ইতিহাসের দায় নিয়ে শ্রীলংকার সামনে বাংলাদেশ
একটা সময় ছিল, যখন পেছন দিকে ফিরে তাকালে বাংলাদেশের ক্রিকেটকে মনে হতো অন্ধকার এক সুড়ঙ্গ। এখন আর মোটেই তেমন নয় ব্যাপারটা। হোক না তথাকথিত ‘ছোট’ দলগুলোর সঙ্গে খেলেই, জয় পাওয়াটা আজকাল এমনই নিয়মিত ব্যাপারে পরিণত হয়েছে যে আজকাল পেছন ফিরে তাকানো মানেই একটা না একটা কোনো প্রেরণার সন্ধান। ভারতের বিপক্ষে এই বিশ্বকাপের প্রথম ম্যাচটা খেলতে নামার আগে যেমন ছিল ২০০৪ সালের ২৬ ডিসেম্বর, তেমনি আজ ফিরে আসবে ২০০৬ সালের ২২ ফেব্র“য়ারির স্মৃতি।
শ্রীলংকার বিপক্ষে খেলা ১৮টি ওয়ানডের মধ্যে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে খেলা ওই একটাতেই তো জয় পেয়েছে বাংলাদেশ! তবে আসরটা বিশ্বকাপ বলেই কি না, ফিরে আসছে চার বছর আগের এক দগদগে স্মৃতিও। দক্ষিণ আফ্রিকার পিটারমারিজবার্গে বিশ্বকাপে দুদলের একমাত্র দেখায় যে শ্রীলংকানরা লজ্জার অতলেই ডুবিয়েছিল বাংলাদেশকে।
টস হেরে আগে ব্যাট করতে নামা বাংলাদেশ ১ ওভার শেষে ৫ রানে ৪ উইকেট হারানো দলে পরিণত হয়েছিল সেদিন। নির্দিষ্ট করে বললে চামিন্ডা ভাস বানিয়েছিলেন। প্রথম তিন বলে ওপেনার হান্নান সরকার, মোহাম্মদ আশরাফুল ও এহসানুল হককে তুলে নিয়ে হ্যাটট্টিকের আনন্দে ভাসার একবল পরেই সানোয়ার হোসেনও ছিলেন তার শিকার। শেষমেষ ২৫ রানে ৬ উইকেট নেওয়া ভাস প্রায় একাই ১২৪ রানে শেষ করে দিয়েছিলেন বাংলাদেশকে। শ্রীলঙ্কা ম্যাচ জিতেছিল ১০ উইকেটে।
চার বছর পরের চিত্রটা অবশ্য একেবারেই উল্টো। শ্রীলঙ্কানরা সব সময়ই পেশাদার, তো সেই পেশাদারিত্ব না থাকলেও আজ ওই পিটারমারিজবার্গকে ফিরিয়ে আনার স্বপ্ন দেখতো না তারা। ভারতের বিপক্ষে বাংলাদেশের পারফরম্যান্সের পর আর সেই সুযোগই নেই! তাই মাহেলা জয়াবর্ধনের দলও বাংলাদেশকে নিয়ে বেশ চিন্তায় আছে বলেই খবর। আর হাবিবুল বাশাররাও তো আরেকবার বড় খবরের শিরোনাম হওয়ার জন্য তৈরি হয়েই আছেন।
ক্রিকেটে বহুল জনপ্রিয় মত হচ্ছে --- কখনো উইনিং কম্বিনেশন ভাঙ্গতে নেই। এটা মনে রেখে বাংলাদেশ আজ শ্রীলঙ্কার সঙ্গে আগের ম্যাচের একাদশ অপরিবর্তিত রেখেই নামছে বলে পোর্ট অফ স্পেন থেকে জানিয়েছেন নফহবংি২৪.পড়স এর ক্রীড়া সম্পাদক মোস্তফা মামুন। যদিও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে ভারত ম্যাচের জন্য ঘোষিত ১২ জনের দলটাই। মানে এ ম্যাচেও দ্বাদশ ব্যক্তির ভূমিকাই নিতে হচ্ছে পেসার তাপস বৈশ্যকে। তিন স্পিনার খেলানোর নীতিতেই আস্থা রাখছে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট। সেই সঙ্গে বাংলাদেশ বোধহয় এখন ইতিহাসেরও আস্থাভাজন হয়ে উঠতে শুরু করেছে। ইতিহাসের কাজ জয়ের পদধ্বনি শোনানো। হাবিবুলরা সেটা শুনছেন এবং শুনে তার পুনরাবৃত্তি ঘটানোর তৎপরতাও তো দেখাচ্ছেন।
প্রথম ম্যাচে জয়ের পর সুপার এইটে একপা দিয়ে রেখেছে বাংলাদেশ। আজ জিতলে চোখ বুজে বলে দেওয়া যাবে, কথা রেখেছেন হাবিবুলরা। বলে দেওয়া যাবে বিশ্বকাপে যাওয়ার আগে উচ্চারিত শেষ আটে খেলার স্বপ্নটা কেবলই স্বপ্ন ছিল না তাদের।
১২ জনের বাংলাদেশ দল : হাবিবুল বাশার (অধিনায়ক), শাহরিয়ার নাফীস ( সহ --- অধিনায়ক), তামিম ইকবাল, আফতাব আহমেদ, সাকিব আল হাসান, মোহাম্মদ আশরাফুল, মুশফিকুর রহিম, মোহাম্মদ রফিক, আব্দুর রাজ্জাক, মাশরাফি বিন মর্তুজা, সৈয়দ রাসেল এবং তাপস বৈশ্য।
