আনন্দে, অশ্র“তে ভাসালো তামিম : আকরাম খান
তামিম ফিফটি করার পর কোথায় আমরা সবাই আনন্দ করবো! তা না, চট্টগ্রামে আমাদের বাসায় রীতিমতো কান্নার রোল উঠলো। কোনো কোনো অর্জন বিয়োগ ব্যথাও জাগায়। আমাদের কান্নার কারণ এটাই। ওর ফিফটির পরই সবার আফসোস, ইস ওর বাবাটা (ইকবাল খান) যদি এই দিনে বেঁচে থাকত। তিনি কী যে আদর করতেন তামিমকে। বছর পাঁচেক আগে একদিন তাকে জরুরী ভিত্তিতে হাসপাতালে নিয়ে যেতে হয়। সে সময় আমি ছিলাম যশোরে। তামিমের মা এবং বড় ভাই নাফিসও সেদিন চট্টগ্রামে ছিল না। পরে আমার স্ত্রীর কাছ থেকে শুনেছি, চরম অসুস্থতার মাঝেও তামিমকে বুকে টেনে নিয়ে আদর করে যেতে ভুল হয়নি আমার ভাইয়ের।
আকরাম খান, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক
ওই যাওয়াই শেষ যাওয়া ছিল তার। তিনি আর হাসপাতাল থেকে ফেরেননি। মারা যাওয়ার সময় তামিমের বয়স মাত্র ১২ বছর। অতোটুকু বয়সে পিতৃøেহ থেকে চির বঞ্চিত ছেলেটা বিশ্বকাপ অভিষেকেই সবাইকে মাত করে দিল ঠিকই। কিন্তু আমাদের দুঃখও জাগালো।
এবার আনন্দের কথা বলি। আমার এই আনন্দ আবার নানামুখী। শনিবার রাতে আমাদের বাসাটা কুইন্স পার্ক ওভালের গ্যালারির চেয়ে কোনো অংশে কম ছিল না। তামিম একেকটা শট খেলার পর সবাই মিলে এমন চীৎকার করে উঠছিলাম যে বাচ্চারাও ঘুম থেকে জেগে উঠে বিস্ময় নিয়ে তাকিয়ে থাকছিল। তবে ভাতিজার সাফল্যের জন্যই নয়। আমার আনন্দ সবচেয়ে বেশি বাংলাদেশ যেভাবে খেলল, সে জন্য। মনে আছে নিশ্চয়ই, বলেছিলাম, জিততে হলে বাংলাদেশকে ব্যাটিং, বোলিং আর ফিল্ডিং --- এই তিন বিভাগেই সেরা খেলাটা খেলতে হবে। কী আশ্চর্য দেখুন, হাবিবুল বাশাররা তাই করলো।
রোববার সকালে মধুর একটা ফোন কল পেলাম। নিশ্চয়ই বুঝতে পারছেন সেটা কার? হ্যাঁ, তামিমের। ফোন ধরতেই বলল, “চাচা আমার ইনিংসটা কেমন লেগেছে?” আশীর্বাদ করলাম যেন পুরো আসরেই ও এমন খেলে যেতে পারে। বড় ক্রিকেটার হওয়ার সব উপাদান ওর ভেতরে আছে। সেই ছোট্টটি থাকতে যখন ব্যাট নিয়ে মেতে থাকত, দেখতাম স্ট্রোক খেলছে কেবল। আর মানসিকতাও ভীষন ইতিবাচক। সবমিলিয়ে আমার মনে হত এই ছেলে বহুদূর যাবে। সেকথা আমি সাংবাদিকদের বলতামও। আপনারা কী বলেন?
