ভারত গেল বিশ্বকাপ বাণিজ্যকে সঙ্গে নিয়ে
রাহুল দ্রাবিড়কে পদত্যাগের জন্য খুব পীড়াপীড়ি চলল। সরাসরি তো আর বলা যায় না তুমি পদত্যাগ করো, কিন্তু আকারে --- ইঙ্গিতে যতভাবে দাবিটা তোলা যায় ততভাবেই ভারতীয় সাংবাদিকরা দাবিটা করে গেলেন। দ্রাবিড় তবু অবিচল থাকলেন,“হ্যা। আমি দায়িত্ব নিচ্ছি, কিন্তু এখনই এসবের সময় নয়।” এবং আর সবার সঙ্গে দ্রাবিড়ও একমত হলেন, ’৭৫ এর পর এটাই ভারতের সবচেয়ে বাজে বিশ্বকাপ। এর ফলে ভারতের ক্রিকেটে ব্যাপক একটা পরিবর্তন আসা উচিত।
একের পর এক বাউন্সার ছুটে যাচ্ছে দ্রাবিড়ের দিকে। দ্রাবিড় কখনো ডাক করছেন, কখনো ফরোয়ার্ড ডিফেন্সিভ, এক --- দুবার আক্রমনাত্মক ঢংয়ে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করলেন বটে, কিন্তু দ্রাবিড়ের আক্রমনাত্মক শট যেমন জমে না, এগুলো তেমন জমল না। শচীন টেন্ডুলকার --- বীরেন্দর শেবাগ হলেও জমত না। এটা ভারতীয় ক্রিকেটের এমন কালো একদিন যে এদিন প্রকাণ্ড বীরপুরুষকেও কাপুরুষের মতো দেখাবে স্বাভাবিক। আর দ্রাবিড় তো এমন বীরত্ব কিছু দেখাননি। ইনিংসে সর্বোচ্চ রান করেছেন বটে, কিন্তু হেরে যাওয়া ম্যাচের রান অচল পয়সার মতোই অচল। কাজেই দ্রাবিড়ের ওপর তোপ চলতেই থাকল। সংবাদ সম্মেলনগুলোর সাধারণ একটা দৈর্ঘ্য আছে। সেই দৈর্ঘ্য কখনো পেরিয়ে গেছে। কিন্তু প্রশ্নের বাণ আর থামে না।
ম্যাচ শেষ, মানে ভারতের হার নিশ্চিত হওয়ার পর টিভিতে ক্লোজ আপে শচীন টেন্ডুলকারকে দেখাচ্ছিল। দাঁত দিয়ে নখ কামড়ান, এদিন সেটা এত বেশি যে কেউ একজন রসিকতা করলেন,“ বোধহয় আজ পুরো হাতটাই কামড়ে খেয়ে ফেলবে।” কথাটা শুনলে টেন্ডুলকার কী বলতেন! কী প্রতিক্রিয়া হতো তার! আজ বোধহয় মাথা নীচু করে শুনতেন। উপায় নেই। নিয়তি আর কর্মফল তাকে এমন জায়গায় ঠেলে দিয়েছে যে বিশ্বসেরা ব্যাটসম্যান আজ বড় রিক্ত। এত অফুরান অর্জনের ভান্ডার কিন্তু আজ তিনি ভীষণ নিঃস্ব। ভরপুর ভারতীয় গ্যালারিতে তখন শ্মশানের নিস্তব্ধতা। এর মধ্যে ব্যানার দিয়ে চলছে ক্ষোভ আর হতাশার প্রকাশ। কে একজন যেন পোর্ট অফ স্পেন নামটাকে বদলে লিখে রেখেছে,“ পোর্ট অব সুইসাইড ফর ইন্ডিয়া।” আরেকজনেরটা ভাষা আরও পরিহাসময়,“উইশ ইউ এ সেফ রিটার্ন।” হ্যা, এই পরিহাসেরও মানে আছে। সেফ রিটার্ন হবে কিনা তা নিয়ে দ্রাবিড়ও চিন্তিত। মানুষের ক্ষোভকে অশ্রদ্ধা