হাবিবুলদের স্তব্ধ করে দেওয়া এক দুঃসংবাদ
ভারতের বিপক্ষে ম্যাচের আগে শেষ প্রস্তুতি সারার চিন্তা নিয়েই শুক্রবার সকালে ঘুম ভাঙ্গে হাবিবুল বাশারদের। কিন্তু শেষ পর্যন্ত এটা তাদের জন্য ভীষণ মন খারাপ করা একটা সকালই হয়ে থাকছে।
বাংলাদেশ দলের মিডিয়া ম্যানেজার রাবিদ ইমামের কাছ থেকে সাতসকালেই যে জেনেছেন, তাদের প্রিয় মানজারুল ইসলাম রানা আর নেই! সকাল সাতটায় এই খবর পাওয়ার পর থেকে পোর্ট অফ স্পেনের হোটেলে বাংলাদেশ দলের সদস্যদের একেকটি স্তব্ধ মুখের দেখাই মিলছিল কেবল। নিয়ত যা তাদের অনিঃশেষ মনোবেদনার অনুবাদ করে চলছিল।
বাক হারানো ক্রিকেটারদের পক্ষ থেকে অনেক কষ্টেসৃষ্টে মুখ খুলতে পেরেছেন কেবল বাংলাদেশ দলের অধিনায়ক হাবিবুল বাশার,“ রানা আমাদের সবার কাছেই কতোটা যে প্রিয় ছিল তা বলে বোঝানো যাবে না। এতো অল্প বয়সে ওর মতো একজন তাজা তরুণকে হারানোটা কিছুতেই মেনে নিতে পারছি না।দেশের ক্রিকেটকে অনেক কিছুই দেয়ার ছিল তার।”
