অজ্ঞান অবস্থায় হাসপাতালে বব উলমার
পাকিস্তানের কোচ বব উলমারকে অজ্ঞান অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিশ্বকাপের গ্র“প ম্যাচে আয়ারল্যান্ডের কাছে হেরে যাওয়ার পরদিন রোববার সকালে কিংস্টনে নিজের হোটেল কক্ষ থেকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয় ৫৮ বছর বয়সী এই সাবেক ইংলিশ ক্রিকেটারকে। এ সময় তিনি মেঝেতে পড়ে ছিলেন, চারপাশে ছিল বমির চিহ্ন।
স্থানীয় সময় সকাল পৌনে ১১টার দিকে তাকে উদ্ধার করার পর অ্যাম্বুলেন্সে করে কিংস্টনের ইউনিভার্সিটি হাসপাতালে নেওয়া হয়। বেলা আড়াইটা পর্যন্ত তার জ্ঞান ফেরেনি।
পাকিস্তানের মিডিয়া ম্যানেজার পারভেজ মীর ঘটনাটির সত্যতা স্বীকার করে বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, “উলমারকে আমরা হাসপাতালে নিয়েছি এবং তিনি এখন জরুরি বিভাগে চিকিৎসাধীন আছেন।”