করার মুখ তার নেই, সেটার প্রতি সহমর্মী হয়ে অনুরোধের সুরেই যেন বললেন,“আমি আশা করবো খেলোয়াড়রা সবাই শারীরিকভাবে নিরাপদ থাকবে।” এর মধ্যেই শোনা গেলো গ্রেগ চ্যাপেলও মিডিয়ার মুখোমুখি হতে আসবেন। বিশ্বকাপে ম্যাচোত্তর সংবাদ সম্মেলনটা বরাদ্দ শুধু অধিনায়ক এবং ম্যান অফ দি ম্যাচের জন্য। সেখানে গ্রেগ চ্যাপেল কেন? কেউ কেউ ধরে নিলেন ব্যর্থতার দায়ভার কাঁধে নিয়ে হয়ত বীরের মতো সরে দাঁড়াবেন গ্রেগ চ্যাপেল। কোথায় বীর আর কোথায় গ্রেগ চ্যাপেল! দুটোকে যে কোনোভাবে মেলানো চলে না তার আরেকটা প্রমাণ দিতেই যেন ভারতীয় স্বপ্নের কফিন পায়ে দলে তিনি এলেন। তিনি সরে দাঁড়াবেন কিনা, তার কতোটা দায়, কেন ভারতের এরকম বারবার হয়, এসব বেশিরভাগ প্রশ্নেই কূটনীতিকদের মতো বললেন, “এটা এসব বলার ফোরাম নয়। ভারত ভালো খেলেনি তাই হেরে গেছে।” আর গভীরে যেতে চান না তিনি। যত কঠিন প্রশ্ন, তত তিনি বিরক্তিকর। যত ভারতীয়রা অন্তরের আবেগ প্রকাশ করতে চায় তত তিনি ক্রিকেট কুটনীতির বর্ম খোঁজেন। সাধারণ একটা বিশ্বাস যে সৌরভ গাঙ্গুলীর স্বপ্নে সাজানো সোনার সংসারটা এই লোকের হাতে পড়েই ভেঙ্গে খান --- খান হয়েছে। এই সংবাদ সম্মেলনে আবার মনে হলো সত্যিই হ্যামিলনের বংশীবাদকের মতো ভারতীয় দলকে পতনের দিকে টেনে নিয়ে গেছেন তিনি। যে দলটির ব্যাটিং বিশ্বসেরা, তারা এক বারমুডা ছাড়া বাকি দুই ম্যাচে দুশোর ঘরই পেরুতে পারেনি। সৌরভের জমানায় যে ভারতীয় দল ওয়ানডেতে অস্ট্রেলিয়ার শ্রেষ্ঠত্বকে চ্যালেঞ্জ করছিল, সেই ভারত এবার ক্রিকেটের সেরা ৮ দলেই নেই। অংকের হিসাবে এখনও আছে বটে, কিন্তু দ্রাবিড় বা ভারতীয়রা সেসব হিসাবে আর খুব যেতে চাচ্ছে না। বারমুডা যদি বাংলাদেশকে হারায় তাহলে ভারত --- বাংলাদেশ --- বারমুডা তিন দলের পয়েন্ট হবে সমান, দুই এবং তখন রানরেট হবে বিবেচ্য, আর তখন ভারত চলে যাবে রানরেটের সুবিধা নিয়ে। কিন্তু এই পারফরম্যান্সের পর দ্রাবিড় নিজেই মনে করেন না যে অংকের ফেরে হলেও ভারতের পরের রাউন্ডে যাওয়া উচিত। সোজা ভাষায় বললেন,“আমি মনে করি না যে আমরা পরের রাউন্ডে যাওয়ার মতো খেলা খেলেছি।” এবং নিজের বিশ্বকাপ মিশন শেষ ধরে দ্রাবিড় বলে দিলেন,“আমি পদত্যাগ করবো কী! আমি তো এখন আর অধিনায়কই নই। বিশ্বকাপ পর্যন্ত আমি অধিনায়ক ছিলাম, সেটা তো আজ শেষ হয়ে গেলো!”
