উলমারের মৃত্যুকে সন্দেহের চোখে দেখছে পুলিশ
পাকিস্তানের ক্রিকেট কোচ বব উলমারের মৃত্যুকে এখন সন্দেহের চোখে দেখছে জ্যামাইকার পুলিশ।
জ্যামাইকা পুলিশের ডেপুটি কমিশনার মার্ক শিল্ড মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বলেন,“প্যাথলজিস্ট, চিকিৎসক এবং তদন্তকারীদের সঙ্গে কথা বলে আমরা যথেষ্ট তথ্য পেয়েছি, যা দিয়ে উলমারের মৃত্যুর ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চালানো যাবে।” এসব তথ্য পেয়ে পাকিস্তানের কোচের আকস্মিক মৃত্যুকে সন্দেহের চোখে দেখতে শুরু করেছেন তারা।
তিনি আরো বলেন,“তদন্তে অগ্রগতির বিষয়টি ইতোমধ্যে আমরা উলমারের পরিবারকে জানিয়েছি। একইসঙ্গে পাকিস্তান দলের ম্যানেজমেন্ট, ক্রিকেট বিশ্ব কাপ আয়োজক কমিটি এবং আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি, যাতে সবাই তদন্তের অগ্রগতি সম্পর্কে জানতে পারে।”
পাকিস্তান দলের মুখপাত্র পারভেজ মীরও মনে করেন উলমারের মৃত্যুকে সন্দেহের চোখে দেখেই তদন্ত চালিয়ে যাওয়া উচিত,“এ মুহুর্তে সব কিছুকেই সন্দেহের চোখে দেখতে হবে। সন্দেহ গুরুতর হতে পারে, আবার না -- ও হতে পারে। আমাদের দলের কোচ মারা গেছেন, অথচ আমরা এর কারণ জানতে পারছি না।”
জ্যামাইকার পুলিশ অবশ্য এখনো কাউকে সন্দেহভাজন হিসেবে দেখছে না।
পুলিশের বক্তব্যের ব্যাপারে আইসিসি কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।
হোটেল কর্তৃপক্ষও জানিয়েছে, পুলিশ তাদেরকে পুরো বিষয় না জানানো পর্যন্ত তারা মুখ খুলতে রাজি নয়।
ওদিকে মঙ্গলবার পাকিস্তান ক্রিকেট বোর্ড মন্তব্য করেছে, উলমারের মৃত্যুর ময়নাতদন্তে প্রাপ্ত তথ্য ‘অসম্পূর্ণ’।
রোববার কিংস্টনের জ্যামাইকা পেগাসাস হোটেলের নিজ কক্ষে অচেতন অবস্থায় পাওয়া যায় উলমারকে। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তার মৃত্যু হয়েছে বলে জানান। পাকিস্তান ক্রিকেট দল আয়ারল্যান্ডের সঙ্গে ম্যাচে অপ্রত্যাশিতভাবে হেরে যাওয়ার ২৪ ঘন্টার ভেতরে ভয়াবহ এই দুঃসংবাদে হতভম্ব হয়ে যায় ক্রিকেট বিশ্ব ।
অচেতন অবস্থায় উদ্ধারের সময় উলমারের বাথরুমের মেঝেতে রক্ত, দেওয়ালে বমির চিহ্নও পাওয়া যায়। নিজ কক্ষে মুখ হা করে অচেতন হয়ে পড়েছিলেন ক্রিকেট প্রশিক্ষণে তথ্যপ্রযুক্তির সন্নিবেশ ঘটানো উলমার।
