তামিমের ব্যাটে আসলো আকরামের ‘ সেই একদিন’
১৯৯৯ সালে বাংলাদেশে একবার ক্রিকেটারদের আন্দোলন হয়েছিল। মাঠ ছেড়ে ক্রিকেটাররা রাস্তায়। নানান দাবি --- দাওয়ার পক্ষে মিছিল ---- সমাবেশ। দাবি আদায়ে জাতীয় ক্রিকেট লিগ বর্জনের মতো কঠিন সিদ্ধান্ত নিয়েছিলেন ক্রিকেটাররা। আর তাদের অনুপস্থিতির সুযোগে সবগুলো দল তৈরি হলো তরুণ ক্রিকেটারদের দিয়ে, তাদেরই একজনের নাম নাফিস ইকবাল। জানতে দেরি হলো না যে তিনি আকরাম খানের ভাতিজা, আরও জানা গেলো, আন্দোলনে থাকা আকরাম খান তার ব্যাটিং দেখতে মাঠে উপস্থিত ছিলেন। ভাতিজার কৃতিত্ব বিষয়ে আকরামের মতামত নেয়া সাংবাদিকতার অপরিহার্য দাবি, রাতে ফোনে আকরামকে যখন ধরা হলো, তখন আকরাম নাফিসের কৃতিত্বেই থেমে না থেকে বললেন, ওর ছোট আরেকটা ভাই আছে। তামিম। ও আরও ভয়ংকর। কী যে মারে!
তখন নাফিসের সেঞ্চুরিতেই আমরা মত্ত। সেটাই এমন বড় একটা ব্যাপার, ছোট যে আরেকজন আছে এবং সে যে ভীতিকর সেটা নিয়ে খুব একটা আগ্রহ নেই। এরপরও যতবার নাফিস প্রসঙ্গে কথা ততবারই আকরাম মনে করিয়ে দেন, তামিম আছে কিন্তু! সে আরও ভালো। চাচা আকরামের ৮ বছর আগে মুখে বলা ভালোটা তাই বলে এত ভালো হবে! প্রেসবক্সে বসে ভারতীয় সাংবাদিকদের দেয়া বিশেষণগুলো ম্যাচ শেষ হওয়ার এই ১২ ঘণ্টা পরও কানে লেগে আছে। ওয়েস্ট ইন্ডিয়ান সাংবাদিকরা তো আরও এগিয়ে। ওদের কেউ কেউ তার মধ্যে তরুণ ভিভ রিচার্ডসের ছায়াও আবিষ্কার করে ফেলেছেন।
আকরামের এই সার্টিফিকেটের বছর দুয়েক পর ঢাকা স্টেডিয়ামে কোনো একটা ম্যাচ। নাফিস আর আকরাম দুজনই খেলছেন। একটা ১২/১৩ বছর বয়সী কিশোরকে দেখা গেলো খুব উৎসাহ নিয়ে ঘুরে বেড়াতে। মাঝে --- মধ্যে একটা ব্যাট নিয়ে কিশোরসুলভ চাপল্যে কিছু নকিং। ক্রিকেটের পোষাক পরা, ক্রিকেটই তার আগ্রহের জায়গা বোঝা যাচ্ছে, কিন্তু তার চেয়েও বেশি বোঝা যাচ্ছে সে একটা অল্প বয়সী কিশোর। ম্যাচ শেষ করেই পুরো পরিবার সম্ভবত চট্টগ্রাম যাবে, কাজেই নাফিসের মা -- ও (তখন পর্যন্ত এটাই তার প্রধানতম পরিচয়) উপস্থিত। কিশোরটি মাঝে --- মধ্যেই মায়ের কাছে গিয়ে তার কাছে নানান দাবিও জানাচ্ছে। আকরাম সবাইকে চিনিয়ে দিলেন, এই হলো তামিম। দেখবেন একদিন ...! সেই একদিন এলো ১৭ মার্চ কুইন্স পার্ক ওভালে! যখন তার ব্যাটটা হয়ে গেলো উদ্যত তলোয়ার। সেই তলোয়ারে ভারতের ক্রিকেট আভিজাত্য কেটে ফালাফালা।
ওয়েস্ট ইন্ডিজে এসে বিস্মিত হয়ে লক্ষ্য করলাম আশরাফুল, শাহরিয়ার নাফীস, আফতাবদের কেউ নন, যাকে নিয়ে ভারতীয় দলের সবচেয়ে বেশি আগ্রহ তার নাম তামিম। গত মাসেই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক, জিম্বাবুয়েতে দুই ম্যাচে এমন কিছু করেননি, পরে ওয়েস্ট ইন্ডিজে কানাডা --- বারমুডাকে নিয়ে আয়োজিত ত্রিদেশীয় সিরিজ মিলিয়েও ৪ ইনিংসে মোট রান ৫৭। সর্বোচ্চ ৩০। তার ক্ষমতার সঠিক প্রতিফলন নয়, বলছিলেন টিমমেটরা, কিন্তু নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে ৪৭ রানের যে ঝড়ো ইনিংস সেটার ভিত্তিতেই তিনি কৌতূহলের কেন্দ্রবিন্দুতে। ৪৭ এমন কিছু রান নয়, কিন্তু সেখানে বন্ড --- ফ্রাংকলিনকে এমন অবলীলায় মেরেছেন যে এখানকার মিডিয়া সেটা ফলাও করে প্রচার করে তাকে ঢুকিয়ে দিয়েছিল ভারতীয়দের গবেষণার খাতায়।
তা গবেষণা হয়েছে বিস্তর এবং তার কোনো ফল নেই। শক্তির সঙ্গে এমন সাহস থাকে যার ব্যাটে, তুচ্ছ গবেষণাকর্মে ওদের প্রতিকার কী করে হবে! ম্যাচে মুনাফ প্যাটেলকে ওভার দ্য উইকেট একটা যে বাউন্ডারি মারলেন সেটার পর টিভি ক্যামেরায় ক্লোজ আপে মুনাফকে দেখাল। অসহায় ভঙ্গি! দ্রাবিড়ের দিকে তাকাচ্ছেন, আমি কী করতে পারি বলে দাও --- হয়তো এই ছিল তার ভাষা। দ্রাবিড়ও জানেন না কী বলতে বা করতে হবে। স্থিরচিত্তের, বিন্যস্ত চিন্তার রাহুল দ্রাবিড়কেও অতোটা হতবুদ্ধি দেখিনি কখনো। মনে পড়লো আবার আকরামের চেহারা! আবার মনে পড়লো, দেখো একদিন ...!
