ভারতকে হারিয়ে বাংলাদেশকে এগিয়ে দিলো শ্রীলংকা
বাংলাদেশের জন্য কাজটা খুবই সহজ। এখন শুধু বারমুডাকে হারালেই বিশ্বকাপের শেষ আটে পৌঁছে যাবে হাবিবুল বাশারের দল। রান রেটের কঠিন হিসেবে আর মাথা ঘামানোর দরকার নেই তাদের। কারণ, শুক্রবার শ্রীলংকা ৬৯ রানে হারিয়ে দিয়েছে ভারতকে। তার মানে, ’৮৩ - র চ্যাম্পিয়ন ভারতের জন্য ২০০৭ বিশ্বকাপ এখানেই হয়তো শেষ। ‘হয়তো’ বলতেই হচ্ছে, কেননা, এখনো বারমুডা -- বাংলাদেশ ম্যাচের সুতোয় ঝুলে আছে তাদের ভাগ্য। রোববারের ওই ম্যাচে বাংলাদেশ প্রত্যাশিত জয় পেলে সেই সুতোও ছিড়বে, স্বপ্ন পূরণ হবে হাবিবুলদের।
শুক্রবার রাহুল দ্রাবিড়ের আমন্ত্রণে ব্যাট করতে নেমে শ্রীলংকা ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে করেছিল ২৫৪ রান। শুরুতে চ্যালেঞ্জিং এ স্কোরকে ভালোভাবেই তাড়া করার আশা জাগালেও একবার খেই হারানোর পর আর পথে ফিরতে পারেনি ভারত। বীরেন্দর শেবাগ (৪৮) আর রাহুল দ্রাবিড় (৬০) ছাড়া টপ অর্ডারে রবীন উথাপ্পা (১৮), সৌরভ গাঙ্গুলী (৭), শচীন টেন্ডুলকার (০), যুবরাজ সিং (৬), মহেন্দ্র সিং ধোনিরা (০) নিয়মিত বিরতিতে প্যাভিলিয়নে ফিরতে থাকলে ৪৩.৩ ওভারে ১৮৫ রানেই অল আউট হয়ে গেছে তারা। ৪১ রানে ৩ উইকেট নিয়েছেন মুত্তিয়া মুরালিধরন। চামিন্ডা ভাসও কম যাননি। ৩৯ রানে ২ উইকেট নিয়েছেন বাঁ -- হাতি এই ফাস্টবোলার। একটি করে উইকেট পেয়েছেন মালিঙ্গা, দিলশান, জয়াসুরিয়া আর ফার্নান্ডো।
শ্রীলংকান বোলারদের প্রথম তিনটি সাফল্যের দুটোর কৃতিত্বই তাদের ফিল্ডিং দক্ষতার। তাই দলের স্কোর ২৫ -- এ রেখে চামিন্ডা ভাসকে সজোরে ব্যাক ড্রাইভ করতে গিয়ে তারই দুর্দান্ত ক্যাচের শিকার হতে হয় উথাপ্পাকে। শেবাগের সঙ্গে জুটিটাকে জমিয়ে তোলার অবস্থায় নিয়েও তাই ভাসের বলই উড়িয়ে মারতে গিয়ে মুরালির অসাধারণ ক্যাচের বলি হতে হয় সৌরভকে। টেন্ডুলকার অবশ্য প্রথানত ফার্নান্ডোর গতি আর বাকিটা দুর্ভাগ্যের শিকার। বাংলাদেশের ম্যাচের মতো এবারও ‘প্লেড অন ’ হয়েছেন তিনি। টেন্ডুলকারের বিদায়ের পর ৫৪ রানের জুটি গড়ে উঠেছিল শেবাগ আর দ্রাবিড়ের মধ্যে। কিন্তু শেবাগকে মুরালি জয়াবর্ধনের ক্যাচ বানানোর পর থেকে বলার মতো কোনো জুটিই পায়নি ভারত।
