চার সাবেক অধিনায়কের চোখে ভারত-বধের ছক
কোমরের চোট বিশ্বকাপে তার প্রথম ম্যাচই অনিশ্চিত করে দিয়েছিল প্রায়। সেজন্য আফতাব আহমেদ হয়তো ঝুঁকিটা নেবেন না। কিন্তু মোহাম্মদ আশরাফুলের তো আর সেই সমস্যা নেই। তাই আনন্দের আতিশয্যে তিনি আবার ডিগবাজি খাবেন মাঠেই। ২০০৪ সালের ২৬ ডিসেম্বর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ভারতকে হারানোর পর যেমনটা করেছিলেন। এবার শুধু জায়গাটার নাম বদলে হয়ে যাচ্ছে পোর্ট অফ স্পেনের কুইন্স পার্ক ওভাল। ভাগ্য গণনার ফল অন্তত তেমনই জানাচ্ছে। খোদ ভারতীয় জ্যোতিষীরাই ভারত --- বাংলাদেশ ম্যাচ ভাগ্যের রফা করে দিচ্ছেন এভাবে। এটা তাদের কাজ। তাই ভাগ্যের কথা তারা বলবেনই।
আর সেই ভাগ্য নির্মাণের কাজ হাবিবুল বাশারদের। সুপার এইটে খেলার লক্ষ্য পূরণে প্রথম ম্যাচের জয় এগিয়ে দেবে অনেক দূর। ভারত বধের ছকও এতোক্ষণে তাদের কাটা হয়ে যাওয়ার কথা। সেটা জানা না থাকলেও নিজেদের ক্রিকেটীয় বিচারবুদ্ধি দিয়ে ভারতকে হারানোর একটা ছক ঠিকই তৈরি করেছেন বাংলাদেশের চার সাবেক অধিনায়ক।
বাংলাদেশের প্রথম বিশ্বকাপ অধিনায়ক আমিনুল ইসলাম, আকরাম খান এবং রকিবুল হাসানের চেয়ে অবশ্য ভারত বধের ধারণাটা একটু বেশিই পরিষ্কার খালেদ মাহমুদের। ভারতের বিপক্ষে ১৫ রানের সেই জয়ে ৪০ রানে ২ উইকেট নিয়ে দারুণ ভূমিকা ছিল তার নিজেরও। ম্যাচের শেষ ওভারটায় বাংলাদেশ অধিনায়ক তার হাতেই বল তুলে দিয়েছিলেন। ওই ওভারে আফতাবের থ্রো তে ভারতের শেষ ব্যাটসম্যান মুরালি কার্তিকের রান আউটের মধ্য দিয়েই ক্রিকেট পরাশক্তি বধের রস আস্বাদন করেছিল বাংলাদেশ।
মাহমুদ মনে করেন আবারো তার পুনরাবৃত্তি ঘটতে পারে, যদি, “ব্যাটিং আর বোলিং --- দুটোর শুরুই খুব ভালো হতে হবে আমাদের। এই যেমন ব্যাটিং করলে শুরুতে বড়ো একটা পার্টনারশিপ হয়ে গেলে প্রতিপক্ষ চাপে পড়ে যাবে। বোলিংয়ের শুরুতে দ্রুত কিছু উইকেট চাই। ভারতকে চেপে ধরতে হলে এর বিকল্প নেই।”
তুলনায় আকরামের ছকটা খুব সাদাসিধে, “আমি বলব হাবিবুলদের ভারতকে নিয়ে চিন্তা করার কিছু নেই। ওরা কেবল নিজেদের নিয়েই ভাবুক। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং- সব বিভাগেই নিজেদের উজাড় করে দিক।” বিশেষ করে ব্যাটিংয়ে দুর্দান্ত শুরুর ঝলক দেখার দাবিও থাকছে তার বাংলাদেশ দলের প্রতি, “যতো যাই বলুন ওদেরকে একেবারে ভড়কে না দিতে পারলে খুব কঠিন হবে। সেজন্য আমি তামিমের দিকে তাকিয়ে থাকবো। টিকে থাকার পাশাপাশি ও যদি পাওয়ার প্লের সুবিধাটা আদায় করে নিতে পারে, তাহলে সেটা দলকে অনেক দূর এগিয়ে দেবে বলেই মনে হয় আমার।”
