২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উপমহাদেশের ক্রিকেট ভালোবাসায় প্রশ্নচিহ্ন

“আমাদের মূর্তি তো আর নতুন করে পুড়ছে না। আমরা মনে হয় এখন এতে খানিকটা অভ্যস্ত।” রাহুল দ্রাবিড় কথাটা বলে খানিকটা হাসলেন। হাসালেনও। বিষয় বাংলাদেশের সঙ্গে হারের পর ভারতে জনমানসে তার বিস্ময়কর বিরূপ প্রতিক্রিয়া। তাতে রাচিতে মহেন্দ্র সিং ধোনির বাড়ির দেয়াল ভাঙ্গা হয়েছে, অন্যদের কুশপুত্তুলিকা দাহ থেকে শুরু করে যা যা হয়েছে তাতে নিরাপত্তার স্বার্থে পুলিশ মোতায়েন হয়েছে। সেটা তার দলের মনোবলে কতোটা প্রভাব ফেলছে, আর ফেললে দ্রাবিড় বা টিম ম্যানেজমেন্ট হৃত মনোবল ফিরিয়ে আনতে কী করছে না করছে সেটা জানতে চেয়েছিলেন বারমুডার সঙ্গে ম্যাচের শেষে একজন ভারতীয় সাংবাদিক। রাহুল দ্রাবিড় জানালেন তাদের নামে যে হায় হায় ধ্বনি উঠছে কিংবা মূর্তি যে পুড়ছে সেসব নিয়ে তারা খুব একটা চিন্তিত নন। ভারত খারাপ খেললে ঘটনাটা যেহেতু নিয়মিতই ঘটে কাজেই তারা এতে মোটামুটি অভ্যস্ত। চিন্তার কথা একটাই। দেশে তাদের স্বজনরা আছেন। তাদের শারীরিক কোনো ক্ষতি যদি হয়! ইনজামামদেরও একই অবস্থা। গত বিশ্বকাপের পরের একটা ছবির কথা খুব মনে আছে। মুলতান বিমানবন্দরে এক বন্ধুর হাত ধরে পেছনের দরজা দিয়ে পালিয়ে বাঁচছেন ইনজামাম। আর এবার তো দেশে ফেরার আগে তাকে পদত্যাগ করতে হলো। তাতে যদি ফিরতে ফিরতে মানুষ কিছুটা শান্ত হয়। কিন্তু তিনি, বব উলমার তো শান্তি-অশান্তির উর্ধ্বে চলে গেলেন। তার মৃত্যুটা খুন না হত্যা তাই নিয়ে বিতর্ক খুব মিনমিনে স্বরে হলেও শুরু হয়ে গেছে। সেটা তদন্তসাপেক্ষ ব্যাপার, এবং অন্য কিছু প্রমানিত না হওয়া পর্যন্ত এটা মৃত্যু। ক্রিকেটের চাপজনিত কুপ্রভাবে। খেলার জন্য জীবনটা উৎসর্গ করে শেষপর্যন্ত জীবনটাই হারাতে হবে। ক্রিকেট দর্শকদের এই উন্মাদনা নিয়ে তাই গোটা ওয়েস্ট ইন্ডিজের দ্বীপ-দ্বীপান্তরে আলোচনা-বিতর্ক।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2007, 08:32 PM