জগমোহন ডালমিয়ার মাথা থেকেই ক্রিকেট বিশ্বায়নের তত্ত্বটা প্রথম বেরোয়। তত্ত্বটা হয়ত ধুরন্ধর ডালমিয়া প্রথম বাজারজাত করেন, কিন্তু ক্রিকেটের প্রানভোমরা যে ভারতের মাটিতে নিহিত সেটার জন্য ধুর্ত কিংবা বুদ্ধিমান হওয়ার দরকার নেই। এই বিশ্বকাপের মাঠগুলোতে যত বিজ্ঞাপন আর বিলবোর্ড তার সিংহভাগই তো ভারতীয়দের। হাচ, ইন্ডিয়ান অয়েল, হিরো হোন্ডা এসব এরপরও বিশ্বকাপে থাকবে, থাকবে না শুধু ভারত। ওদের বিলবোর্ডগুলো মাঠে প্রদর্র্শিত হয়ে ভারতের সাধারণ ক্রিকেটমানসকে রক্তাক্ত করেই যাবে বিশ্বকাপভর। টেন্ডুলকারের শুন্য রানে বোল্ড হয়ে যাওয়া এবং নখ দিয়ে দাঁত কাটতে থাকার ছবি ভারতীয় ক্রিকেটের চিরকালীন অপমানের দৃশ্য। ‘পোর্ট অফ সুইসাইড’ বা ‘সেফ রিটার্ন’ জাতীয় বিলবোর্ডে তার কিছু কিছু বেরিয়েছে, কিন্তু বেশিরভাগগুলোই রয়ে গেছে মনের ভেতরে। অনন্ত বেদনার আগ্নেয়গিরি হয়ে।
অনেকের দাবি ছিল, তবু বব উলমারের মৃত্যুতে বিশ্বকাপ থামেনি। ভারতের বিদায়সত্ত্বেও বিশ্বকাপ তার গতিতেই চলবে। কেউ একজন চ্যাম্পিয়ন। কেউ সেরা খেলোয়াড়। কিন্তু যে দেশের পূজার ফুল ক্রিকেট, যে দেশের মানুষ ক্রিকেটবুভুক্ষু বলেই ক্রিকেট দাপট নিয়ে বিশ্বময় ঘুরে বেড়ায়, বিশ্বকাপ থেকে তাদের এভাবে বিদায় নেয়া বোধহয় একটু বেশি নিষ্ঠুরতাই হয়ে যায়। কিন্তু নিষ্ঠুরতাটা কে দেখাল! বিশ্বকাপ নাকি তারা নিজেরা! বিশ্বকাপ তো ওদের ঠেলে বের করে দেয়নি, যদি কেউ নিজের পায়ে কুড়াল মারে তাহলে নিশ্চয়ই পাড়া --- পড়শীকে দায়ী করা যায় না! ওরা কেন কুড়ালটা ওর হাত থেকে কেড়ে নেয়নি।
পরশু রাতে ভারতীয় রেস্টুরেন্টে দেখা হলো শিকাগো থেকে আসা কিছু ভারতীয়র সঙ্গে। তাদের একজন এখনও অংকের ওপর আশার হাড়ি চাপিয়ে বসে আছেন। বারমুডা বাংলাদেশকে হারাবে, তারপর ভারতমুখী সব ঘটনা ঘটে ভারতের জন্য আরেকটা লাইফ --- লাইন হবে। এমন আরও অনেকে প্রস্তুতি নিয়ে তৈরি হচ্ছিলেন বার্বাডোজে যাবেন, কিংবা অ্যান্টিগায়। পুরো ক্রিকেট বাণিজ্যই ভারতের বিদায়ে এমন মুখ থুবড়ে পড়ছে যে এই বিশ্বকাপ দিয়ে ওয়েস্ট ইন্ডিজের বাণিজ্য হলো না! হ্যা, বাণিজ্য! ওটাই বোধহয় ভারতীয় ক্রিকেটের পতনের বীজ। স্পনসররা যেমন বাণিজ্যমুখী, খেলোয়াড় --- কর্তারাও তাই হবেন স্বাভাবিক। কাজেই ক্রিকেটের আগে ওদের কাছে স্পনসরশিপ, খেলার আগে অর্থ। এবং এসব ভাবতে ভাবতে মনে হচ্ছে, সেই পুরনো প্রবাদটা ভারতীয় ক্রিকেটের জন্য আবার কেমন নতুন হয়ে উঠেছে।