তামিম প্রশ্নে আকরামের সঙ্গে একমত আমিনুলও, “তামিম মাত্রই আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখলো। স্বাভাবিকভাবেই ওর দুর্বলতাগুলো জানা থাকবে না ভারতীয়দের। তামিমের বাজিমাত করার সুযোগ বেড়ে যাওয়ার এটাও একটা কারণ।” ভারতকে হারানোর ছক কাটতে গিয়ে কিছু কিছু ক্ষেত্রে বাংলাদেশকে প্রতিপক্ষের চেয়েও এগিয়ে রাখতে চাইছেন তিনি, “পাওয়ার প্লেতে ৩০ গজী বৃত্তে আমাদের দলের তরুণদের ওদের চেয়ে ভালো ফিল্ডিংই করার কথা। ভারতীয় দলে ত্রিশের বেশি বয়সের বেশ কয়েকজন ক্রিকেটার আছে। ওদের রানিং বিটুইন দি উইকেট তেমন সুবিধের হবে না। এখানে ১০/১৫ রান বাঁচাতে হবে। আর আমাদের তরুণ ব্যাটসম্যানদের ভালো রানিং বিটুইন দি উইকেটের কল্যাণে কিছু রান বেশি আসা উচিত আমাদের। আগে ব্যাট করলে ২৭০ রান করতে হবে। তারপর বোলিংয়ে প্রথম ২০ ওভারের মধ্যেই তিনটা উইকেট তুলে নিতে পারলেই...।”
রকিবুল হাসান অবশ্য ‘যদিনির্ভর’ ধারণায় বিশ্বাসী নন, “এটা করলে ওটা ঘটবেই, এমন তো কোনো নিশ্চয়তা নেই। তাই ব্যাটসম্যানদের প্রতি আমার পরামর্শ থাকবে ব্যাটিংটা উপভোগ করার মতো করে করো। ২৫০ এর বেশি রান বোর্ডে জমা করো। তারপর বোলার আর ফিল্ডাররা মিলে ঝাঁপিয়ে পড়ো। কেবল সঠিক লাইনে বল ফেলার কাজটা করে যাও। ভুল ওদের হবেই।”
ছকে ভিন্নতা আছে বটে। তবে ভারত ম্যাচের জন্য তাদের চারজনের একাদশই হুবহু এক। মাশরাফি বিন মর্তুজার নতুন বলের সঙ্গী হিসেবে তারা সবাই শাহাদাত হোসেনকে নয়, বেছে নিচ্ছেন সৈয়দ রাসেলকে। এক্ষেত্রে মাহমুদের ব্যাখ্যা, “প্র্যাকটিস ম্যাচে রাসেল তো ভালোই করেছে। তাছাড়া স্লো উইকেটে ওর সুইং বোলিংটা কাজে লাগবে। শ্রীলঙ্কা --- বারমুডা ম্যাচ তো দেখেছেন। ওই ম্যাচে বারমুডার মুকাদ্দেম নামের একজন স্লো মিডিয়াম পেসার কিন্তু রানের গতিতে বাঁধ দিয়েছিল অনেকটাই। ওর বলে শ্রীলঙ্কান ব্যাটসম্যানরা খুব বেশি রান করতে পারেনি।”
রকিবুল রাসেলের সুইংটা শুরুতেই কাজে লাগাতে চান, “বল পুরনো হয়ে গেলে রাসেলের কার্যকারিতা কমে যায়। কিন্তু নতুন বলে ভয়ঙ্কর। তাই ওকে দিয়ে নতুন বলেই যতো বেশি সম্ভব বল করিয়ে নেওয়া ভালো। আমার মনে হয় ওর নতুন বলে ওর সুইং বাংলাদেশকে দ্রুত কিছু উইকেট এনে দিতে পারে।”
আকরাম আর আমিনুলের কাছে রাসেলের বিবেচ্য হিসেবে আসছে তার নিখুঁত লাইন আর লেন্থে বল করার দক্ষতাও।
বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচের জন্য তাদের চারজনের গড়ে দেওয়া একাদশ এ রকম : তামিম ইকবাল, শাহরিয়ার নাফীস, আফতাব আহমেদ, সাকিব আল হাসান, মোহাম্মদ আশরাফুল, হাবিবুল বাশার, মুশফিকুর রহিম, মাশরাফি বিন মর্তুজা, মোহাম্মদ রফিক, আব্দুর রাজ্জাক এবং সৈয়দ রাসেল।
