২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণ আফ্রিকা - স্কটল্যান্ড ম্যাচে অন্য রকম লড়াই

প্রথম রাউন্ডের অনেক প্রতীক্ষিত এক ম্যাচে শনিবার অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। এমনিতে ম্যাচটার গুরুত্ব ‘এ’ গ্র“পের চ্যাম্পিয়ন----রানার্সআপ নির্ধারণের মধ্যেই সীমাবদ্ধ থাকার কথা ছিল। কিন্তু বিশ্বকাপের ঠিক আগে দক্ষিণ আফ্রিকার কাছে ওয়ানডে র‌্যাংকিংয়ের শীর্ষস্থান হারানোয় ম্যাচটা এক দিক থেকে অস্ট্রেলিয়ার কাছে সম্মান পুনরুদ্ধারের লড়াইও। সেই লড়াইয়ের প্রস্তুতি হিসাবেই মঙ্গলবার ‘এ’ গ্র“পে স্কটল্যান্ডের সঙ্গে ম্যাচটাকে দেখছেন গ্রায়েম স্মিথ। মঙ্গলবারের অন্য ম্যাচে ‘সি’ গ্র“পে নিউজিল্যান্ড খেলবে কেনিয়ার সঙ্গে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2007, 08:24 PM

Updated : 26 Apr 2022, 02:08 PM

“স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচটার দিকেই এখন আমাদের সমস্ত মনযোগ। কারণ, এই ম্যাচটাই যে আমাদের এখন খেলতে হবে”----- সরাসরি না বললেও দক্ষিণ আফ্রিকার অধিনায়ক পরোক্ষে জানিয়ে দিয়েছেন পরের ম্যাচটার দিকেই তার দৃষ্টি।

প্রথম ম্যাচে নেদারল্যান্ডসকে একেবারে গুঁড়িয়ে দিয়েছে তার দল। হার্শেল গিবসের এক ওভারে ছয় ছক্কার বিশ্বরেকর্ডসহ ৪০ বলে ৭২, ২১ বলে বিশ্বকাপে দ্রুততম ফিফটি করা মার্ক বাউচারের ৩১ বলে অপরাজিত ৭৫, জ্যাক ক্যালিসের অপরাজিত ১২৮----- সব মিলিয়ে দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানদের প্রস্তুতিটা দুর্দান্ত হয়েছে। সেজন্য গ্রায়েম স্মিথ বেশ সন্তুষ্টই, “সেন্ট কিটসে পৌছাঁনোর পর আমাদের প্রস্তুতি ভালোই হয়েছে। ব্যাটসম্যানরা ভালো করেছে। বোলাররাও ভালো পারফর্ম করেছে। তাই প্রস্তুতি নিয়ে আমি খুশি।”

এই ম্যাচ সম্পর্কে একটা মজার তথ্যও পাওয়া যাচ্ছে। স্কটল্যান্ডের মঙ্গলবারের দলের অধিনায়ক রায়ান ওয়াটসন গ্রায়েম স্মিথ ও মার্ক বাউচারের পূর্ব পরিচিত। এটুকু বললে অবশ্য তাদের সম্পর্কের গভীরতাকে অসম্মানই করা হয়। জিম্বাবুয়ের রাজধানী হারারেতে জন্ম নেয়া ওয়াটসনের জীবনের একটা বড় অংশ কেটেছে দক্ষিণ আফ্রিকায়। সেখানকার স্মৃতিচারণ করতে গিয়ে স্মিথ ও বাউচারের সঙ্গে হৃদ্যতার কথাও জানিয়েছেন তিনি,“বাউচার ও স্মিথকে ভালো মতোই আমি জানি। ইস্ট লন্ডনে মার্কের (বাউচার) সঙ্গে আমি স্কুলে যেতাম। তার পর চলে গেলাম জোহানেসবার্গে। সেখানে আমার অধিনায়কত্বে কিছু দিন খেলেছিল গ্রায়েম (স্মিথ)। সে সময় তার সঙ্গে প্রায়ই তুলনা করা হতো আমাকে”

গ্রায়েম স্মিথ এখন র‌্যাংকিংয়ের এক নম্বর দল এবং শিরোপার অন্যতম দাবীদার দক্ষিণ আফ্রিকার অধিনায়ক। আর এক জন আত্মীয়ার মৃত্যুতে নিয়মিত অধিনায়ক ক্রেইগ রাইট দেশে ফিরে যাওয়ায় ওয়াটসনের কাঁধে স্কটল্যান্ডের নেতৃত্বভার। দুই বন্ধুর ‘অন্য রকম’ লড়াই উপভোগ্য হওয়ারই কথা!