২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সর্বজয়ী থেকে সর্বহারা! কেন?

আকাশ এবং পাতাল। অ কিংবা চন্দ্রবিন্দু। চড়াইয়ের সর্বোচ্চ থেকে উতরাইয়ের সর্বনিম্ন বিন্দু। এসব একেবারে চরম বিপরীত উপমাই আসছে মাথায়। বিষয় বাংলাদেশের পারফরম্যান্স। ভারতের সঙ্গে ম্যাচে যে দলটাকে ম্যাচের শুরু থেকেই মনে হলো জিগীষায় ভরপুর সর্বজয়ী, সেই দলটাকেই কেন শ্রীলংকার সঙ্গে ম্যাচে এমন সর্বহারা মনে হবে! ভারতকে হারিয়ে যারা টুর্নামেন্টের প্রধান চমক, তারাই নিজেদের এমন অন্ধকার চেহারা দেখালো যে ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে সাংবাদিকরা রীতিমতো গবেষক। মাত্রাতিরিক্ত উল্লাসে খেলা থেকে মনটা সরে যাওয়া, নাকি সত্যিকারের শক্তিগত তফাত --- এর কোনটা বাংলাদেশকে এমন উল্টিয়ে দিলো, বের করা যাচ্ছে না।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2007, 05:09 PM

Updated : 26 Apr 2022, 02:09 PM

ঠিক যে দলীয় শক্তিকে মাথায় নিলে ভারতের চেয়ে শ্রীলংকা দলীয় শক্তিতে অনেক সুসমন্বিত। ব্যাটিংয়ে হয়তো ওরা উনিশ --- বিশে পিছিয়ে থাকবে, কিন্তু বোলিংয়ে  লংকানরা অনেক এগিয়ে। ফিল্ডিংয়ে তার চেয়েও বেশি তফাত। আর  এর বাইরে দল হিসাবে ঐক্য --- সংহতি এসব বিবেচনায় শ্রীলংকা এত এগিয়ে যে বাংলাদেশের হারের কারণ খুঁজে পেতে অসুবিধা নেই। তবু এই নির্মম আত্মসমপর্নের ব্যখ্যা নেই। হাবিবুল বাশার বারবার বললেন,“আজ আসলে ছিল আমাদের জন্য একটা খারাপ দিন। কিছুই আমাদের পক্ষে যায়নি। তাই....।” কিন্তু অজুহাতটা মেনে নিলেও প্রশ্ন থাকছে, কিছুই পক্ষে গেলো না কেন? তিন দিনের মধ্যে দুই বিশ্ব চ্যম্পিয়নকে ভূ -- পাতিত করার শক্তি বাংলাদেশ এখনও অর্জন করেনি,ঠিক, তাই বলে দুশ’ রানে হারার দিনও তো পেছনে ফেলে এসেছে বলেই আমাদের ধারণা ছিল। বারমুডা যে ব্যবধানে হারে তেমন ব্যবধানে হারলে নতুন বাংলাদেশের সুরটাই যে ছিন্নভিন্ন হয়।

আর কোনোকিছুই হবে না কেন? আগের দিনের মতোই তো আগে ফিল্ডিং পাওয়া গিয়েছিল। বাংলাদেশ অধিনায়কের বক্তব্য অনুযায়ী, উইকেটেও অনেক কিছু ছিল। তাহলে! সমস্যাটা আসলে শুরু থেকে। হাবিবুল বাশারের কথার পর বোঝা গেলো যে উইকেটে কিছু ছিল। বোলিং দেখে অবশ্য সেটা মনে হয়নি। উইকেটে যা -- ই থাকুক সেটা থেকে ফল পেতে বলটা জায়গায় ফেলতে হয়। রাসেল মনে করলেন, সেই জায়গাটা হচ্ছে লেগ স্টাম্পের অনেক বাইরে। তাই আলগা বল বেরোতে থাকল, শট খেলার অনেক জায়গা, আর ব্যাটসম্যানের নাম যখন করিম আর রহিম নয়, জয়াসুরিয়া আর থারাঙ্গা, তখন মুল্যটা দিতেই হবে। মাশরাফির বলেও আগের ম্যাচের বিষ নেই, আছে চিবিয়ে খাওয়ার মতো সুস্বাদু নানান উপাদান, কাজেই...।

