শুধু জয় নয়, নতুন এক ম্যাচ উইনারও পেল ওয়েস্ট ইন্ডিজ
ব্রায়ান লারাও কী একটু অবাক হননি? নামি----দামী তারকাদের অভাব নেই দলে, কিন্তু প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের জয়ের নায়ক কি না হলেন ডোয়াইন স্মিথ! তার ওপর ভর করে বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের শুভ সূচনা এবং লারার স্বপ্নের পালে লেগেছে নতুন হাওয়া। বিশ্বকাপ জিততে গেলে এরকমই হঠাৎ জেগে উঠতে হয় কাউকে।
বার্বাডোজের এই তরুণ ক্রিকেটারের ব্যাট ধরার স্টাইল দেখে গ্রেট ভিভ রিচার্ডসকে মনে পড়ে যায় কারো কারো। খুঁজে পাওয়া যায় সেই আক্রমণাত্মক ব্যাটিংকেও। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে যেন দেখিয়েছেন ব্যাটহাতে বোলারদের শাসনের সেই মেজাজটাই; মাত্র ১৫ বল খেলে যোগ করেছেন ৩২ রান। তারপর বোলিং করতে গিয়ে পাকিস্তানের ম্যাচ উইনার ইনজামামুল হক ও মোহাম্মদ ইউসুফকে ফিরিয়ে দিয়ে ওয়েস্ট ইন্ডিজের জয়ের পথ সুগম করে দিয়ে নিজেই হয়ে গেছেন ‘ম্যাচ উইনার’।
আর উদ্বোধনী ম্যাচে এরকম একজনকে পেয়ে গিয়ে ক্যারিবিয়ান অধিনায়ক ব্রায়ান লারার স্বপ্নও যেন আরো ডানা মেলে গেল, “স্মিথ নিজেও জানে সে অসাধারণ খেলেছে। এটাকে ভিত্তি ধরেই সামনের দিকে এগিয়ে যেতে হবে তাকে। আমি ভালভাবে শুরু করেছি, এই ভেবে বসে থাকলে কিন্তু চলবে না।”
ব্যাপারটা কিন্তু নতুন নয় স্মিথের জন্য। আর্ন্তজাতিক ক্রিকেটে আবির্ভাবের সময়ও এরকম হৈচৈ ফেলে দেওয়ার মতো কাণ্ড বাঁধিয়ে ফেলেছিলেন স্মিথ। ২০০৪ সালে দক্ষিণ আফ্রিকানদের হাতে যখন ক্যারিবিয়ান ক্রিকেটের মান-----সম্ভ্রম যায় যায় তখনই বার্বাডোজের তরুণ ক্রিকেটার অভিষেক টেস্টে সেঞ্চুরি করে সতীর্থদের আশ্বস্ত করেছিলেন। অথচ তার আগে ক্যারিয়ারে ছিল মাত্র একটি ফার্স্ট ক্লাস সেঞ্চুরি। অভিষেকের বছরেই নিজের দেশের মাটিতে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে ‘ম্যান অব দ্য সিরিজ’ হয়েছিলেন। ওয়ানডেতে তার ক্যারিয়ার সেরা অপরাজিত ৬২ রানের ইনিংসটিও ওই সিরিজে। সেবারই প্রথম ‘ম্যাচ সেরা’র পুরস্কার পেয়েছিলেন, দ্বিতীয়বার ২০০৫ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ উইকেট নেওয়ার সুবাদে।
কিন্তু ওয়ানডেতে তার গড় বলছে অন্য কথা। বিশ্বকাপের আগে পর্যন্ত খেলা ৫৯ ম্যাচে ব্যাটিং গড় ১৫র একটু বেশি আর বোলিং গড়ও খুব সাদামাটা - ৩৬.৩০। পারফরম্যান্সে ধারাবাহিকতার এই অভাবের নেপথ্যে কাজ করেছে তারুণ্যের অতি আবেগ, বেপরোয়া শট খেলার অভ্যাস। মোটকথা নিজের ক্ষমতার অপব্যবহারই করেছেন তিনি এতদিন। সেকারণে দলে যাওয়া-----আসার মধ্যেই থাকতে হয়েছে। কিন্তু বিশ্বকাপে সুযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে স্মিথের মনোজগতে যেন ঘটে গেল নতুন রসায়ন। নিজেকে নতুন করে প্রমাণ করার দায়টা তুলে নিলেন কাঁধে। সেটা করলে লারার চাওয়াটাও পুরো হয়ে যায়, “আশাকরি বিশ্বকাপে ১০----১১টা ম্যাচ খেলবো এবং স্মিথও প্রত্যেকবারই এরকম খেলার চেষ্টা করে যাবে।”
পাকিস্তানের সঙ্গে এই ম্যাচ শুধু জয় উপহার দেয়নি লারার দলকে, উপহার দিয়েছে নতুন এক ম্যাচ উইনারও।
