শোককেই শক্তিতে পরিণত করতে চায় বাংলাদেশ
ক্রিকেটকে যারা বলে জীবনের ছবি তারা আরেকবার সার্থক। আরেকবার তারা জানল জীবনে যেমন সুখ আর দুঃখ, উত্থান আর পতনের হাত ধরাধরি, ক্রিকেটও তেমন। নইলে যে বাংলাদেশ দলের আগের দিনের ছবি ছিল সুখী সংসারের কাল সেটাকে কেন ভেঙ্গে খান খান মনে হবে! মনে হলো। সাত সকালে দেশ থেকে যাওয়া একটা খবরে ক্রিকেটারদের ঘুম ভেঙ্গেছে কান্নায়। ফোনে যখন হাবিবুলকে ধরা গেল তখন তিনি কথা বলতে পারছিলেন না। স্থানীয় সময় দুপুর ১২ টায় প্র্যাকটিসে যাওয়ার সময়ও কারো চোখ ফোলা। কারো মুখে অমাবস্যার অন্ধকার। যে যাই বলতে গেলেন তাল হারিয়ে ফেললেন।
পরশু রাতে যখন বাংলাদেশ দল ঘুমাতে যায় তখনও তাদের চিন্তায় ভারতীয় দল। মাশরাফি ভারতকে বিশ্বসেরা ব্যাটিং লাইন আপ ঘোষণা করে টেন্ডুলকারদের বিপক্ষে করণীয় ঠিক করছেন, হাবিবুল তরুণ ক্রিকেটারদের মাথা যেন না বিগড়ায় সেই প্রেসক্রিপশন রচনায় ব্যস্ত, কেউ কেউ দলে থাকবেন কি থাকবেন না সেই চিন্তায়- অথচ সকালে সবার চিন্তা এক। এক ভাষা। এবং সেই ভাষা বেদনার। যে মানজারুল রানা তাদের সঙ্গে এমনকি এই বিশ্বকাপেও থাকতে পারতেন, এমন বহু সিরিজ দলের সঙ্গে ঘুরেছেন সেই তিনি কিনা পৃথিবীতেই আর নেই। আর ক্রিকেটারদের জীবন এমনই কঠিন যে প্রিয় বন্ধু হারানোর পরও তার পাশে যাওয়া যাচ্ছে না। বিদেশে বসে চোখ ফুলানো কিংবা ফোনে হাহাকার!
আবেগ প্রকাশে সবসময় সবার চেয়ে যিনি এগিয়ে থাকেন তার নাম জাভেদ ওমর। শুনেছেন সকাল ৭টায়, প্র্যাকটিস ১২টায়, কিন্তু এই ৫ ঘণ্টা পরও তার চোখ ছলছল। রাজিন বললেন,‘আমি আর ও যে কী ঘনিষ্ঠ ছিলাম। জাভেদ এবং আমার সঙ্গে সবচেয়ে ভালো সম্পর্ক ছিল। আমরা ওকে খুব ক্ষেপাতাম।’ এই ক্ষেপানোর লোকটা কেমন হুট করে সরে পড়ল! রাজিনের গলা ধরে আসে। তাপস কিছু বলতে চান। পারেন না। রফিক তুলনামুলক শক্ত, তবু স্মৃতিচারণে গেলে তিনিও আর নিজের মধ্যে থাকতে পারেন না। রফিকের সমচরিত্রের বোলার, একটা সময় একরকম লড়াইও ছিল, সেই লড়িয়ে আর লড়তে আসবেন না। রফিক আনমনা হয়ে বললেন, ‘ওহ হো! মোটর সাইকেল! ভয়ংকর জিনিস।’
তার একটু আগে ডেভ হোয়াটমোর এই ভয়ংকর জিনিসটা চালানো নিষিদ্ধ ঘোষণারই দাবি করে গেছেন। রাগের মাথায় করা অতি উত্তেজনার দাবি, কিন্তু ক্রিকেটারদের কেউ কেউ মনে করেন খেলোয়াড়দের এই ক্ষতিকর যানটি চালানো থেকে বিরতই থাকা উচিত।