এর আগে খোড়াতে থাকা শ্রীলংকানদের ইনিংসটা গতি পেয়েছিল ৩৫তম ওভারের পরে। ১৩৩ রানে চার উইকেট হারানোর পর পঞ্চম উইকেটে চামারা সিলভা (৬৮ বলে ৫৯) আর তিলকরতেœ দিলশানের (৪১ বলে ৩৮) ৮৩ রানের জুটিটাই পথ দেখায় তাদের। মুনাফ প্যাটেল ও জহির খানের পর পর দুটি ওভারে তারা ফিরে গেলে একটা ধাক্কা খায় শ্রীলংকা। উইকেটের পিছনে ক্যাচ দিয়েছেন তারা দুজনই। তবে চামিন্ডা ভাস ও রাসেল আরনল্ড মিলে সে ধাক্কা ভালোই সামাল দিয়েছেন। ৪৮তম ওভারে ম্যাচের প্রথম ছক্কাটি মারেন ভাসই। শেষ দিকে তার ১২ বলে আর আরনল্ডের ১৩ বলে হার না মানা ১৯ রানের ইনিংসের কল্যাণেই আড়াইশ পেরিয়েছে শ্রীলংকা।
এর আগে ভারতের বোলাররা শ্রীলংকার ব্যাটসম্যানদের উইকেটে জমার সুযোগই দেননি খুব একটা। নিয়মিত বিরতিতে উইকেট ফেলে আটকে রাখেন জয়াসুরিয়া. জয়াবর্ধনে.সাঙ্গাকারাদের। একপ্রান্তের প্যাভিলিয়নমুখী মিছিলের মধ্যে ব্যতিক্রম ছিলেন কেবল থারাঙ্গা, ৬৪ রান করতে ৯০ বল খেলেছেন তিনি। কিন্তু ছয়টি বাউন্ডারিতে সাজানো ওই ইনিংসটাই ম্যাচে ধরে রাখে লংকানদের।
সকালে ধীরে সুস্থে, দেখেশুনেই ইনিংসটা শুরু করেছিলেন জয়াসুরিয়া আর থারাঙ্গা। যখন তারা কেবল ঝড় তোলার ইঙ্গিত দিচ্ছেন, তখনই, সপ্তম ওভারের শেষ বলে জয়াসুরিয়াকে ফিরিয়ে দিয়ে ভারতকে প্রথম সাফল্য উপহার দিয়েছিলেন জহির খান। থার্ডম্যানে অজিত আগারকারকে ক্যাচ দিয়ে বিদায়ের আগে জয়াসুরিয়া ২৩ বলে করেন ৬ রান। তার বিদায়ের পর উইকেটে আসা শ্রীলংকান অধিনায়ক ৭ রান করে হয়েছেন উইকেটের পিছনে মহেন্দ্র ধোনির দুর্দান্ত এক ক্যাচের শিকার। বোলার ছিলেন আগারকার।
এই জোড়া আঘাতের পর থারাঙ্গার সঙ্গে সাঙ্গাকারার জুটিটা বেশ জমে উঠেছিল। তবে সেটা বিপজ্জনক হয়ে ওঠার আগেই সৌরভ গাঙ্গুলীর হাতে বল তুলে দিয়ে একটা জুয়া খেলেন এবং সে জুয়ায় জিতেও যান ভারত অধিনায়ক রাহুল দ্রাবিড়। নিজের দ্বিতীয় ওভারেই উইকেট নিয়ে নেন ব্যাট হাতে দারুণ ফর্মের প্রমান রাখা ‘মহারাজ’। লং অন দিয়ে উড়িয়ে মারতে গিয়ে বাউন্ডারি লাইনে মুনাফ প্যাটেলের ক্যাচ হয়ে ফিরে যান সাঙ্গাকারা (১৫)।
সৌরভের চেয়ে শচীন টেন্ডুলকার ছিলেন আরেক কাঠি এগিয়ে। ম্যাচে তার দ্বিতীয় বলেই ইনিংসের সর্বোচ্চ স্কোরার থারাঙ্গা এলবিডব্লু । ১৩৩ রানে ৪ উইকেট হারানো ’৯৬ --- এর চ্যাম্পিয়দের হাতে তখন ৬ উইকেট আর ১৭.৪ ওভার। পরে আর মাত্র দুটো উইকেট হারিয়ে তারা ১২৪ রান যোগ করে দুশ্চিন্তা বাড়িয়ে দেয় ভারতীয়দের।
ভারতের সফলতম বোলার জহির খান। ৪৯ রানে ২ উইকেট নেন তিনি। বাকি চার উইকেট নিজেদের মধ্যে ভাগ করে নেন আগারকার, প্যাটেল, সৌরভ আর টেন্ডুলকার।