সেই একদিনে তামিম ইকবালের দুর্নিবার তারুণ্য এমন বাঁধন ছাড়িয়েছিল যে বাউন্সার ঘাড়ে আঘাত করার পরও তিনি নির্বিকার। এসব এতদিন আমরা বিদেশী ক্ষণজন্মা ক্রিকেটারদের বেলায় দেখেছি আর ওদের পূজনীয় জেনেছি। ঘরের ভেতরেই যে এমন পূজার ফুল তৈরি হয়ে গেছে বুঝতেই পারিনি। সেই ফুলের অনেক পাপড়ি। বিখ্যাত ব্যাটসম্যানদের স্মরনীয় ইনিংসেও ফাস্ট বোলারকে ডাউন দ্য উইকেটে বেরিয়ে এসে মারার ছবি বিশেষ থাকে না, এক --- দুটো থাকলে সেটাই আলোচনার বিষয়। আর এখানে এতবার এই ঘটনাটা তামিম ঘটিয়েছেন যে কোনটা রেখে কোনটা বলা হবে সেটাই সমস্যা। নিজে অবশ্য ডাউন দ্য উইকেটের শটের আগে বলছেন, মুনাফকে ব্যাকফুটে মারা একটা বাউন্ডারির কথা। তার হিসাবে সেটাই তার সেরা শট। শটের ঝোলায় তালা লাগাতে তাকে কেউ বলেনি, এমন শট খেলার ক্ষতিকর পার্শ্বপ্রতিক্রিয়া অনেক, কিন্তু ডেভ হোয়াটমোর শুধু তাকে বলে দিয়েছিলেন, “প্রথম কয়েক ওভার একটু দেখে উইকেটের বাউন্স এবং গতিটা বোঝো। তাহলেই হবে।”
ফুলে এত সৌরভের মধ্যে একটুখানি কাঁটা। ৪৯ হওয়ার পর বেরিয়ে গেলো বয়স। একটু অস্থির। একটু যেন বিব্রত। স্বীকার করতে দ্বিধাও নেই, “ আসলে আমি জীবনে এত বার ৪৯ রানে আউট হয়েছি যে ৪৯ হলেই তাড়াতাড়ি চেষ্টা থাকে রানটা পেরিয়ে যাওয়ার। তাই একটু নার্ভাস ছিলাম।” সেটা কাটিয়েছেন, এরপর আর বেশিদূর এগোতে পারেননি, কিন্তু তাতেই কাজের কাজটা হয়ে গেছে। আকরাম খানের সেই একদিন এসে গেছে। কিন্তু তামিমের স্বপ্নের দিনটা আসতে বাকি আছে এখনও। স্বপ্ন দেখেন, দুই ভাই বাংলাদেশ দলের হয়ে ব্যাটিং ওপেন করছেন একসঙ্গে এবং দুজন মিলে বিশ্বের তাবত বোলারকে দাসত্ব করাচ্ছেন। এবং এই ভাই, মানে নাফিস ইকবালই তার সবচেয়ে বড় প্রেরণা। এই ম্যাচের আগেও সকালে তার সঙ্গে কথা হয়েছে। সেটা যথারীতি ছিল তার জন্য একটা বড় টনিক। সাহসের বিশাল উৎস।
তামিমের স্বপ্নের দিন কবে আসবে, নাকি আসবে না কে জানে, কিন্তু আকরামের কথামতো একদিনটা এসে গেলো বড় তাড়াতাড়ি।
সুনীল গঙ্গোপাধ্যায়ের কেউ কথা রাখেনি কবিতার মতো ৩৩ বছর অপেক্ষা করতে হলো না, মাত্র ১৭ বছর বয়সেই।
আর কত বড় হতে হবে, সেই প্রশ্নও অবান্তর। কারণ তিনি ছোট থেকেই আসলে বড়!
