ভারত ম্যাচের চিত্রনাট্যই মঞ্চস্থ হওয়া চাই আবার
ভারতীয় ব্যাটসম্যানরা স্পিনটা খুব ভালো খেলেন। সুতরাং তাদের বিপক্ষে তিন স্পিনার রেখে একাদশ সাজানো ঠিক হবে কি না তা নিয়ে দ্বিধা ছিল অনেকেরই। কিন্তু শেষপর্যন্ত সেটা অকারণ বলেই প্রমাণ করেছেন রফিক-রাজ্জাকরা।
এবার সামনে শ্রীলঙ্কা। ওদের ব্যাটসম্যানদেরও স্পিনার ঠ্যাঙ্গানোয় খ্যাতি আছে। তবে শচীন টেন্ডুলকার --- রাহুল দ্রাবিড়দের মতো তাদের সামনেও আসতে পারে সেই খ্যাতির বিড়ম্বনা, যদি...। যদি প্রথম ম্যাচেই দাঁড় করিয়ে ফেলা তত্ত্বটা এবারো ঠিকঠাক প্রয়োগ করতে পারেন মোহাম্মদ রফিক --- আব্দুর রাজ্জাক --- সাকিব আল হাসান নামের বাংলাদেশের স্পিনত্রয়ী। ওয়াহিদুল গণির বিশ্বাস এ রকমই। জাতীয় দলের এই সাবেক লেগস্পিনারের মূল পরিচিতি বাংলাদেশে তার দুই খ্যাতিমান শিষ্যের ‘গুরু’ হিসেবেই। মোহাম্মদ আশরাফুল এবং শাহরিয়ার নাফীস।
“মুত্তিয়া মুরালিধরনকেও ঠ্যাঙ্গানো যায়, নাচানো যায়” --- প্রথম জন তো ব্যাট হাতে এই চিত্রনাট্যের প্রথম বাংলাদেশী রচয়িতা। মুরালির স্পিনকে বুড়ো আঙুল দেখিয়েই তো টেস্টের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান হিসেবে ইতিহাসের পাতায় উঠিয়েছিলেন নিজের নাম। আর নাফীস আন্তর্জাতিক ক্রিকেটের মাধ্যমেই নিজেকে পুরো বিকশিত করার উদাহরণ। তাদের ক্রিকেট পাঠদাতা ওয়াহিদুল আবার দেখতে চাইছেন এটাই, “ভারতের ব্যাটসম্যানরা ভালো স্পিন খেলে বলেই ওদেরকে ভালো বল করা যাবে না --- এমন তো নয়। বোলিংটা ঠিকমতো হলে ভালো ব্যাটসম্যানদেরও খারাপটা বের হয়ে আসতে পারে। রফিক --- রাজ্জাক --- সাকিবরা ভারত ম্যাচে তা করে দেখিয়েছে। আমি চাইবো শ্রীলঙ্কা ম্যাচেও ওরা সেটা করে দেখাক। তাহলেই হয়ে যাবে।”
তার আগে মাশরাফি বিন মর্তুজা ও সৈয়দ রাসেলদের কাছে তার দাবি থাকছে, “সেদিন (১৭ মার্চ) পেসাররা দুর্দান্ত শুরু করে যে পথটা দেখিয়েছিল, স্পিনাররা সেটাকে অনুসরণ করেছে। শ্রীলঙ্কা ম্যাচেও পেসারদের কাছ থেকে একই রকম শুরু চাইবো। মোটকথা আমাদের দেখে যেন মনে হয় আরেকটা ভারত ম্যাচই এটা।”
কিন্তু শ্রীলঙ্কান ব্যাটসম্যানরাই শুধু বাংলাদেশের চিন্তার কারণ নন। চিন্তার বড় একটা অংশ জুড়ে আছেন বোলাররাও। বিশেষ করে বিশ্বসেরা অফস্পিনার মুত্তিয়া মুরালিধরন। তবে তিনি আক্রমণে আসবেন তো অনেক পরে। এর আগে বোলিংটা শুরু করবেন ব্যাটসম্যানদের ঘুম কেড়ে নিতে জানা চামিন্ডা ভাস। গত বিশ্বকাপে প্রথম ওভারেই হ্যাটট্রিকসহ চারটা উইকেট তুলে নিয়ে দীর্ঘদিন বাংলাদেশের ব্যাটসম্যানদের কাছেও দুঃস্বপ্নের প্রতিশব্দ হয়ে ছিলেন এই বাঁ হাতি পেসার। এখানেও হাবিবুল বাশারদের নির্ভয় করছেন ওয়াহিদুল। অবশ্য সূত্রটা তিনি দিচ্ছেন তামিম ইকবালের কাছ থেকে ধার করে, “বলের ওপর নজর রাখলেই হবে। বোলারের ওপর নয়।”
