পুরনো দিনের বাংলাদেশকে ফিরিয়ে আনলো শ্রীলঙ্কা
শ্রীলঙ্কান বোলারদের বড় পছন্দ মোহাম্মদ আশরাফুলের। কিন্তু যেদিন তিনি ভালো খেলেন ওদের বিপক্ষে, সেদিন যেন অন্যরা পণ করে বসে থাকেন ভালো খেলবেন না। বুধবার পোর্ট অফ স্পেনেও হলো সেটাই। কুইন্স পার্ক ওভালে বিশ্বকাপের ‘বি’ গ্র“পের ম্যাচে একপ্রান্তে আশরাফুল লড়লেন কিন্তু অন্য প্রান্তের সব ব্যাটসমানরা সব সেই পুরনো দিনের বাংলাদেশের মতোই আত্মহননের মিছিলে মাতায় ভারতকে হারিয়ে আকাশে উড়তে থাকা বাংলাদেশ পরের ম্যাচেই একেবারে ভূপাতিত। আশরাফুলের অপরাজিত ৪৫ রান সত্ত্বেও বিশ্বকাপে নিজেদের সর্বনিম্ন স্কোর ১১২ রানে অলআউট হয়ে ১৯৯ রানের বিশাল হার হাবিবুলদের সুপারএইটের স্বপ্নকেও দিয়েছে একটা বিরাট ধাক্কা।
ব্যবধানটা কিন্তু আসলে আরো বড়ই হওয়ার কথা। ৫০ ওভারে শ্রীলঙ্কা তুলেছিল ৪ উইকেটে ৩১৮ রান, কিন্তু বৃষ্টির কারণে খেলাটি ৪৬ ওভারে সীমিত করায় বাংলাদেশের নতুন টার্গেট নির্ধারণ করা হয় ৩১১। বাংলাদেশকে গুঁড়িয়ে দিতে শ্রীলঙ্কার অবশ্য অতক্ষণ অপেক্ষা করতে হয়নি, ৩৭তম ওভারের শেষ বলেই অলআউট হয়ে গেছে ‘টাইগার’রা। এ ম্যাচে অবশ্য বাঘ নয়, সিংহের থাবায় আক্রান্ত হরিণ শাবকের মতোই ছিল তাদের পারফরম্যান্স। চার বছর আগে পিটারমারিজবার্গে বিশ্বকাপে দুদলের শেষ দেখায় যে দুঃস্বপ্ন উপহার দিয়েছিল শ্রীলঙ্কানরা, পোর্ট অফ স্পেনে সেটাকে কবর দেওয়ার বদলে বাংলাদেশ বরং ডেকে আনলো আরো বড় দুঃস্বপ্ন।
শুরুটা করেছেন পিটারমারিজবার্গের সেই দুঃস্বপ্নের খলনায়ক চামিন্ডা ভাসই। পঞ্চম বলেই তিনি তুলে নিয়েছেন শাহরিয়ার নাফীসকে। অফ স্টাম্পের দিকে সরে খেলতে গিয়ে এলবিডাব্লিউর ফাঁদে পড়েছেন এই বাঁ হাতি ব্যাটসম্যান। ওয়ানডে ক্রিকেটে পনেরোশো রান ছুঁতে এদিন মাত্র ৩ রান করলেই হত তার। কিন্তু বাংলাদেশ দলের সহ অধিনায়ক আউট হয়েছেন কোনো রান না করেই। এরপর চতুর্থ ওভারে লাসিথ মালিঙ্গাকে বাউন্ডারি মারার পরপরই তামিম ইকবালও (৬) উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরে যাওয়ায় ৭ রানে ২ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। এরপর এই বিপর্যয় দীর্ঘায়িতই হয়েছে শুধু। মালিঙ্গাকে উড়িয়ে মারতে গিয়ে আফতাব আহমেদ (১২) ফাইন লেগে হয়েছেন সেঞ্চুরিয়ান সনাৎ জয়াসুরিয়ার ক্যাচ। ভারতের বিপক্ষে ফিফটি করা মুশফিকুর রহিম (৬) ফারভিজ মাহরুফের বলে ব্যাকওয়ার্ড পয়েন্টে ক্যাচ দিয়েছেন। ২৬ রানে চার উইকেট হারানোর পর সাকিব আল হাসানকে (৬) নিয়ে লড়াই শুরু করেন অধিনায়ক হাবিবুল, কিন্তু মুত্তিয়া মুরালিধরনও এসে ধ্বংসযজ্ঞে যোগ দিলে সেটা শুরু হতে না হতেই শেষ! বলের লাইন মিস করে বোল্ড ভারত বধের আরেক নায়ক সাকিব আল হাসানও (৪)। আশরাফুলের সঙ্গে জুটি বেঁধে ভালোই খেলছিলেন অধিনায়ক হাবিবুল, কিন্তু বাংলাদেশের খারাপ দিনের ষোলোকলা পূর্ণ করে তিনি হলেন রান আউট। দলের রান তখন ৭২, হাবিবুলের ১৮।
