টিকোলোর ব্যাটে সহজ জয় দিয়েই বিশ্বকাপ শুরু কেনিয়ার
সকালে টস জেতার হাসিটা শেষ বিকেলেও স্টিভ টিকোলোর মুখে লেগে থাকল সেন্ট লুসিয়ায়। আর সেটা গত বিশ্বকাপের সেমিফাইনালিস্টদের জয় দিয়ে আরেকটা বিশ্বকাপ শুরুর হাসি। কানাডার ছুঁড়ে দেওয়া ২০০ রানের টার্গেট তারা টপকে গেছে ৪৩ দশমিক ২ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে। অর্থাৎ ৭ উইকেটের অনায়াস জয়।
এই সহজ জয়ের পথটা আসলে দেখিয়ে গিয়েছিলেন ওপেনার মরিস ওমা। আর তার দেখানো পথ ধরে কেনিয়াকে গন্তব্যে পৌছে দিয়েছেন স্টিভ টিকোলো। এই দুজনকে জয়ের নায়ক ধরলে পার্শ্বচরিত্র তন্ময় মিশ্র। তাকে নিয়েই চতুর্থ উইকেটে ৮৪ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন টিকোলো।
কেনিয়ান ইনিংসের শুরুতে অবশ্য ওপেনার ডেভিড ওবুয়া (৪) এবং রবিন্দু শাহকে (৬) দ্রুতই ফিরিয়ে দিয়ে দুই ছোটো দলের লড়াই জমিয়ে তোলার ইঙ্গিতই দিয়েছিল কানাডা। কিন্তু ওই পর্যন্তই। অন্য ওপেনার মরিস ওমার সঙ্গে অধিনায়ক টিকোলো এসে জুটি বাঁধার পর থেকেই কানাডার আশার সলতে একটু একটু করে নিভে যেতে থাকে। তৃতীয় উইকেটে তাদের যোগ করা ৬৭ রান সহজ জয়ের পথই দেখাচ্ছিল কেনিয়াকে। ক্যারিয়ার সর্বোচ্চ ইনিংস খেলা ওমার আউটের পরও সেই পথ থেকে একটুও বিচ্যুত হয়নি গত বিশ্বকাপে হইচই ফেলে দেওয়া দলটা।
ক্যারিয়ারের দ্বিতীয় ওয়ানডে ফিফটি তো করেছেনই। সেই সঙ্গে এই কিছুদিন আগে দেশের মাটিতে বারমুডার বিপক্ষে খেলা তার ৫৭ রানের ক্যারিয়ার সর্বোচ্চ ইনিংসটাকে ছাড়িয়ে যাওয়ার পথে টিকোলোর মতোই সাত বাউন্ডারি ও একটি ছক্কা হাকানো ওমা ৮৯ বলে ৫৮ রান করে আউট হয়েছেন। সেসময় উইকেটে সেট হয়ে যাওয়া কেনিয়ার সেরা ব্যাটসম্যান টিকোলো এরপর তন্ময়কে (৩৫) নিয়ে নির্বিঘেœই পাড়ি দিয়েছেন বাকিটা পথ। শেষবিন্দুতে পৌছানোর সময় নিজের উনিশতম ওয়ানডে ফিফটিকে ৭২ রানে (৭৬ বলে) নিয়ে যাওয়া টিকোলো রানও করেছেন বলের সঙ্গে পাল্লা দিয়েই।
এর আগে কানাডার ইনিংসের দুশো ছুঁতে না পারার পেছনে কেনিয়ান বোলারদের অবদানের মাঝেও ভালোমতোই উঁকি দিচ্ছেন টিকোলো। বোশেজো স্টেডিয়ামে এদিন শুরুতেই কেনিয়ান পেসারদের বিপক্ষে অবলীলায় রান তুলতে থাকা কানাডার ব্যাটসম্যানদের আটকেছেন তিন স্পিনার। তাদের একজন টিকোলো নিজেও। তিনজনে ২৯ ওভার বল করে রান দিয়েছেন মাত্র ৭৮। অবশ্য এদের মধ্যে সবচেয়ে এগিয়ে থাকা নাম অবশ্যই বাঁ হাতি স্পিনার হীরেন ভারাইয়া। মাত্র একটা উইকেট পেয়েছেন। তবু তাকেই এগিয়ে রাখার কারণ বোঝাতে তুলে দিতে হচ্ছে তার বোলিং ফিগারটাই : ১০ --- ৩ --- ১৯ --- ১!
এরপরও শেষদিকে ধনিরামের ৩৫ বলে অপরাজিত ৩৪ রানে দুশো ছুঁতে যাচ্ছিল কানাডার ইনিংস। কিন্তু শেষ ব্যাটসম্যান ওসিন্ডে ইনিংসের শেষ বলে দু রান নিতে ছুটে রান আউট হওয়াতেই ১৯৯ রানে থেমে যায় কানাডা। রান আউট আছে আরো দুটো। তাই ম্যাচ শেষে টিকোলো বেশ আনন্দের সঙ্গেই বলতে পারলেন, “এই জয় দারুণ দলীয় প্রচেষ্টার ফল।”
তবে ওই দলীয় প্রচেষ্টার মাঝে তার অলরাউন্ড পারফরম্যান্সের ঝলকও আছে। জিমি কামান্ডের (২/২৫) চেয়ে খরচটা একটু বেশি হলেও অফস্পিনে ৩৪ রানে দুই উইকেট তাকে ম্যাচ সেরার পুরস্কারটাও এনে দিয়েছে। এজন্য দিনের শেষে তার হাসি আরো চওড়া হলেই বরং বেশি মানাতো।
সংক্ষিপ্ত স্কোর
কানাডা : ৫০ ওভারে ১৯৯/১০ ( বারনেট ৪১, সামাদ ১৫, বাগাই ১৯, বিলক্লিফ ৩৪, ডেভিসন ৮, কায়সার ৬, মোল¬া ২৫, ধনিরাম অপরাজিত ৩৪, ভাট্টি ১, কামিন্স ১, ওসিন্ডে ১, অতিরিক্ত ১৪, ওদোয়ো ১/৩২, ওনগোন্ডো ১/৫১, ওদিয়াম্বো ০/৩৩, ভারাইয়া ১/১৯, কামান্ডে ২/২৫, টিকোলো ২/৩৪)
কেনিয়া : ৪৩ দশমিক ২ ওভারে ২০৩/৩ ( ওমা ৫৮, ওবুয়া ৪, শাহ ৬, টিকোলো অপরাজিত ৭২, মিশ্র অপরাজিত ৩৫, অতিরিক্ত ২৮, ভাট্টি ১/৪৪, কামিন্স ১/৩২, ধনিরাম ১/৩৪)
