আকিব জাভেদকে পাকিস্তানের কোচ করা উচিৎ : ইমরান
“বড় ভুল সময়ে জন্ম”....এই আক্ষেপ নিয়েই তার খেলোয়াড়ি জীবনের বেশিরভাগ সময় কেটেছে। ওয়াসিম আকরাম ও ওয়াকার ইউনিসের জন্য যে আকিব জাভেদকে ক্যারিয়ারের একটা বড় অংশই কাটাতে হয়েছে মাঠের বাইরে বসে! তবে পাকিস্তানের এই সাবেক পেসার তার নতুন ভূমিকা অর্থাৎ কোচ হিসাবে দারুণ সফল। সেই সাফল্যের মুর্চ্ছনায় স্বয়ং ইমরান খানও মুগ্ধ। পাকিস্তানের ’৯২ বিশ্বকাপ জয়ী দলের অধিনায়কের মুগ্ধতার মাত্রা এতটাই যে সদ্য প্রয়াত বব উলমারের উত্তরসূরী হিসাবে আকিব জাভেদকে দেখতেই তিনি আগ্রহী।
তার (আকিব জাভেদের) অধীনে পাকিস্তান দুটো যুব বিশ্বকাপের শিরোপা জিতেছে। আর তাই পাকিস্তানের কোচ হিসাবে তাকেই বেছে নেয়া উচিৎ”---- ইমরানের অভিমত।
অবশ্য এত তাড়াতাড়ি পরবর্তী কোচ সম্পর্কে মতামত দেয়ার কথা কল্পনাও করতে পারেননি তিনি। সারা ক্রিকেট দুনিয়ার মতো ইমরানও উলমারের দুঃখজনক ঘটনায় এখনো স্তম্ভিত। উলমারকে হত্যা করার কথা যেন বিশ্বাসই হতে চাইছে না তার, “আমি ভেবেছিলাম তার (উলমারের) স্বাভাবিক মৃত্যু হয়েছে। তাকে হত্যা করার কথা জানতে পেরে আমি ভীষণই বিস্মিত। বুঝতেই পারছি না তাকে হত্যা করার কি কারণ থাকতে পারে! শুধু সময়ই বলে দেবে তার মৃত্যুর জন্য কে দায়ী। তবে কেন তাকে এক জন হত্যা করতে চাইবে তা আমার কাছে ধাঁধার মতোই মনে হচ্ছে।”
উলমারের মৃত্যুতে শোক প্রকাশের পাশাপাশি পাকিস্তান ক্রিকেটের বর্তমান বেহাল দশার জন্য এক জনকেই দুষেছেন ইমরান। তিনি হলেন পাকিস্তানের প্রেসিডেন্ট ও পিসিবি’র প্রধান পৃষ্ঠপোষক পারভেজ মোশাররফ। “১৯৯৯ সাল থেকে মোশাররফ পিসিবি’র চার জন চেয়ারম্যান বদল করেছেন। কিন্তু এখনো তার কোন সুফল আমরা পাইনি। পাকিস্তান ক্রিকেট সাংবিধানিক ও গণতান্ত্রিক ভিত্তিতেই চলা উচিৎ”----- সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার ইমরানের মন্তব্য।