বৃষ্টির পর ফিরে এসে মাশরাফি (৭) ইনিংসের প্রথম ছক্কাটি মেরে একটা ঝলক দেখালেও পরের বলেই তিনি থারাঙ্গার ক্যাচের শিকার। এরপর রফিক (৭)--- ছক্কা মারার চেষ্টায় বাউন্ডারির কাছে ক্যাচ দিয়ে তার বিদায়ের পর রাজ্জাক (০) যন্ত্রণা দেননি স্কোরারদের, ২৭ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচের সেরা বোলার লাসিথ মালিঙ্গার লাফিয়ে ওঠা দারুণ গতির একটি বলে পরাস্ত হয়ে উইকেটের পিছনে ক্যাচ দিয়েছেন তিনি। আর অন্যপ্রান্তে আশরাফুলকে হাফসেঞ্চুরির দোরগোড়ায় রেখে শেষ ব্যাটসম্যান সৈয়দ রাসেল (০) হয়েছেন রানআউট।
সকালে ইনজুরি নিয়েই সনাৎ জয়াসুরিয়ার চব্বিশতম ওয়ানডে সেঞ্চুরি আর সঙ্গে চামারা সিলভা ও কুমার সাঙ্গাকারার দুটি ফিফটিতে বাংলাদেশের ওপর রানের পাহাড়ই চাপিয়ে দেয় শ্রীলঙ্কা।
টস জিতে বাংলাদেশ অধিনায়ক হাবিবুলের প্রতিপক্ষকে ব্যাট করতে পাঠানোর সিদ্ধান্তটাকে এরপর প্রশ্নবিদ্ধই মনে হবে। তবে শুধু সেটাই বা কেন? ভারতের বিপক্ষে প্রথম ম্যাচের বাংলাদেশকে এদিন যেন খুঁজেই পাওয়া যায়নি। ফিল্ডারদের আঙুল গলে পড়েছে ক্যাচের পর ক্যাচ, উইকেটের পিছনে যথার্থই স্কুলবালকের মতো কাঁপা হাতের পারফরম্যান্স দেখিয়েছেন মুশফিকুর রহিম, মাশরাফি তার ১০ ওভারের স্পেলে ৬৬ রান দিয়ে কোনো উইকেট পাননি, একমাত্র উইকেটের পিছনে রাজ্জাকের খরচ ৮৬ রান। শ্রীলঙ্কানরা সবমিলিয়ে মেরেছে ১২টি ছক্কা, এ যেন সেই পুরনো দিনের বাংলাদেশের ছবি!
ক্যাচ ফেলায় সবার আগে থাকবেন হাবিবুল নিজেই। মাহেলা জয়াবর্ধনের যে ক্যাচটা তার হাত ফস্কে গেছে, সেটার জন্য তাকে দায়ি করা না গেলেও কুমার সাঙ্গাকারারটা ফেলা ছিল অমার্জনীয়। কিন্তু সে জন্য খুব একটা দুঃখ পেতে হয়নি বাংলাদেশ অধিনায়ককে। পরের বলেই মিড অফে দারুণ এক ক্যাচ নিয়ে সাঙ্গাকারাকে (৫৬) ফিরিয়ে দিয়েছেন তামিম ইকবাল। বোলার ছিলেন সৈয়দ রাসেল।
শেষ পর্যন্ত অবশ্য একটা ক্যাচ নিতে পেরেছেন হাবিবুল। সেটা জয়াসুরিয়ার। কিন্তু ততক্ষণে সর্বনাশ যা করার করেই দিয়েছেন এই বাঁহাতি। মাত্র ৮৭ বলের এক বিধ্বংসী ইনিংসে সাতটি ছক্কাসহ করেছেন ১০৯ রান। ভাগ্যিস ইনজুরির কারণে কিছুটা সময় তাকে মাঠের বাইরে কাটাতে হয়েছে, নইলে আরো কি যে করতেন!
