বিশ্বকাপে দ্বিতীয় সেরা জয় শ্রীলংকার
ছোট দলের বিপক্ষে বড় স্কোর করতে অভ্যস্ত শ্রীলংকানরা বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেও বজায় রেখেছে অভ্যাসটা। সঙ্গে বোলারদেরও রুদ্রমূর্তির সামনে বারমুডার ব্যাটসম্যানদের অসহায় আত্মসমর্পণ সাবেক চ্যাম্পিয়নদের এনে দিয়েছে রানের হিসেবে বিশ্বকাপ ইতিহাসের দ্বিতীয় বৃহত্তম জয়।
বৃহস্পতিবার পোর্ট অফ স্পেনের কুইন্স পার্ক ওভালে ৫০ ওভারে শ্রীলংকার ৬ উইকেটে ৩২১ রানের জবাবে ইনিংসের অর্ধেকেরও বেশি বাকি থাকতেই ৭৮ রানে অলআউট হয়ে গেছে বারমুডা। শ্রীলংকা জিতেছে ২৪৩ রানে। গত বিশ্বকাপে নামিবিয়ার বিপক্ষে অস্ট্রেলিয়ার ২৫৬ রানের জয়ের পর এটাই বিশ্বকাপ ইতিহাসে রানের বিবেচনায় সবচেয়ে বড় জয়।
বারমুডা বধে শ্রীলংকান বোলাররা কেউ কারো চেয়ে কম যান নি। প্রথম ওভারে, স্কোরবোর্ড সচল হওয়ার আগেই ওপেনার স্মিথকে ফিরিয়ে দিয়ে শুরুটা করেছিলেন চামিন্ডা ভাস। তবে এরপর আর তেমন কিছু করতে হয়নি তাকে। তার নতুন বল সঙ্গী লাসিথ মালিঙ্গা (৫ ওভারে ১০ রানে ৩ উইকেট) ও ফারভিজ মাহারুফ (৭ ওভারে ২৩ রানে ৪ উইকেট) মিলেই গুঁড়িয়ে দিয়েছেন বারমুডাকে। অফস্পিনার মুত্তিয়া মুরালিধরনও কম যাননি, ৬.৪ ওভারে ২৮ রান দিয়ে তার শিকার দুটি উইকেট।
বারমুডার হারের ব্যবধানটা আরো বড়ই হতে পারতো। হয়নি কানের ২৮ রানের ইনিংসটির কল্যাণে। ৩৯ রানে ৭ উইকেট পড়ার পর তিনিই বারমুডাকে নিয়ে গেছেন এতদূর। মুরালির বলে একটি ছক্কাও মেরেছেন এরই ফাঁকে। তিনি ছাড়া আর একজনই পেরেছেন দুই অঙ্ক ছুঁতে- ডেভিড হেম্প (১৪)।
সকালে টস জিতে ব্যাট করতে নামা শ্রীলংকার ইনিংসটা গড়ে উঠেছে অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে, কুমার সাঙ্গাকারা ও চামারা সিলভার তিনটি হাফসেঞ্চুরিতে ভর করে।
মাত্র ৮.৩ ওভারে ৬২ রানের জুটি গড়ে সনাৎ জয়াসুরিয়া (২২) ও উপুল থারাঙ্গা (৩০) দারুণ একটা সূচনা এনে দিয়েছেন শ্রীলংকানদের। ১৬ রানের মধ্যে তারা দুজনই বিদায় নিলে ক্ষণিকের জন্য একটা ধাক্কা খেলেও তৃতীয় উইকেটে অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে ও কুমার সাঙ্গাকারার ১৫২ রানের জুটি কক্ষপথে ফিরিয়ে এনেছে ১৯৯৬ বিশ্বকাপের শিরোপাজয়ীদের।
দুঃখ একটাই, সেঞ্চুরির সুবাস পেতে পেতেও সেঞ্চুরিটা পাওয়া হয়নি এদের কারোই। ছয়টি বাউন্ডারিতে ৮৩ বলে ৭৬ রান করে সাঙ্গাকারা আউট হয়েছেন বিশালদেহী ডোয়াইন লেভেরকের অফস্টাম্পের বাইরের একটি বল তাড়া করতে গিয়ে ডিপ মিডউইকেটে ক্যাচ দিয়ে। দুটি ছক্কা ও ছয়টি চারে সাজানো জয়াবর্ধনের ৯০ বলে ৮৫ রানের ইনিংসটা শেষ হয়েছে ডিপ মিডউইকেটে হার্ডলের অসাধারণ এক ক্যাচের শিকার হয়ে। তবে এর আগেই আউট হতে পারতেন শ্রীলংকান অধিনায়ক, হাফসেঞ্চুরি পেরোনোর আগে-পরে দুদুবার জীবন পেয়েছেন তিনি। দুবারই তার ক্যাচ ফেলেছেন লেভেরক।
তাদের বিদায়ের পর শ্রীলংকার ইনিংসকে এগিয়ে নিয়েছেন চামারা সিলভা। মাত্র ৪৫ বলে তার ৫৫ রানের অপরাজিত ইনিংসে ছিল ৪টি বাউন্ডারি।
শ্রীলংকা ৫০ ওভারে ৩২১/৬ (থারাঙ্গা ৩০, জয়াসুরিয়া ২২, সাঙ্গাকারা ৭৬, জয়াবর্ধনে ৮৫, সিলভা অপ. ৫৫, দিলশান ১২, মাহরুফ ৯, আরনল্ড অপ. ২, অতিরিক্ত ৩০; মুকুদ্দেম ২/৫০, হার্ডল ২/৬১, লেভেরক ১/৬৭, কান ১/৩৪)
বারমুডা ২৪ দশমিক ৪ ওভারে ৭৮ (স্মিথ ০, পিচার ৬, মুকাদ্দেম ০, হেম্প ১৪, রোমেইন ০, টাকার ৪, মাইনর্স ৪, কান ২৮, বর্ডেন ৬, হার্ডল অপ. ৬, লেভেরক ১, অতিরিক্ত ৯; ভাস ১/১১, মালিঙ্গা ৩/১০, মাহারুফ ৪/২৩, মুরালিধরন ২/২৮)
ফল : শ্রীলংকা ২৪৩ রানে জয়ী।
ম্যান অফ দ্য ম্যাচ : মাহেলা জয়াবর্ধনে।
