস। এত বড় লক্ষ্য তাড়া করে জয় পাওয়া যে সহজ ব্যাপার নয় তা জানতেন, তাই তার দল ছোটখাটো সুযোগও লুফে নেয়ার জন্য তৈরি ছিল বলে জানালেন অস্ট্রেলিয়ার অধিনায়ক,“এত বড় রান তাড়া করতে নেমে একটা ছোট্ট হোঁচট, প্রতিপক্ষের একটা দুর্দান্ত ফিল্ডিং একটি দলকে খুব দ্রুতই ব্যাকফুটে ঠেলে দিতে পারে। সেটাই হয়েছে আজ (শনিবার)। আমাদের ফিল্ডিং খুব ভালো হয়েছে এবং সুযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই ওদের ওপরে ঝাঁপিয়ে পড়েছি আমরা।”

৪৩৪ রান করেও হেরে যাওয়ার যন্ত্রণা নিশ্চয়ই আজো পোড়ায় তাকে। সেই পরাজয়ের প্রতিশোধ নেয়ার লক্ষ্যে ব্যাটসম্যানরাই প্রথম পথ দেখিয়েছে বিশ্ব চ্যাম্পিয়নদের। পন্টিং নিজেও ব্যাটসম্যানদের পারফরম্যান্সে অভিভূত। এবং তাদের প্রতি যে তিনি সবসময়ই আস্থাশীল, সেটাও জানিয়েছেন সোচ্চারেই, “আজকে (শনিবার) যে আমাদের ব্যাটসম্যানরা ভালো করবে সে ব্যাপারে গত এক সপ্তাহ ধরেই আত্মবিশ্বাসী ছিলাম আমি। জানতাম যে বড় একটা সংগ্রহ গড়তে পারবো আমরা। অবশ্য ওরাও খুব ভালো খেলেছে। বিশেষ করে এবি ডিভিলিয়ার্স। তাকে এত ভালো খেলতে কখনোই দেখিনি।”

তার প্রতিপক্ষ অধিনায়ক অবশ্য হেরে গিয়েও হতাশায় ভেঙ্গে পড়েননি। দুই পয়েন্ট নিয়ে সুপার এইটে যেতে না পারলেও পরবর্তী রাউন্ডে ভালো খেলেই শনিবারের হতাশাকে মুছে দিতে প্রতিজ্ঞাবদ্ধ গ্রায়েম স্মিথ, “জিততে পারলে খুবই ভালো হতো। তবে এই টুর্নামেন্টে আরো অনেক ম্যাচ বাকি। আসল কথা হলো, প্রয়োজনীয় ম্যাচগুলো জিতে সেমিফাইনাল নিশ্চিত করা। এবং আমরা জানি আমাদের কি করতে হবে।” তার পরও দুর্দান্তভাবে শুরু করার পর এভাবে হেরে যাবার দুঃখ লুকিয়ে রাখতে পারেননি তিনি, “৩৫০ তাড়া করে হয়তো জেতা সম্ভব। কিন্তু ৩৭৭ তাড়া করে জয় পাওয়া ভীষণ কঠিন। ৩৫তম ওভার পর্যন্তও আমরা ঠিক পথেই এগোচ্ছিলাম। আমার কাছে ম্যাচের টার্নিং পয়েন্ট মনে হয়েছে এবি’র (ডিভিলিয়ার্স) রান আউট। তাত্ত্বিকভাবে এর পর আমিও তো আউট হয়ে গেলাম। আমার পায়ের পেশিতে আগে কখনোই এভাবে টান পড়েনি।”

স্মিথ হয়তো যত তাড়াতাড়ি সম্ভব ভুলে যেতে চাইবেন ম্যাচটাকে। তবে ১৭ রান করলেও এই ম্যাচকে কোনো দিন ভুলতে পারবেন না হার্শেল গিবস। ৬৬ বলে বিশ্বকাপের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়া ম্যাথু হেইডেনও আজীবন মনে রাখবেন ২৪ মার্চকে। এই কীর্তির জন্যই সেন্ট কিটস ও নেভিসের সম্মানসূচক নাগরিকত্ব দেয়া হয়েছে হেইডেনকে। নেদারল্যান্ডসের বিপক্ষে এক ওভারে ছটি ছক্কার বিশ্ব রেকর্ডের জন্য একই সম্মানে ভূষিত করা হয়েছে গিবসকেও। শনিবার ম্যাচশেষে দুজনের হাতে নাগরিকত্বের কাগজ তুলে দেন সেন্ট কিটস ও নেভিসের প্রধানমন্ত্রী ডেনজিল ডগলাস।