আর যে রাজ্জাকের বলের ভাষা কেউ পড়তে পারে না সাধারণত, তিনি এমন সাধারণ যে ১০ ওভারে ব্যয় হয়ে গেল ৮৬। ভাগ্যিস রফিক ঝাকের কৈ হননি, নইলে রানটা ৩১৮ না হয়ে আরও অনেক বেশি হয়। জয়াবর্ধনে মনে করেন কৃতিত্বটা আসলে তার দলেরই,“আমরা জানতাম,বাংলাদেশের তেমন ব্যাক আপ বোলার নেই। ওদেরকে শুরুতে উইকেট  দিলে ওদের ৫ বোলার হয়ে যায় ৭ জন বোলার। আর উইকেট না দিলে ৫ বোলার হয়ে যায় ৪ জন। আমাদের লক্ষ্য ছিল দ্বিতীয়টা। সেইমতোই এগিয়েছি। আর জয়াসুরিয়া যা ব্যাট করলো...!’ আর ব্যাটিংয়ের বেলাতেও মাহেলার যুক্তিটাকেই মনে হচ্ছে গ্রহনযোগ্য,“বাংলাদেশ আসলে ঠিক নিশ্চিত ছিল না, ওদের কী করা উচিত! শট খেলবে, নাকি খেলবে না। এই দ্বিধাটাকেও আমরা কাজে লাগিয়েছি।”

নির্বাচকমন্ডলীর চেয়ারম্যান এবং দলের টেকনিক্যাল উপদেষ্টা ফারুক আহমেদ জানাচ্ছেন, দুই উইকেট পড়ার পরই বাংলাদেশ দল ড্রেসিং রুমে নিজেদের পরিকল্পনাটা বদলে ঠিক করেছিল যে ব্যবধান যতটুকু সম্ভব কমানোর চেষ্টা করবে। শুরুতে কি তাহলে পরিকল্পনা ছিল ৩১৯ রানের অবিশ্বাস্য টার্গেট ধাওয়া করা? হাবিবুলের কাছ থেকে জানা যাচ্ছে বিষয়টাকে এত কঠিন না করে বাংলাদেশের লক্ষ্য ছিল,“প্রথম ২০ ওভার নিজেদের মতো করে খেলা। তারপর অংক করা। কিন্তু শুরুর ১০ --- ১৫ ওভারে অনেক বেশি উইকেট হারিয়ে ফেলাতে আসলে তখন আর তেমন কিছু করার উপায় ছিল না।” সমস্যা সেটাই। শাহরিয়ার নাফীস তার রানের কোটা বিশ্বকাপের আগেই শেষ করে ফেলেছেন বোধহয়। দুই ম্যাচেই সহ --- অধিনায়ক পতনের পথের প্রদর্শক। তামিমের কাছ থেকে এখনই রোজ রোজ ধুন্দুমার কাণ্ড আশা করা যায় না। সময় আর সুযোগ পেলে আফতাব দেখিয়ে দিতে পারবেন যে  তামিমের চেয়ে তার শটের ঝুলিও কম স্ফীত নয়, কিন্তু সময়টা পেতে হলে তো নিজেকে রক্ষা করতে হবে, সেটাই  হচ্ছে না। দুয়েকটা উচ্চাভিলাষী শটে আশা এবং তারপর দায়িত্বহীন শটে আশার মৃত্যু। এসব দিনে অধিনায়কের অভিজ্ঞতার কাছে চাহিদাটা আরও বেড়ে যায়। অথচ যেভাবে তিনি রান আউট, সেটা দায় তো মেটায়ই না, বরং দায়িত্বহীনতার আরেকটা নির্মম এবং করুণ চিত্র হয়।