Updated : 26 Apr 2022, 02:09 PM

এসব প্রতিক্রিয়ার দুরকম মানে আছে। সোজা হিসাবে নিন্দনীয়। এসব বর্বর আচরণ সভ্য সমাজে মেনেই নেয়া যায় না। জাতিগত লড়াই হলেও এটা যুদ্ধ নয়, শেষ পর্যন্ত খেলা, আর খেলার মূলমন্ত্র হিসাবে শান্তি-সম্প্রীতি-বন্ধুত্ব এসব কথাই উচ্চারিত হয়ে থাকে সাধারণত। অথচ খেলতে গিয়ে খেলোয়াড়রা মৃত্যুর মুখোমুখি। মানাই যায় না। আবার অন্য দিক থেকে দেখতে গেলে খেলার সঙ্গে মানুষের আবেগ যে কতোটা মিশে, কতোটা হৃদয় দিয়ে মানুষ খেলাটাকে অনুভব করে এটা তো তারও একটা প্রমান। প্রমান দেশাত্মবোধের। দেশের হারটা ক্ষুব্ধ মন মেনে নিতে পারে না বলেই সীমা ছাড়ায়। প্রত্যাশা যেখানে তীব, প্রতিক্রিয়া তো সেখানেই তীব্রতর। কিন্তু তাহলেও শান্তির ক্রিকেটের বিশ্বকাপ কেন এত অশান্তি ছড়াবে! খেলা মানে আর যা--ই হোক কখনোই তো মারামারি হতে পারে না। কে জানে জীবন বিপন্ন হওয়ার এমন ঝুঁকি থাকলে ক্রিকেটারদের কেউ কেউ হয়ত ক্রিকেটার না হয়ে সামরিক বাহিনীতে নাম লেখাতেন। তাহলে অন্তত বিপদের মানসিক প্রস্তুতিটা  থাকত। পরিবারকেও তখন সুরক্ষিত রাখতে পারতেন নিজেদের শক্তিতেই।

তার পর দিন সনাথ জয়াসুরিয়া সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঘটনাটার খুব নিন্দা করলেন। এবং জানালেন শ্রীলঙ্কায় এমন ঘটনা কোনো দিন ঘটবে বলে তারা বিশ্বাস করেন না, “আমাদের দেশেও ক্রিকেট সমর্থক আছে। কিন্তু তারা অতো উগ্র নয়। আশা করি এমন উগ্র কোনো দিন হবেও না।” অস্ট্রেলিয়া বা ইংল্যান্ডের কোনো ক্রিকেটারেরও সম্ভবত দেশে মূর্তি পুড়বে না। গালাগালিও ওরা বিশেষ খান না। আবার একই সঙ্গে ভারত-পাকিস্তানের মতো ওরা পূজনীয়ও নন। ভারতে কেউ একজন একটা সেঞ্চুরি করলেই এমন হৈ-হৈ শুরু হয় যেন দুনিয়া জয় হয়ে গেছে। স্পনসর পিছু নেয়, বিজ্ঞাপনে সুন্দরী মডেলদের সঙ্গে ওদের ওঠা-বসা শুরু হয়ে যায়, সোজা সমাজের অভিজাত শ্রেণীতে। সমাজবিজ্ঞানীরা বলতে পারবেন, নিমেষেই আলাদীনের চেরাগ বাতির মতো এত কিছু পেয়ে যায় বলে বঞ্চিত মানুষের মধ্যে ওদের প্রতি এক ধরনের গুপ্ত ঈর্ষাবোধ থাকে বোধহয়। ন্যুনতম সুযোগেই তাতে জ্বলে আগুন। সেই আগুনেই ক্রিকেটারদের পুড়তে হয়। পাকিস্তানের সাংবাদিকরা অবশ্য ভারত-পাকিস্তানের কারণটা এক করে দেখতে রাজি নন। তাদের বিশ্বাস, ভারতের অতি আবেগের কারণে ঘটনাটা ঘটে। তাছাড়া মিডিয়া প্রত্যাশাটা আকাশে নিয়ে যায় বলে সামান্য পা ফসকালেই মানুষের মধ্যে গেল গেল ভাব তৈরি হয়। পাকিস্তানে ক্রিকেট ভারতের মতো এত বিশাল ব্যাপার নয়, জাতি হিসাবে পাকিস্তানীরা অতোটা ক্রিকেটাবেগীও নন। তাদের ক্ষেত্রে ক্ষোভের ঘটনাটা ঘটে অবিশ্বাস থেকে। পাকিস্তান হারলেই সাধারণ মানুষ ধরে নেয় টাকা খেয়ে...। তাই তিলের সমান ঘটনায় তাল গাছের সমান প্রতিক্রিয়া...। জন রাইটও সেদিন ভারতীয় সাংবাদিকদের  কাছে চাপের বিষয়টা ব্যখ্যা করে বলছিলেন,“এই বিশ্বকাপটায় আমি অনেক নিশ্চিন্ত। জানি যে অন্তত আর যা-ই হোক ফেরার দিনটাতে নিশ্চিন্তে বাড়ি ফিরতে পারবো।” এই বিশ্বকাপে তিনি বিশেষজ্ঞ ভাষ্যকার, কিন্তু গত বিশ্বকাপে ছিলেন ভারতের কোচ। এবং গতবার তিনি এই ক্ষুব্ধ প্রতিক্রিয়ার অল্প-বিস্তর শিকার। এবার সেরকম  কিছু হবে না ওটাই তার শান্তি। এবারের কোচ গ্রেগ চ্যাপেলের ভাগ্যে কী আছে সেটা আপাতত শুধু ভাগ্যবিধাতাই জানেন। তবে ববের ঘটনাটা শুনে রসিকতার স্বরেই তিনি গুরুতর একটা কথা বলে ফেলেছেন। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী উলমারের মৃত্যুর খবর শোনার পর তার প্রথম প্রতিক্রিয়া নাকি ছিল,“এরপর কী তাহলে আমি!” ভারত প্রতিক্রিয়া প্রকাশে আরও পাগুলে; তারাও বাঁধভাঙ্গা। তাহলে!