খেলোয়াড়দের মানসিকতাই হলো জয় করা। ওদের প্রবণতাতেই থাকে সবার আগে, সবার ওপরে থাকা। আর মোটর সাইকেল জিনিসটার মধ্যেই একটা নেশা আছে। জোর, আরও জোর। গতি, তীব্র গতি। সেই নেশার টানের সঙ্গে চিরাচরিত খেলোয়াড়ি প্রবণতা যোগ হয়ে কখনও কখনও তাদের টানে মৃত্যুপুরীর দিকে। আপাতত সেখানে মানজারুল রানা। আর পেছনে তার সহানুভুতিশীল সতীর্থরা। কে একজন যেন স্মৃতিচারণ করছিলেন, রানার জীবনটাই গেল ম্যান অফ দ্য ম্যাচ হয়ে। বছর দুয়েক আগে জিম্বাবুয়ের সঙ্গে বাংলাদেশের জেতা ওয়ানডে সিরিজে দুটো ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন রানা, পরের ম্যাচে বিশ্রাম দেয়া হয় তাকে। পরের সিরিজে বাদ। এবং এখানেও ম্যান অফ ম্যাচ হওয়ার পর জীবন থেকেই বাদ। ম্যান অফ দি ম্যাচই তার জীবনের শনি রেখা; একবার ওতে শেষ হলো খেলোয়াড়ি জীবন এবং তারপর পুরো জীবন!
আবার সেই জীবনেরই চূড়ান্ত ধর্ম হলো বহমানতা। সব উপেক্ষা করে অনিঃশেষ বয়ে চলা মৃত্যু আসবে, বিয়োগ হবে, বিদায় স্তব্ধ করে দেবে তরঙ্গ, কিন্তু তারপরও জীবন চলবে। একজনের শোকে আরেকজন মরলে দুনিয়ায় মানুষ থাকত না। একজনের বিয়োগে আরেকজন থেমে গেলে দুনিয়া চলত না। কাজেই সব চলবে। বাংলাদেশ দলের প্র্যাকটিস। ভারতের সঙ্গে ম্যাচ। ওখানে জিতলে বিজয় উৎসব। সব। তাই রানার শোককে সামলে বাংলাদেশ ঠিকই তৈরি হচ্ছে পরের ম্যাচের জন্য। তখনও শোকটা এত টাটকা যে আনুষ্ঠানিকভাবে বলা যায় না, তবু কেউ কেউ মনে করেন এই শোককে শক্তিতে কাজে লাগাতে হবে। ভারতের বিপক্ষে ভালো করার আরেকটা রসদ হতে পারে ওটা।
এমনিতে ভারতীয় দল বাংলাদেশকে নিয়ে চিন্তায় আছে। বাংলাদেশ দলের প্র্যাকটিসে ওদের সাংবাদিকরা হানা দিচ্ছেন, রাহুল দ্রাবিড় বা শচীন টেন্ডুলকাররা মুখে যাই বলুন না কেন ওদের বাংলাদেশকেন্দ্রিক অংক অন্যান্যবারের মতো এত সরল নয়। পারুক না পারুক অংক ওল্টানোর ক্ষমতা যে বাংলাদেশের হয়ে গেছে সেটা মেনে নিয়ে ছক কষছেন ওরা। এসবই উপভোগের বিষয়। বাংলাদেশ ভীষণ উপভোগ করছিল।
সেই উপভোগ্যতায় এমন এক দমকা হাওয়া বয়ে গেল কাল যে তাতে সুর-ছন্দ-তাল সব কেটে যাওয়ার জোগাড়। কিন্তু তারপরও সব চলছে। প্র্যাকটিস। ম্যাচের প্রস্তুতি।
এটাই তো জীবন। থেমে থাকার নয় কখনো। সবসময়ই বয়ে চলার।
