২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উলমারের চিরবিদায়ে শোকাচ্ছন্ন ক্রিকেটবিশ্ব

সেই ল্যাপটপ আর ছোঁবেন না বব উলমার। আয়ারল্যান্ডের সঙ্গে পাকিস্তান হেরে যাওয়ার পর সজোরে ল্যাপটপ বন্ধ করে, প্রয়োজনীয় কাগজপত্র তাড়াহুড়ো করে ব্যাগে ভরে সেই যে মাঠ ছেড়েছিলেন ক্রিকেট মাঠে সেটাই তার শেষ উপস্থিতি। রোববার জ্যামাইকার এক হাসপাতালে মারা গেছেন পাকিস্তানের এই ইংলিশ কোচ। তার আকস্মিক চিরবিদায়ে পুরো ক্রিকেট বিশ্বই শোকবিহ্বল। শোক প্রকাশ,পরিবারের প্রতি সমবেদনা জানানো মানুষের তালিকা যেন শেষ হতে চায় না।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2007, 08:44 PM

Updated : 26 Apr 2022, 02:08 PM

রোববার সকাল পৌনে এগারোটার দিকে হোটেল কক্ষে অচেতন অবস্থায়  মেঝেতে পড়ে থাকতে দেখা যায় তাকে। সঙ্গে সঙ্গে নেয়া হয় হাসপাতালে। কিন্তু বাঁচানো যায়নি। আগের দিন তরতাজা যে মানুষটির সঙ্গে সারাদিন কাটিয়েছেন, তাকে আর কোনোদিন পাশে পাওয়া যাবে না --- এটা মানতে কষ্ট হচ্ছে  রোববারই ওয়ানডে ক্রিকেট এবং টেস্ট অধিনায়কত্ব থেকে অবসর ঘোষনা করা ইনজামাম --- উল হক। আয়ারল্যান্ডের ম্যাচ শেষে তার ভবিষ্যত পরিকল্পনা নিয়ে কথা বলতে চেয়েছিলেন, কথা আর বলা হলো না --- এ আক্ষেপ নিয়েই একজন আদর্শ কোচ এবং প্রিয় মানুষকে হারানোর শোক ব্যক্ত করেছেন ইনজামাম,“উনি খুব ভালো একজন কোচ এবং অসাধারণ মানুষ ছিলেন। আমি কোনোদিন ভুলবো না তাকে।” পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ আর পিসিবির শোকবার্তার ভাষা প্রায় একই, যার মূল কথা,“ তার এ চলে যাওয়া খুবই দুঃখজনক। ক্রিকেটাঙ্গণের খুব ক্ষতি হয়ে গেল।”

বব উলমার পাকিস্তানের  কোচ হয়েছেন ২০০৪ সালে। তার আগে কিছুদিন আইসিসির ‘হাই - পারফরম্যান্স’ ম্যানেজার হিসেবে কাজ করলেও বিশ্বময় কোচ হিসেবে তার পরিচিতি ছড়িয়েছে দক্ষিণ আফ্রিকা দলের দায়িত্বে থাকার সময়।  সে কারণে ভারতে জন্ম নেওয়া ইংল্যান্ডের এই সাবেক টেস্ট ক্রিকেটারের মৃত্যুতে দক্ষিণ আফ্রিকাও শোকাচ্ছন্ন। দক্ষিণ আফ্রিকার সর্বকালের অন্যতম সেরা ফাস্ট বোলার অ্যালান ডোনাল্ড শোক প্রকাশের পাশাপাশি কৃতজ্ঞতাও জানিয়েছেন উলমারের প্রতি,“সত্যি বলতে কি, বব কোচের চেয়েও বেশি আমার বন্ধু ছিল। ওয়ারউইকশায়ার এবং দক্ষিণ আফ্রিকা দলে দীর্ঘদিন আমরা এক সঙ্গে ছিলাম। ক্রিকেটকে বলতে গেলে পুরো জীবনটাই দিয়েছে সে। সম্ভবত সে জন্য মূল্যও দিতে হলো।” দক্ষিণ আফ্রিকার আরেক সাবেক ফাস্ট বোলার ফ্যানি ডি ভিলিয়ার্স তার  কোচের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন এভাবে,“ ক্রিকেট একজন ক্রিকেট - পন্ডিতকে হারালো। বব উলমার সম্পর্কে এর চেয়ে  বেশি আর কী বলা যায়!”

অস্ট্রেলিয়ার অধিনায়ক রিকি পন্টিং দুঃসংবাদটা শুনেছেন নেদারল্যান্ডসের সঙ্গে ম্যাচ চলার সময়। খবর শুনে থ হয়ে যান দলের সবাই,“ কারো যেন পা চলছিল না। দশ -- বারো ওভার পর্যন্ত আমার মনে নানা প্রসঙ্গ  ভেসে ভেসে আসছিল।”

ব্রায়ান লারা, বব উইলিস, শন পোলক, জন ব্রেসওয়েল, ড্যারিল কালিনান, মাইকেল হোল্ডিং, ব্যারি রিচার্ডস, ওয়াসিম বারী, ওয়াকার ইউনিস, ইয়ান চ্যাপেল, মাইকেল হোল্ডিং, মাইকেল ভন, নিক নাইট, টনি গ্রেগ, মাইক ডেনেস, রমিজ রাজা, শোয়েব আখতার -- সাবেক ও বর্তমান এই ক্রিকেটারদের পাশাপাশি আইসিসির প্রধান নির্বাহী ম্যালকম স্পিডসহ অনেকেই প্রকাশ করেছেন বব উলমারের মৃত্যুতে অশেষ শ্রদ্ধা ও শোক। সোমবার বিশ্বকাপের দুটো ম্যাচেই খেলোয়াড়রা নেমেছেন কালো ব্যাজ পরে।  সেটাই স্বাভাবিক।উলমারের শোকের আঁধার ক্রিকেট বিশ্বের কোন কোণে নেই!