বব উলমার সেসব প্রতিক্রিয়ার চূড়ান্ত রূপটা দেখার আগেই সরে গেলেন। সসম্মানে। এখন অনেক কথা হচ্ছে। পাকিস্তান পাতানো ম্যাচ খেলেছিল এবং উলমার সেটা ফাঁস করে দিতে পারেন বলে তৃতীয় কোন শক্তি তাকে সরিয়ে দিয়েছে। হোটেলে একটা জলজ্যান্ত এবং গুরুত্বপূর্ণ মানুষ মরে পড়ে থাকলেন অথচ কেউ টেরই পেলো না, সন্দিগ্ধদের কাছে সেটা একটা বড় প্রশ্ন। তাছাড়া তার কক্ষে যে রক্তবমির চিহ্ন পাওয়া গেছে সেটাও নাকি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যাওয়াদের ক্ষেত্রে অস্বাভাবিক ব্যপার। এর কোনটা ঘটনা, আর কোনটা রটনা সেটা জানাবে সময়, কিন্তু আপাতত যেটুকু জানা যাচ্ছে তা হলো ক্রিকেট এবং তার চাপজনিত কুপ্রভাবই আসলে উলমারের যমদূত। আর সেখানেই আবার প্রশ্নবিদ্ধ উপমহাদেশের ক্রিকেটের আবেগী ঐতিহ্য। ’৯৯ বিশ্বকাপে এর চেয়ে আরও অনেক স্নায়ুক্ষয়ী ছিল উলমারের দল দক্ষিণ আফ্রিকার বিদায়। দর্শকদেরই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হওয়ার মতো অবস্থা। সেটা সামলাতে পারলেন উলমার অথচ...। ব্যবধান তখন দেশটার নাম ছিল দক্ষিণ আফ্রিকা, এখন পাকিস্তান।

উপমহাদেশীয় আবেগ এখনকার ক্রিকেটের শ্বাসবায়ুর প্রধান যোগানদার। এখানকার ভালোবাসায় ভর করেই ক্রিকেট বেঁচে-বর্তে আছে। এখন সেই ভালোবাসাই যদি ক্রিকেটের শ্বাস-প্রশ্বাস বন্ধ করে দেয়ার হুমকি দেয় তাহলে তো পুরনো কথাটা বলতেই হয়। বেশি ভালো ভালো নয়।

আর এই ক্ষতিকর উন্মাদনা যারা দেখায় তারা যতোটা ক্রিকেটপ্রেমী তার চেয়ে বেশি উন্মাদ। আক্ষরিক অর্থেই!