ব্যাটিং অর্ডারে আশরাফুলের নাম্বার হলো ৬, কিন্তু প্রথম ৬ ওভারের মধ্যে উইকেট পড়লে ধরে খেলতে দক্ষ মুশফিকুরকে ওয়ানডাউনে পাঠানোর তত্বের কারণে তার নাম্বার হয়ে দাঁড়াচ্ছে ৭। কাজেই রোগী মারা যাওয়ার পর ডাক্তার আসার মতো তিনি যখন আসেন ততোক্ষনে প্রায় শেষ। রোগী মারা যাওয়ার পর আসা ডাক্তার যা করেন তাতে তো আর কাজ কিছু হওয়ার নয়, কাজেই আশরাফুলের কিছু আশরাফুলসুলভ শটে হাততালি পাওয়া গেছে, এই যা! ব্যাটসম্যানদের চরম ব্যর্থতার এই দিনে ‘টেইল এন্ডার’রা কিছু না করতে পারলে ওদের দোষ দেয়া যায় না।

তারুন্যের আকর্ষনটা তার রোমাঞ্চে। অসম্ভবকে সম্ভব করার দুনির্বার এবং বাধভাঙ্গা নেশা যেমন মজার তেমনি তার উল্টোপিঠটা প্রচণ্ড ঝুঁকিময়। ভারতের সঙ্গে ম্যাচে দেখা গিয়েছিল আলোকিত অংশটা, পরশু দেখা গেলো তার অন্ধকাময় পিঠ। ভয় হলো, সেই অন্ধকারটা তাদের পুরো দিকভ্রান্ত করে ফেলে কিনা! হাবিবুল বাশারের কাছেও সেটাই চিন্তার,“এই ম্যাচে ব্যবধানটা কমালে রান --- রেটের জন্য ভালো হতো জানি। কিন্তু সেটা এমন কিছু বিষয় নয়। ভারত এবং   শ্রীলংকা রান --- রেটটা অনেক বাড়িয়ে রাখাতে আসলে আমাদের এই বড় হারে সেদিক থেকে হয়তো তেমন কোনো এদিক --- সেদিক হবে না। কিন্তু চিন্তা যেটা সেটা হলো মনোবল। আমরা ওয়েস্ট ইন্ডিজে আসার পর এই প্রথম হারলাম আর সেটা এমন খারাপভাবে হলো যে মানসিকতার ওপর খুব বড় ধাক্কা হয়ে যেতে পারে।”

 সেই ধাক্কা সামলে বারমুডার সঙ্গে ম্যাচে প্রত্যাশিত জয়টা পাওয়া যাবে তো? হাবিবুল বা বাংলাদেশ দল অবশ্য তার চেয়ে অনেক বেশি তাকিয়ে আছে ভারত --- শ্রী লংকা ম্যাচের দিকে। ঐ ম্যাচে শ্রীলংকা জিতলে, বারমুডার সঙ্গে যে কোনো ব্যবধানে জিতলেই বাংলাদেশ সুপার এইটে। এই বড় হারের ধাক্কা তখন আর গলাধাক্কা নয়, সামান্য চোট মাত্র, যা কবিরাজ ছাড়াই সেরে যায়। তাই ভারতীয় সাংবাদিকদের নানান উস্কানিকে এড়িয়ে গিয়ে হাবিবুল বললেন,“আমরা এখন তাকিয়ে আছি ভারত --- শ্রীলংকা ম্যাচের দিকে। ঐ ম্যাচে শ্রীলংকা জিতলেই আমাদের কাজটা অনেক সহজ হয়ে যায়।” এবং তারপরই নাকি বারমুডার সঙ্গে ম্যাচ নিয়ে অংক শুরু করবে বাংলাদেশ।

ভারত না হারলে অবশ্য অংক --- টংক করেও খুব লাভ বোধহয় নেই। শ্রীলংকার সঙ্গে ম্যাচ শেষে প্রধান নির্বাচক এবং বাংলাদেশের সাংবাদিকরা অংক করার একটা চেষ্টা করছিলেন, সেই অংক ক্রমেই বানরের তৈলাক্ত বাঁশ বেয়ে ওঠা কিংবা ফুটো হয়ে থাকা চৌবাচ্চার পানি খালি হওয়ার অংকের মতোই জটিল হতে থাকল!