২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিরে আসুক ২৬ ডিসেম্বর

১৫ কোটি নাগরিকের প্রার্থনা আজ---মার্চেই ফিরুক ডিসেম্বর--২৬ ডিসেম্বর। হ্যাঁ ২৬, ১৬ নয়। ২০০৪ সালের ওই দিনই বিশ্ব ক্রিকেটের শিশু বাংলাদেশ হারিয়েছিল দৈত্য ভারতকে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2007, 06:02 PM

Updated : 26 Apr 2022, 02:08 PM

দৈত্যবধের ওই পাথেয় ট্যাঁকে গুঁজে নিয়ে এরপর আমরা হারিয়েছি দৈত্যরাজ অস্ট্রেলিয়াকে, এমনকি দৈত্য পরিবারের কোটাল শ্রীলঙ্কাও আমাদের বাণে হয়েছে কুপোকাত। আজকের চৈতালী রাতে হাবিবুলদের কল্যাণে যেন ফিরে আসে পৌষের ওই দারুণ বিকেল--- এ কামনায় অপেক্ষা করছে আজ গোটা ব--দ্বীপ। আমাদের জন্য এ শুধু জয় নয়, বাঘের গর্জন শোনানোর একটি উপলক্ষ--জিততে শেখা জাতির রণহুঙ্কার।

২৬ ডিসেম্বরের ওই জয় কী কেবল গ্রহ--নক্ষত্রের যোগ? পণ্ডিতেরা যে যাই বলুক, যারা খেলা দেখেছেন, তারা জানেন আগাগোড়ই জয়ী দলের মতো খেলেছে বাংলাদেশ। এখনকার ক্রিকেটের হিসেবে ২২৯ কে মামুলি পুঁজিই বলা যায়। আর ভারতে আছে বিশ্বকাঁপানো শেবাগ, গাঙ্গুলি, কাইফ আর ধোনি। ম্যাচটা কত তাড়াতাড়ি শেষ করে দেওয়া যাবে একথা ভেবে হয়তো মধ্যাহ্ন ভোজন একটু বেশিই মধুর লাগছিলো ভারতের।

ভারতীয় শিবিরকে বাস্তবে ফিরিয়ে আনতে অবশ্য খুব বেশি সময় নেননি মাশরাফি। দিনের প্রথম ওভারেই শূণ্য রানে তিনি ফিরিয়ে দেন শেবাগকে। স্কোরবোর্ডে পাঁচ রান জমা হতেই ফিরে যান যুবরাজ; এবারের ঘাতক তাপস। গাঙ্গুলি অবশ্য উইকেটে আঁকড়ে থাকতে জীবনপণ লড়েছেন, কিন্তু বিজয় রথ থামানোর সাধ্য ছিল না তার। তাকেও ফিরে যেতে হয় ২২ রান করেই। এরপর ৬৩ রানের জুটি গড়েন মোহাম্মদ কাইফ আর এস শ্রীরাম। কিন্তু শ্রীরামকে মোহাম্মদ রফিক ফিরিয়ে দেওয়ার পর শুরু হয় ভারতীয় খেলোযাড়দের আসা যাওয়ার মিছিল। আর হ্যাঁ, আলাদা করে বলতে হয় আফতাবের কথা। ব্যাট হাতে ম্যাচের সর্বোচ্চ ৬৭ ছাড়াও তার আঘাতেই রান আউট হয়ে যান ভারতের ‘মিস্টার ইলেভেন’ মুরালি কার্তিক। ৪৮ ওভার শেষ না হতেই গুটিয়ে যায় ভারত। অপরাজিত ৩১ রান আর ২ উইকেট নিয়ে ম্যাচসেরা হন মাশরাফি। ১৯৯৯ সালের ৩১ মে আরেক পরাশক্তি পাকিস্তানকে হারানোর পর উপমহাদেশ কাঁপানো আনন্দে মাতে বাংলাদেশ। কান পেতে ওই আনন্দ শুনেছে সারা দুনিয়াও।