ডিএনএ টেস্ট করিয়ে ইনজামামরা এখন দেশে ফেরার অপেক্ষায়
কেপটাউনে বব উলমারের স্বজনরা কিংস্টন থেকে তার মৃতদেহ পৌঁছানোর প্রতীক্ষায় দুঃসহ সময় কাটাচ্ছেন। কিন্তু তাদের সেই প্রতীক্ষার প্রহর দীর্ঘ হতে পারে আরো। এক জন মৃতদেহ -- পরীক্ষক তদন্ত শেষ না হওয়া পর্যন্ত উলমারের দেহ কিংস্টনে রাখার নির্দেশ দিয়েছেন। এদিকে ডিএনএ টেস্ট করানোর পর দেশে ফেরার অপেক্ষায় দিন গুনছেন পাকিস্তানের ক্রিকেটাররা। পিসিবি চেষ্টা করছে তাদেরকে দেশে ফিরিয়ে আনার জন্য একটি চার্টার্ড বা ভাড়া করা বিমানের ব্যবস্থা করতে।
“কিংস্টনে পুলিশ সেই মৃতদেহ পরীক্ষকের (প্যাট্রিক মার্ফি) সঙ্গে দেখা করেছে। তারপর সিদ্ধান্ত নেয়া হয়েছে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মৃতদেহ রেখে দেয়ার” ---- জানিয়েছেন পুলিশের এক জন মুখপাত্র। টক্সিকোলজি ও হিস্টলজি (শরীরের কোষ পরীক্ষা) সম্পর্কে কার্ল অ্যাঞ্জেল নামের সেই মুখপাত্রের বক্তব্য, “আমরা এখনো এসব পরীক্ষার ফল হাতে পাইনি। কবে হাতে পাবো তা -- ও জানাতে পারছি না। তবে যখনই আমাদের হাতে এসে পড়বে আমরা মিডিয়াকে তা জানাবো।”
পরীক্ষার সামনে দাঁড়াতে হয়েছে পাকিস্তানের ক্রিকেটারদেরও। শুক্রবার তাদের ডিএনএ টেস্ট করা হয়েছে। পিসিবি’র চেয়ারম্যান নাসিম আশরাফ জানাচ্ছেন, “গত ক’দিনের ঘটনায় খেলোয়াড়দের মানসিক যন্ত্রণা ও বৈকল্যের ভেতর দিয়ে যেতে হচ্ছে।” আর সেজন্যই তাদেরকে যত দ্রুত সম্ভব দেশে ফিরিয়ে আনার চেষ্টা করছেন পাকিস্তানের ক্রিকেট কর্মকর্তারা। কিন্তু সেখানেও সমস্যা। লন্ডন থেকে পাকিস্তানে ফেরার বিমানের টিকেট পাওয়া যাচ্ছে না। তাই লন্ডন থেকে একটা বিমান ভাড়া করে ক্রিকেটারদের দেশে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে।