২৪তম ওভারে বৃষ্টি নামায় মিনিট বিশেক বন্ধ ছিল খেলা। এরপর আবার মাঠে নেমে প্রথম ওভারেই রফিকের বলে জয়াবর্ধনের একটি শট ফাইন লেগে যাওয়ার পর রান নিতে চেয়েছিলেন জয়াসুরিয়া, কিন্তু মাঝপথে চলে যাওয়ার পর জয়াবর্ধনে তাকে ফিরিয়ে দিলে ঘুরতে গিয়ে ব্যথা পান তিনি। ওভারশেষে ফিজিওর হাত ধরে খুঁড়িয়ে মাঠ ছাড়ার সময় সেঞ্চুরি থেকে ১৭ রান দূরে ছিলেন তিনি। ৪৫তম ওভারে সাঙ্গাকারার বিদায়ের পর আবার মাঠে ফিরে অবশ্য নতুন করেই ঝড় তুলেছেন। বিশাল এক ছক্কায় সেঞ্চুরি পূর্ণ করার পর রাজ্জাকের বলে আরেকটি মারতে গিয়ে ক্যাচ দিয়েছেন তিনি।
জয়াসুরিয়ার কল্যাণেই শ্রীলঙ্কা পেয়েছে দুর্দান্ত এক সূচনা। উপুল থারাঙ্গাকে নিয়ে প্রথম উইকেটে ৯৮ রানের জুটি গড়ার পথে রীতিমতো ঝড়ই তুলেছিলেন তিনি। আটটি বাউন্ডারি ছাড়াও চারবার বলকে সীমানা পার করিয়েছেন উড়িয়ে। প্রথম দুবার রাসেলের বলে ফ্লিক করে মিডউইকেট দিয়ে, আর তারপর রাজ্জাকের করা ত্রয়োদশ ওভারে লংঅফ ও বোলারের মাথার ওপর দিয়ে মারা দুটি ছক্কা দিয়ে তিনি পুরণ করেছেন ফিফটি। এ জন্য মাত্র ৪৩ বল লেগেছে তার।
তার বিদায়ের আগেপরে তিনবার লাইফ পেয়ে আর একবার আম্পায়ারের বদান্যতায় বেঁচে গিয়েও অবশ্য হাফসেঞ্চুরি করতে পারেননি মাহেলা জয়াবর্ধনে। মুশফিকের আনাড়িপনায় দুদুবার রানআউটের হাত থেকে বেঁচেছেন শ্রীলঙ্কা অধিনায়ক, আর একবার তাকে জীবন দিয়েছেন হাবিবুল। রফিকের বলে শর্ট কাভারে তার দেওয়া ক্যাচ অনেকটা লাফিয়ে হাত ছুঁইয়েও জমাতে পারেননি বাংলাদেশের অধিনায়ক। জয়াবর্ধনের সংগ্রহ তখন ২৪। পরের ওভারে আবার তার বিরুদ্ধে কট বিহাইন্ডের এক জোরালো আবেদনে সাড়া দেননি আম্পায়ার ডেভিস।
তবে হাফসেঞ্চুরি থেকে ৪ রান দূরে থাকতে সাকিবের বলে ছক্কা মারতে গিয়ে লংঅফে আফতাবের হাতে ধরা পড়ে বিদায় নিয়েছেন শ্রীলঙ্কা অধিনায়ক। ৩৬তম ওভারে তার বিদায়ের সময় শ্রীলঙ্কার স্কোর ২০২/২। এরপর দ্বিতীয় স্পেলে ফেরা সৈয়দ রাসেল ও আব্দুর রাজ্জাক রানের গতিতে খানিকটা বাঁধ দিয়েছিলেন, তবে ৪০তম ওভারে সাকিবকে দুটি ছক্কা মেরে আবার সেই গতি ফিরিয়ে এনেছেন সাঙ্গাকারা (৩২) আর চামারা সিলভা (১৪)। ৩৬ থেকে ৪০, এই পাঁচ ওভারে ৪১ রান তুলে নিয়েছেন তারা! আর তারপর তো সেই জয়াসুরিয়া ঝড়! সিলভাও অবশ্য কম যাননি, ৪৮ বলে তার ৫২ রানের হার না মানা ইনিংসেও ছিল দুটি ছক্কা!