বাংলাদেশের প্রথম টেস্ট অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয় কিন্তু মুরালির একটা প্রত্যঙ্গে নজর রাখার টোটকা দিচ্ছেন, “চ্যাম্পিয়ন্স ট্রফিতেও মুরালিকে ভালোভাবেই সামলে দিয়েছিল আমাদের ব্যাটসম্যানরা। এই অফ স্পিনারের দুসরাটা বোঝা একটু কঠিন অবশ্য। ওটা বুঝে এবং ওর কব্জির দিকে লক্ষ্য রেখে খেলতে বলব আমি।”
বাংলাদেশের বিপক্ষে মুরালির সাফল্য অবশ্য টেস্টের সমানুপাতিক নয় ওয়ানডেতে। ৬ টেস্টে যেখানে ৫০ উইকেট সেখানে ওয়ানডেতে ১১ ম্যাচে ১৯ উইকেট। কিন্তু খেলার মাঠে তো আর পরিসংখ্যান --- টংখ্যান খুব একটা কাজে আসে না। সেখানে খেলেই টলাতে হয়। স্পিন খেলায় দক্ষ বাংলাদেশের সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদীন নান্নু দিচ্ছেন মুরালিকে আক্রমণের ফর্মুলা, “মুরালি এমন একজন বোলার, যাকে কিনা রেখেঢেকে খেলতে গেলেই বিপদ। একেবারে চেপে বসবে। তাই ওর সমীহ পেতে হলে অল আউট অ্যাটাকের বিকল্প নেই।”
বিসিবির হাই পারফরম্যান্স কোচ ওয়াহিদুল গণি কিন্তু বিকল্প দেখছেন, “শুরুতে আক্রমণে যাওয়ার দরকার নেই। আমি বলবো প্রথমে ব্যাটসম্যানরা সিঙ্গেল নিয়ে চালাক। সিঙ্গেল আটকাতে না পারলে একসময় হতাশ হয়ে পড়বে। তখন না হয় আক্রমণ করা যাবে।”
চামিন্ডা ভাসকেও এভাবেই প্রথমে একটু দেখেশুনে খেলার পক্ষপাতি নাঈমুর। মিনহাজুল আবার আক্রমণকেই প্রথম ও শেষ কথা মানছেন। ভাসের জন্য তার তোপ দাগানোর প্রধান বারুদ তামিম ইকবাল হবেন, সেটাই স্বাভাবিক। কিন্তু জহির খান আর ভাস নিশ্চয়ই এক নন। সুতরাং এখানে একটু সাবধানতার অবকাশ আছেই। যখন নাঈমুরও অবলীলায় রায় দিচ্ছেন, “লাইন আর লেন্থের ওপর ভাসের নিয়ন্ত্রণ অসাধারণ। তাই ওকে খেলা একটু কঠিন।” মিনহাজুল কাঠিন্যকে জয় করার ছক কেটে দিচ্ছেন এভাবে, “মানলাম লাইন আর লেন্থ নিখুঁত ভাসের। ওটাকে শ্রদ্ধা করে বসে থাকলেই তো আর আমাদের কাজ হচ্ছে না। আমাদের জিততে হবে। জিততে হলে সবার আগে জরুরি ভাসের লাইন আর লেন্থটা এলোমেলো করে দেওয়া। সেজন্য আক্রমণে যেতেই হবে। তামিম আছে না!”
এই কাজটার জন্য তামিমের দিকে তাকিয়ে আছেন নাঈমুরও, “ভাসের ক্ষেত্রে আমি প্রথম কয়েকটা ওভার দেখে নিতে বলবো। ও উইকেট থেকে কোনো সুবিধা পাচ্ছে কিনা সেটাও বুঝে নিতে হবে ওই সময়ের মধ্যে। দেখেশুনে খেলার জন্য শাহরিয়ার নাফীস তো আছেই। আর তামিম ওর স্বভাবসুলভ আক্রমণাতœক খেলাটাই খেলুক।”
তামিম ঝড় তুলবেন। মাশরাফি --- রাসেল দারুণ শুরু দেবেন। তারওপর দাড়িয়ে স্পিনাররা সাফল্যের মিনার গড়বেন। এই তো! উপসংহারে ১৮ ফেব্র“য়ারির ম্যাচের চিত্রনাট্যেরই পুনরাভিনয় দেখতে চাইছেন এই তিন সাবেক ক্রিকেটার। এখন ১১ জন কুশীলব মাঠে সেটার প্রতিফলন ঘটাতে পারলেই সুপার এইট নিয়ে আর কোনো অনিশ্চয়তা থাকে না বাংলাদেশের। তখন বারমুডা ম্যাচটাকে স্রেফ ‘পিকনিক ক্রিকেট’ও বানিয়ে ফেলা যায় চাইলে!
