কানাডার ‘সন্মানজনক’ হার
ব্যতিক্রম কেবল আয়ারল্যান্ড। নয়তো ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপে ছোট দলগুলো বড়দের কাছে যেভাবে মার খাচ্ছে তাতে কানাডাকেও ইংল্যান্ড বড় ব্যবধানে হারালে বিচিত্র কিছু হত না। ৬৫ রানে কানাডার চতুর্থ উইকেট ফেলে দিয়ে সেই পথে তারা অনেকদূর এগিয়েও গিয়েছিল। কিন্তু এরপরই প্রতিরোধ গড়ে তুলেছিলেন আব্দুল সামাদ এবং আশিফ মুল্লা। তাদের দেখানো পথ অনুসরণ করলেন পরের দিকের ব্যাটসম্যানরাও। তাই ইংল্যান্ডের জয় নিয়ে কখনো সন্দেহ না জাগলেও প্রতিপক্ষকে একেবারে দুমড়েমুচড়েও ফেলতে পারেনি। ইংল্যান্ডের ৬ উইকেটে তোলা ২৭৯ রানের পেছনে না ছুটলেও তারা পুরো ৫০ ওভারই ব্যাটিং করেছে। ৭ উইকেটে ২২৮ রান তোলা কানাডার হার শুরুর বিপর্যয়ের পর তৈরি হওয়া ধারণার চেয়েও অনেক কম, ৫১ রানের। প্রবল প্রতিপক্ষের সঙ্গে এমন হারকে তো সন্মানজনকই বলা হয়ে থাকে।
৬৫ রানে চতুর্থ উইকেট ফেলে দেওয়ার পর ইংল্যান্ডের দেখতে থাকা বড় জয়ের স্বপ্নে চোট দেন আব্দুল সামাদ এবং আশিফ মুল্লা। তাদের ৯৬ রানের পঞ্চম উইকেট জুটিই সন্মানজনক হারের পথ খুলে দেয় কানাডার সামনে। সামাদ ৩৬ রান করে আউট হলেও ফিফটি করেছেন মুল্লা। ৪৩ রানে ২ উইকেট নিয়ে ইংল্যান্ডের সফলতম বোলার রবি বোপারার বলে স্টাম্পিংয়ের ফাঁদে পড়ার আগে মুল্লা করেছেন ৫৮ রান। দলকে ১৬১ রানে রেখে তারা দুজনেই আউট হয়ে গেলেও কক্ষচ্যুত হয়নি কানাডার ব্যাটিং। চামনি (২৭*) এবং ধনিরাম (৩০) মিলে ৫৬ রান যোগ করায় পুরো ম্যাচ খেলার ধকলই পোহাতে হয়েছে ইংল্যান্ডকে।
এর আগে ইংল্যান্ডের ইনিংসের সারমর্ম ছিল এমন --- দারুণ শুরুর পর মাঝখানে তাল হারানো। এবং শেষে দুই ‘পল’ কলিংউড আর নিক্সনের ঝড়ো ইনিংস। সবমিলিয়ে কানাডার বিপক্ষে ইংল্যান্ডের এবারের বিশ্বকাপ বিবেচনায় ‘বিশাল’ না হলেও ২৭৯ রানের বড় সংগ্রহ। নির্ধারিত ৫০ ওভারে তারা এই রান তুলেছে ৬ উইকেট হারিয়ে।
অধিনায়ক মাইকেল ভন আর এড জয়েসের ওপেনিং জুটি অবশ্য তাদেরকে এর চেয়েও বড় কিছুর স্বপ্ন দেখিয়েছিল। সূচনাতেই তারা ১০১ রান এনে দেন। কিন্তু তারা দুজনেই আবার বড় ইনিংস খেলতে ব্যর্থ। ভন ৪৫ রান করে আউট হন। অন্য ওপেনার জয়েস করেন ৬৬ রান। ১৫৩ থেকে ১৬১ --- এই ৮ রানের মধ্যে জয়েসসহ ইয়ান বেল (২৮) ও কেভিন পিটারসেনদের (৫) দ্রুত ফিরিয়ে দেন ৪১ রানে ৩ উইকেট নিয়ে কানাডার সফলতম বোলার সুনীল ধনিরাম। হঠাৎই বিপদে পড়া ইংল্যান্ডের হাল ধরেন এরপর পল কলিংউড এবং রবি বোপারা। পঞ্চম উইকেটে তাদের ৮১ রানের পার্টনারশিপ বিপর্যয় সামাল তো দিয়েছেই, সঙ্গে এনে দিয়েছে শেষ দিকে তেঁড়েফুঁড়ে ব্যাট চালানোর সুযোগও। বোপারা ২৯ রানে আউট হয়ে গেলেও সেটা করেছেন দুই ‘পল’। কলিংউডের অপরাজিত ৬২ রানের ইনিংসটা মাত্র ৪৮ বলে খেলা। চার বাউন্ডারির সঙ্গে একটি ছক্কাও ছিল তার ইনিংসে। সমানসংখ্যক চার --- ছক্কা নিক্সনের ইনিংসেও। কিন্তু তার ইনিংসটাই বিধ্বংসী বেশি। কেননা ২৩ রান করতে তার লেগেছে মাত্র ৮ বল।
‘সি’ গ্র“পের এ ম্যাচে টস জিতে ইংল্যান্ডকে ব্যাট করার আমন্ত্রণ জানায় কানাডা। শৃঙ্খলাভঙ্গের অভিযোগে অলরাউন্ডার অ্যান্ড্রু ফ্লিনটফকে এই ম্যাচে প্রথম একাদশে রাখেনি ইংল্যান্ড।
ইংল্যান্ড : ৫০ ওভারে ২৭৯/৬ ( জয়েস ৬৬, ভন ৪৫, বেল ২৮, পিটারসেন ৫, কলিংউড অপরাজিত ৬২, বোপারা ২৯, ড্যালরিম্পল ২, নিক্সন অপরাজিত ২৩, অতিরিক্ত ১৯, ধনিরাম ৩/৪১, কামিন্স ১/৫৮, সামাদ ১/৩১, কর্ডিংটন ১/৭০)
কানাডা : ৫০ ওভারে ২২৮/৭ (বার্নেট ৭, সামাদ ৩৬, বাগাই ৬, বিলক্লিফ ২০, ডেভিসন ২১, চামনি অপরাজিত ২৭, মুল্ল¬া ৫৮, ধনিরাম ৩০, কড্রিংটন অপরাজিত ৭, অ্যান্ডারসন ১/৪০, প্লাঙ্কেট ২/৪৬, পানেসার ১/৩৫, বোপারা ২/৪৩)