সকালে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দিয়েছেন বাঁহাতি স্পিনার রফিক। পনেরোতম ওভারে তিনি যখন বল হাতে পেলেন ততক্ষণে বাংলাদেশি সমর্থকদের মনে শংকার কালো মেঘ। কিন্তু বল হাতে পেয়েই রফিক বদলে দিয়েছেন পরিস্থিতি। আগের ম্যাচে প্রথম বলে উইকেট পেয়েছিলেন, এবার পেলেন দ্বিতীয় বলে। উপুল থারাঙ্গাকে (২৮) বিদায় করে দেওয়ায় অবশ্য বড় ভূমিকা আছে পয়েন্টে দাঁড়ানো ফিল্ডার আফতাবেরও। দ্বিতীয় প্রচেষ্টায় দুর্দান্ত এক ক্যাচ নিয়েছেন তিনি। ওই ধাক্কার পর জয়াসুরিয়ার ঝড়ও খানিকটা থিতিয়ে আসে, পাওয়ার প্লের শেষ পাঁচ ওভারে শ্রীলঙ্কা তুলতে পেরেছে মাত্র ২০ রান, পরের চার ওভারে ১৪।
এমনকি জয়াসুরিয়াকেও আউট করার সম্ভাবনা জাগানো গেছে এই সময়ে। রাজ্জাকের বলে ফাইন লেগ দিয়ে উড়িয়ে মারা জয়াসুরিয়ার শট থেকে অবিশ্বাস্য এক ক্যাচ প্রায় নিয়েই ফেলেছিলেন বাউন্ডারি লাইনে দাঁড়ানো আশরাফুল, যদিও রাখতে পারেননি শেষ পর্যন্ত। তবে নিশ্চিত ছক্কা বাঁচিয়ে পাঁচটি রান সেভ করেছেন অবশ্যই। এক বল বাদেই জয়াবর্ধনেকে রানআউট করার সুবর্ণ সুযোগ নষ্ট করেছেন উইকেটকিপার মুশফিকুর রহিম।
ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে দারুণ সাফল্যের পর ওই ম্যাচের পুরো গেমপ্ল¬্যানেরই পুনরাবৃত্তি আশা করছিল হাবিবুলের দল। কিন্তু সে রকম হয়নি মোটেই। আগের ম্যাচে টস হারা হাবিবুল এদিন জিতেছেন মুদ্রা নিক্ষেপে, জিতে নিয়েছেন ফিল্ডিং। কিন্তু শুরুতে ভালো বোলিং করলেও ভারতের ওপেনারদের মতো বেঁধে ফেলা যায়নি সনাৎ জয়াসুরিয়া আর উপুল থারাঙ্গাকে। দেখেশুনে শুরু করলেও যতই ম্যাচ গড়াচ্ছিল, ভয়ঙ্কর হয়ে উঠছিলেন জয়াসুরিয়া।
শুরুতেই অবশ্য শ্রীলঙ্কাকে চেপে ধরার সুযোগ হারিয়েছে বাংলাদেশ। জয়াসুরিয়ার সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউটের কবলে পড়তে যাচ্ছিলেন উপুল থারাঙ্গা। কিন্তু রাসেলের থ্রো লক্ষ্যভেদ করতে পারেনি বলে আবারো শুরুর আনন্দে ভাসা হয়নি হাবিবুলদের। একাদশ ওভারেই রাজ্জাককে নিয়ে এসে আর মাশরাফিকে প্রান্ত বদল করিয়েও সাফল্য পাওয়া যায়নি। তবে শ্রীলঙ্কান দুই ওপেনারকে ভালোই ভুগিয়েছেন মাশরাফি আর রাসেল। থারাঙ্গা-জয়াসুরিয়া দুজনই একাধিকবার প্লেড অনও হতে যাচ্ছিলেন। আর একবার মাশরাফির বল গ্লাভসে লেগে ব্যথাও পেয়েছেন থারাঙ্গা।
সংক্ষিপ্ত স্কোর :
শ্রীলঙ্কা : ৫০ ওভারে ৩১৮/৪ ( থারাঙ্গা ২৬, জয়াসুরিয়া ১০৯, জয়াবর্ধনে ৪৬, সাঙ্গাকারা ৫৬, সিলভা অপরাজিত ৫২, আরনল্ড অপরাজিত ৫, অতিরিক্ত ২৪, মাশরাফি ০/৬৬, রাসেল ১/৫৮, রাজ্জাক ১/৮৬, রফিক ১/৪৮, সাকিব ১/৪৯)
বাংলাদেশ : ৩৭ ওভারে ১১২/১০ ( তামিম ৬, নাফীস ০, মুশফিক ৬, আফতাব ১২, সাকিব ৪, হাবিবুল ১৮, আশরাফুল অপরাজিত ৪৫, মাশরাফি ৭, রফিক ৭, রাজ্জাক ০, রাসেল ০, অতিরিক্ত ৭, ভাস ১/১১, মালিঙ্গা ৩/২৭, মাহরুফ ১/২৬, মুরালিধরন ১/১৫, জয়াসুরিয়া ০/২, আরনল্ড ১/১৭, দিলশান ১/১২)
