আবার লারার মুখোমুখি নিয়াল ও’ব্রায়েন
মাত্র তিন বছর আগের ঘটনা। অভিজ্ঞতাটা খুব স্বাভাবিক হলে নিশ্চয়ই ভুলে যেতেন ব্রায়ান লারা। কিন্তু তা তো নয়! ইংল্যান্ড যাওয়ার পথে দুটো ম্যাচ খেলতে গিয়ে প্রথমটিতেই আয়ারল্যান্ডের কাছে হেরে বসেছিল ওয়েস্ট ইন্ডিজ। আরো বড় কথা, হেরে যাওয়া সে ম্যাচে লারা হেরে গিয়েছিলেন নিয়াল ও’ব্রায়েনের কাছে। শুক্রবার ‘ডি’ গ্র“পের এক ম্যাচে মুখোমুখি হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ -- আয়ারল্যান্ড। টুর্নামেন্টের জন্য অনেকটা গুরুত্বহীন এক ম্যচ, তবে লারার জন্য তা নয়। তার জন্য এটা পুরোনো হিসেব চুকানোর দারুণ সুযোগ!
স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ উঠে গেছে সুপার এইটে। আয়ারল্যান্ডও শেষ আটে জায়গা করে নিয়েছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন পাকিস্তানকে হারিয়ে। তারপরও যেটুকু গুরুত্ব আছে তা হলো, এ ম্যাচ জিতলেই পাওয়া হবে গ্র“প চ্যাম্পিয়নের মর্যাদা। পরের পর্বেও এর সুবিধে ভোগ করা যাবে। অবশ্য ব্রায়ান লারার মনে এসব হিসেব হয়তো খুব বেশি উঁকি দেবে না। সব ছাপিয়ে সেই ঘটনাই হয়তো ফিরে আসবে বার বার --- ব্যাট করতে নেমে শুরুতেই ক্যাচ দিয়েছেন লারা। ফিল্ডারদের জোরালো আবেদনে আম্পায়ার সাড়া না দিলেও ক্যাচ নেয়া ফিল্ডার এগিয়ে এসে তাকে বললেন, আসলে যেহেতু আউট তাই লারার চলে যাওয়া উচিত। কথাটা মানতে আপত্তি করায় ফিল্ডারটির সঙ্গে ত্রিনিদাদের যুবরাজের খানিকটা তর্কও হলো। তারপর আবার শুরু হলো খেলা। একটু পরে মাত্র ১ রান করে লারা আউট। ঘটনাটা ২০০৪ সালের। আয়ারল্যান্ডের সেই ফিল্ডারটির নাম নিয়াল ও’ব্রায়েন। তখন এ নামের কোনো ক্রিকেটারকে কেউ চিনত না। কিন্তু এবারের বিশ্বকাপে ৭২ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে পাকিস্তানকে হারানোয় সবচেয়ে বড় ভূমিকা রাখার পর আইরিশ এই ক্রিকেটার সবার কাছেই কম -- বেশি পরিচিত।
লারার কাছে পরিচয়টা এখনো একটু অন্যরকম। এমন নয় যে এখনো নিয়ালকে শত্র“ ভাবেন লারা। পরেও একবার দেখা হয়েছে দুজনের। সেই অভিজ্ঞতা এবং তার সম্পর্কে লারার সাম্প্রতিক ভাবনা সম্পর্কে ধারনা দিয়েছেন নিয়াল নিজেই,“ স্টরমন্টে আমাদের ওই মতবিরোধের ঘটনার দুদিন পর আমি আবার কেন্টের হয়ে খেলতে নামলাম ওর (লারা) বিপক্ষে। মনে হলো ও যেন নিজের চোখকে বিশ্বাসই করতে পারছে না। আমার মনে হয় ও আমাকে যথেষ্ট দেখেছে। ক’দিন আগে ডোয়াইন ব্রাভোর সঙ্গে কথা হলো, ও বললো,‘ ব্রায়ান তোমাকে হ্যালো বলতে বলেছে।’ জ্যামাইকায় আমি ওকে দেখার অপেক্ষায় আছি।”
আয়ারল্যান্ডের অধিনায়ক ট্রেন্ট জনসনও ম্যাচটাকে খুব গুরুত্বের সঙ্গেই নিচেছন, “ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে আমরা ভালো করার চেষ্টা করবো। নিজেদের শতভাগ উজাড় করে দেবো এ ম্যাচে।”
