স্কটল্যান্ডকে হেসেখেলে হারালো দক্ষিণ আফ্রিকা
— ২৪ মার্চ দক্ষিণ আফ্রিকা ---অস্ট্রেলিয়া ম্যাচ। বিশ্বের এই দুই সেরা দলের ম্যাচ দিয়েই নির্ধারিত হবে বিশ্বকাপে ‘এ’ গ্র“পের শ্রেষ্ঠত্ব। তার আগে স্কটল্যান্ডের মতো দলকে সামনে পেয়ে ম্যাচ প্র্যাকটিসটা ভালোই সেরে নিল দক্ষিণ আফ্রিকা।
টার্গেট ছিল মাত্র ১৮৭ রানের। তবু এটা তাড়া করে দুই ওপেনার গ্রায়েম স্মিথ আর এবি ডি ভিলিয়ার্স মিলে এমন তাণ্ডব চালালেন যে, নিজেদের ইনিংসের অর্ধেকেরও বেশি বাকি থাকতে খেলা শেষ করে দিয়ে সুপার এইট নিশ্চিত করে ফেললো ওয়ানডে র্যাংকিংয়ের শীর্ষে থাকা দক্ষিণ আফ্রিকা। মাত্র ২৩ দশমিক ২ ওভারেই ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌছে গিয়ে ৭ উইকেটের জয় তাদের।
গ্র“পে নেদারল্যান্ডস ও স্কটল্যান্ডের মতো দল থাকতে সেরা আটে যাওয়া নিয়ে চিন্তারও কিছু ছিল না অবশ্য। বরং এসব ম্যাচ হয়ে উঠছিল রেকর্ড গড়ার উপলক্ষ। নেদারল্যান্ডসের বিপক্ষে যেমন হার্শেল গিবস ড্যান ফন বাঞ্জের এক ওভারে ছয় ছক্কা মেরে বিশ্বরেকর্ড গড়েছিলেন। ইদানীং তিনি ব্যাটিং ওপেন করেন না। তাই স্মিথ আর ভিলিয়ার্স মিলেই একরকম ম্যাচটা শেষ করে দেওয়ার পর তার ব্যাটিংয়ের সুযোগ আর আসেনি। দর্শকরা তাই পাননি অমন বিনোদন।
তবে অধিনায়ক স্মিথ আর ডিভিলিয়ার্স মিলে ওয়ার্নার পার্কের দর্শকদের সে প্রত্যাশা মেটাতে কার্পণ্য করেননি। ৬ দশমিক ৩ ওভারে ফিফটির পর ১২ দশমিক ২ ওভারে একশো পার করে দেওয়া জুটি থেমেছে ১৩৪ রানে গিয়ে। গ্লেন রজার্সের বলে লং অনে ক্যাচ দিয়ে ফিরে যান এবি ডিভিলিয়ার্স। তার আগে ৬২ রানের ইনিংসটা খেলতে তার লেগেছে মাত্র ৪৫ বল। ৯ বাউন্ডারির পাশে দুটো ছক্কার মারও ছিল তাতে।
স্মিথের সপ্তম ওয়ানডে সেঞ্চুরি পাওয়াটা অবশ্য এক সময় কেবলই সময়ের ব্যাপার বলে মনে হচ্ছিল। তিনি যখন আউট হন তখনো জিততে হলে ৯ রান দরকার দক্ষিণ আফ্রিকার। তার সেঞ্চুরি করতেও তাই। কিন্তু ৬৫ বলে তার ৯১ রানের ইনিংসটা শেষ হয় মাজিদ হকের বলে মিড উইকেটে রজার্সের ক্যাচ হয়ে।
এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিতে একটুও দ্বিধা করেননি গ্রায়েম স্মিথ। তবে মঙ্গলবার বিশ্বকাপের ‘এ’ গ্র“পের ম্যাচে স্কটল্যান্ডের প্রথম উইকেটের জন্য দ্বাদশ ওভার পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে দক্ষিণ আফ্রিকাকে। এর পর অবশ্য মিডল অর্ডারের ব্যর্থতায় বেশি কিছু করতে পারেনি স্কটিশরা। ৫০ ওভারশেষে ৮ উইকেটে ১৮৬ রান করেছে তারা। একটাই সান্ত্বনা, শক্তিশালী বোলিং আক্রমণের বিপক্ষে অলআউট হতে হয়নি। ৬৪ বলে ৪৫ রানে অপরাজিত থাকা ডুগি ব্রাউনকে সেজন্য কৃতিত্ব দিতেই হবে।
