২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সহজ জয় দিয়ে সুপার এইটে ইংল্যান্ডও

“এই রান তাড়া করেও যদি না জিততে পারে ইংল্যান্ড, তাহলে ওদের সুপার এইটে যাওয়ারই কোনো দরকার নেই” --- ম্যাচের মাঝবিরতির সময় রসিকতা করে এমন কথাও বলতে শোনা গেছে বব উইলিসকে। বৃষ্টির কারণে সংক্ষিপ্ত হয়ে ৪৩ ওভারে নির্ধারিত ম্যাচে অল আউট হওয়া কেনিয়ার কাছে ১৭৭ রান ভদ্রস্থ হলেও ইংল্যান্ডের কাছে সেটা একেবারেই মামুলি। এবং ১০ ওভার হাতে রেখে ৩ উইকেট হারিয়ে এই রান টপকে মাইকেল ভনের দল সেটা প্রমাণও করেছে। ৭ উইকেটের এই জয় দিয়ে ‘সি’ গ্র“প থেকে নিউজিল্যান্ডের পর শেষ আটের চৌকাঠ পেরিয়েছে ইংল্যান্ডও।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2007, 03:52 PM

Updated : 26 Apr 2022, 02:09 PM

যদিও তাদের ইনিংসের শুরুতে কিছুটা হলেও হোঁচট খাওয়ার আভাস ছিল। দলকে ১২ রানে রেখেই অধিনায়ক মাইকেল ভন (১) পিটার ওনগোন্ডোর শিকারে পরিণত হয়ে ফিরে যান। ইয়ান বেলও (১৬) ফিরে যান দ্রুতই। কিন্তু ওপেনার এড জয়েস আর কেভিন পিটারসেনের ১০৩ রানের তৃতীয় উইকেট পার্টনারশিপ অনায়াস জয়ের পথ দেখায় ইংলিশদের। টিকোলোর বলে বোল্ড হওয়ার আগে ৭৫ রানের ধৈর্য্যশীল ইনিংস খেলার পুরস্কার হিসেবে ম্যান অফ দি ম্যাচ হয়েছেন জয়েসই। ৯০ বলের ইনিংসে নয়টি বাউন্ডারির সঙ্গে একটি ছক্কাও ছিল তার ইনিংসে। তিনি আউট হয়ে গেলেও পিটারসেন অপরাজিত ছিলেন ৫৬ রানে।

এর আগে বিশ্ব ক্রিকেটের অনালোকিত তারকার ব্যাটে আলোর ঝলকই দেখেছে সেন্ট লুসিয়ার বোশেজো স্টেডিয়াম। শচীন টেন্ডুলকারের মতো খুব সম্ভবত এটাই তার শেষ বিশ্বকাপ। রোববার বাংলাদেশ বারমুডাকে হারিয়ে দিলে ভারতের বিশ্বকাপ শেষ। এবং শ্রীলঙ্কা ম্যাচই হয়ে থাকবে শচীনের শেষ বিশ্বকাপ ম্যাচও। ওই ম্যাচে দলের প্রয়োজনে তার অবদান কী, সেটা সবারই জানা। কাকতালীয় কিছু ঘটেনি বলে এই ইংল্যান্ড ম্যাচটাই স্টিভ টিকোলোরও শেষ বিশ্বকাপ ম্যাচ। এই ম্যাচে তিনি যেমন খেললেন, তাতে প্রচারের আলো না পাওয়া এই ব্যাটসম্যানের বিদায়কে রাজকীয়ই বলতে হয়। দলের ব্যাটসম্যানদের ব্যর্থতায় একাই লড়ে গেছেন তিনি। এবং তার অষ্টম বিশ্বকাপ ফিফটিতে ভর করেই কেনিয়ার ইনিংস পৌছাতে পেরেছিল ১৭৭ রানে।

এর প্রায় অর্ধেকই টিকোলোর অবদান। এই বিশ্বকাপে কেনিয়ান অধিনায়কের দ্বিতীয় ফিফটি ৭৬ রানের। সবমিলিয়ে এটা তার ওয়ানডে ক্যারিয়ারের ২০ তম ফিফটি। ৮ বাউন্ডারি দিয়ে সাজানো তার ৯৭ বলের ইনিংসটা শেষ হয়েছে অ্যান্ড্রু ফ্লিনটফের ইয়র্কারে। এর আগে ইনিংস মেরামতে কেবলই সঙ্গী হারা হতে থাকা টিকোলোর শেষ ভরসা টমাস ওদোয়োকেও (৪) এলবিডাবি¬উর ফাঁদে ফেলা ফ্লিনটফ ৩৫ রান খরচায় নিয়েছেন এই দুটো উইকেট।

তবে প্রথম আঘাতটা হানেন জেমস অ্যান্ডারসন। তার জোড়া আঘাতে এমনিতেই টালমাটাল হয়ে পড়েছিল কেনিয়ার ইনিংস। এই ইংলিশ পেসার দ্রুতই ফিরিয়ে দেন দুই কেনিয়ান ওপেনারকে। রবিন্দু শাহকে (৪) বোল্ড করেছেন। আর মরিস ওমাকে (১৩) পল কলিংউডের ক্যাচ বানানোর সময় কেনিয়া ২ উইকেটে ৩৫ রান। ২৭ রানে ২ উইকেট পাওয়া অ্যান্ডারসনের সাফল্যের ধারাবাহিকতাই বজায় রেখেছেন ফ্লিনটফ এবং কলিংউডরা (২/৩৩)। বিপর্যয় থেকে তাই দলকে টেনে তোলার লড়াইয়ে ক্রমেই নিঃসঙ্গ হয়ে পড়ছিলেন কেনিয়ান অধিনায়ক স্টিভ টিকোলো। তাই দলের ইনিংসকে সন্মানজনক রুপ দেওয়ার জন্য একাই লড়ে যেতে হয়েছে তাকে। টনি সুজি (১৪), তন্ময় মিশ্র (০) ও কলিন্স ওবুয়াদের (১০) কেউই দলের প্রয়োজনে অধিনায়কের যোগ্য সঙ্গী হতে পারেননি। সেকারণেই টিকোলোর ৭৬ রানের পর কেনিয়ান ইনিংসের ব্যাট থেকে আসা দ্বিতীয় সর্বোচ্চ ১৭ রান জিমি কামান্ডের। এর চেয়েও বেশি ২২ রান এসেছে অতিরিক্ত খাত থেকে!

কেনিয়া : ৪৩ ওভারে ১৭৭/১০ (মরিস ওমা ১৩, রবিন্দু শাহ ৪, স্টিভ টিকোলো ৭৬, তন্ময় মিশ্র ০, কলিন্স ওবুয়া ১০, টনি সুজি ১৪, টমাস ওদোয়ো ৪, জিমি কামান্ডে ১৭, ওনিয়াঙ্গো ১০, ওনগোন্ডো ৩, ভারাইয়া অপরাজিত ৪, অতিরিক্ত ২২, অ্যান্ডারসন ২/২৭, মাহমুদ ১/৩৯, ফ্লিনটফ ২/৩৫, বোপারা ০/৭, কলিংউড ২/৩৩, পানেসার ০/২৮) 

ইংল্যান্ড : ৩৩ ওভারে ১৭৮/৩ (এড জয়েস ৭৫, মাইকেল ভন ১, ইয়ান বেল ১৬, কেভিন পিটারসেন অপরাজিত ৫৬, পল কলিংউড অপরাজিত ১৮,অতিরিক্ত ১২, ওদোয়ো ১/২৭, ওনগোন্ডো ১/৩১, টিকোলো ১/১৮)