শুরুতে অধিনায়কের মুখে হাসি ফোটাতে পারেননি দক্ষিণ আফ্রিকার দুই নতুন বলের বোলার পোলক ও এনটিনি। অবশ্য স্কটল্যান্ডের বিপক্ষে নিজেদের প্রথম স্পেলে উইকেট শূন্য থাকলেও রান খরচের ব্যাপারে দুজনেই ছিলেন মিতব্যয়ী। শেষ পর্যন্ত দলকে কাক্সিক্ষত ব্রেক থ্রু এনে দিয়েছেন অ্যান্ড্রু হল, ইনিংসের দ্বাদশ ওভারে। তার দ্বিতীয় বলেই মাজিদ হক (১৩) কট বিহাইন্ড। স্কটল্যান্ডের স্কোর এক উইকেটে ৩৫ রান। আরেক পেসার ল্যাঙ্গেভেল্টও তার প্রথম বলেই উইকেট পেয়েছেন। অন্য ওপেনার ওয়াটসকে (২৪) প্রথম স্লিপে স্মিথের ক্যাচ বানিয়েছেন তিনি।
২০তম ওভারের প্রথম বলে আবার হলের আঘাত। ইংল্যান্ডের হয়ে টেস্ট খেলার অভিজ্ঞতায় ঋদ্ধ হ্যামিল্টন (৪) তার বলে ক্যাচ দিয়েছেন এক্সট্রা কাভারে, ডিভিলিয়ার্সকে। ৩ উইকেটে ৬৩ থেকে স্কটিশদের ৪ উইকেটে ৭১ রানে পরিণত করেছেন ল্যাঙ্গেভেল্ট, ম্যাককালামকে (১) বোল্ড করে। সঙ্গীদের আসা---যাওয়ার মিছিলের মধ্যেও অবিচল ছিলেন ওয়াটসন (৩১)। কিন্তু কাভার থেকে ডিভিলিয়ার্সের সরাসরি থ্রোতে রানআউট হয়ে গেছেন তিনি।
প্রথম স্পেলে উইকেট না পেলেও দ্বিতীয় স্পেলে ঠিকই সতীর্থদের আনন্দে ভাসিয়েছেন পোলক, কলিন স্মিথকে (১৫) বোল্ড করে। তবে ১১৩ রানে ৬ উইকেট হারিয়ে ফেলার ধাক্কা স্কটল্যান্ড সামলে উঠেছে ব্রাউন ও ব্লেইনের ৫০ রানের জুটির কল্যাণে। হলের তৃতীয় শিকারে পরিণত হওয়া ব্লেইন ২৩ রান করে ক্যাচ দিয়েছেন কেম্পকে। এর পর হফম্যান ৩টি বাউন্ডারি ও একটি ছক্কায় ১১ বলে ১৮ রান করে আরেকটু এগিয়ে দিয়েছেন দলকে। তিনি ইনিংসের শেষ বলে রান আউট হলেও ব্রাউনকে আউট করতে পারেননি দক্ষিণ আফ্রিকার কোনো বোলার। ১০ ওভারে ৪৮ রানে ৩ উইকেট নিয়েছেন হল।
স্কটল্যান্ড : ৫০ ওভারে ১৮৬/৮ (ওয়াটস ২৪, মাজিদ হক ১৩, ওয়াটসন ৩১, হ্যামিল্টন ৪, ম্যাককালাম ১, ব্রাউন অপঃ ৪৫, কলিন স্মিথ ১৫, ব্লেইন ২৩; পোলক ১/২৫, এনটিনি ০/২৫, হল ৩/৪৮, ল্যাঙ্গেভেল্ট ২/৪৮, ক্যালিস ০/২১, স্মিথ ০/১৩)।
দক্ষিণ আফ্রিকা : ২৩ দশমিক ২ ওভারে ১৮৮/৩ ( স্মিথ ৯১, ডিভিলিয়ার্স ৬২, প্রিন্স ২১, কেম্প অপরাজিত ১২, পোলক অপরাজিত ০, অতিরিক্ত ২, হক ২/৪৩, রজার্স ১/৪৭)।
