২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যাচ ভারত - শ্রীলংকার, কিন্তু থাকবে বাংলাদেশও

“হ্যা। ওরা ওদের মাটিতে আমাদের খুব হারিয়েছিল। কিন্তু এটা তো অন্য জায়গা। অন্য প্রতিযোগিতা। কাজেই...” বক্তার নাম মাহেলা জয়াবর্ধনে। আর নামটা বদলে যখন রাহুল দ্রাবিড় হচ্ছে তখনও কথা খুব একটা বদলাচ্ছে না,“ঠিক আমরা ওদেরকে আমাদের মাটিতে হারিয়েছিলাম। কিন্তু এটা বিশ্বকাপের ম্যাচ। এখানে সবকিছুই অন্যরকম।”

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2007, 09:53 PM

Updated : 26 Apr 2022, 02:09 PM

সেই অন্যরকম ম্যাচে, অন্যরকম পটভূমিতে আজ মুখোমুখি দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়ন। গ্র“প পর্যায়ের এই ম্যাচটা যেখানে গ্র“পের চ্যাাম্পিয়ন --- রানার্স আপ নির্ধারনী ম্যাচ হওয়ার কথা, দু --- দলই ফুরফুরে মেজাজে খেলে সুপার এইটের আগে শক্তি --- দুর্বলতা যাচাই বাছাই করে নেওয়ার কথা যেখানে, সেখানে আজ মুখোমুখির আগে ভারতের সামনে পরিষ্কার মৃত্যুর চোখ রাঙ্গানি। শ্রীলংকা তুলনামুলক নিশ্চিত। তবু আজ হেরে গেলে ওদেরও বাদ পড়ে যাওয়ার একটা ক্ষীণ আশঙ্কা।

ভারত --- বারমুডা ম্যাচের পরদিন সাংবাদিকদের মুখোমুখি হলেন যুবরাজ সিং। আগের দিন বাংলাদেশের জ্বালা বারমুডার ওপর মেটাতে গিয়ে ভারত যে তাণ্ডব চালিয়েছে যুবরাজ তার প্রধান সেনাপতি। ওদের বোলারদের অনভিজ্ঞতাকে এমন ইচ্ছামতো কাজে লাগিয়েছেন যে ৪৬ বলে তার রান ৮৩। ব্রায়ান লারার মাঠে লারাসুলভ ব্যাটিং! আগের ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ম্যাচেও ভারতের যে একজনকে শুধু নিজের চেহারাতে দেখা গিয়েছিল তিনিও যুবরাজ সিং। সেই যুবরাজ সিংও বলছেন একই কথা,“শ্রীলংকাকে আমরা নিজেদের মাঠে বেশ অনেকবার হারিয়েছি, কিন্তু বিশ্বকাপের ম্যাচটা অতো সহজ ব্যাপার নয়। আমরা আত্মবিশ্বাসী, কিন্তু জিততে হলে আমাদের কঠিণ পরিশ্রম করতে হবে।” কঠিন পরিশ্রম বলতে যুবরাজ কী বোঝাতে চাইলেন কে জানে, কিন্তু এটা সত্যি যে ভারতের কোচি --- কটকের ম্যাচ আর এখানকার ম্যাচ এক নয়। কন্ডিশন ভারতের পক্ষে, দর্শকও তাদের বেশি, কিন্তু শ্রীলংকা দলকে বিশ্বকাপে এমন একীভূত দেখাচ্ছে যে হারের আগে তাদের হারের আশংকা করাটাই মুশকিল। ভারতের ক্ষেত্রে সেই সমস্যা নেই। ওরা যে হারতে পারে সেটা বাংলাদেশ দেখেছে। বাংলাদেশ দেখিয়েছে।

বিশ্বকাপে সর্বোচ্চ রানের মালিক তিনি। ওয়ানডের মতো এখানেও সব রেকর্ড তার হাতের মুঠোয়। বারমুডার বিপক্ষে শেষ ম্যাচে ২৯ বলে ৫৭ -- তে জানা গেছে এখনও তিনি চ্যালেঞ্জ নিতে তৈরি। সেই টেন্ডুলকার কী আজই শেষ বিশ্বকাপ ম্যাচ খেলবেন! বয়স এখন ৩৩, ৩৭ -- এ খেলা অস্বাভাবিক কিছু নয়, কিন্তু ইনজুরি যেমন তার পিছু নিয়েছে, তার কুপ্রভাবে ব্যাটেও সেই আগের ধার নেই, চার বছর পরের আগ্রাসী টেন্ডুলকারকে তাই আর কল্পনা করা যায না। বরং তার চেয়ে এটাই কল্পনা করা সহজ যে টেন্ডুলকার আগামীবার আর থাকছেন না। আর তাই শুক্রবার যদি ভারত না জিতে তাহলে এ ম্যাচই তার শেষ। চিন্তা করলেই যেমন অদ্ভুত লাগে, তেমনি এই চিন্তাটাও অদ্ভুত যে রাহুল দ্রাবিড় এবং সৌরভ গাঙ্গুলীরাও তাদের শেষ বিশ্বকাপটা গ্র“প পর্যায়েই শেষ করে ফেলবেন!

পুরো দলীয় শক্তি বিবেচনায় শ্রীলংকা এগিয়ে, ভাস ও মুরালীধরনের মতো বোলাররাই বা কোথায়, তাই যা করার করতে হবে এই তিনজন অথবা শেবাগ --- যুবরাজের কোনো একজনকে। ওরা কেউ একজন ওদের মতো একটা বড় সেঞ্চুরি করলেই সম্ভব। যুবরাজ সিং কেন যেন মনে করছেন,এখানে ২৪০ --- ২৬০ রান করলেই চলবে। তা ভারতের ব্যাটিং মহীরুহের কেউ একজন সেঞ্চুরি করলেই রান এর চেয়ে বেশিই হওয়ার কথা।

বাংলাদেশের সঙ্গে ভারতের হারের দিন মাঠের বাইরে লাগানো বিলবোর্ডগুলো গুনে গুনে দেখছিলাম। মোট বিজ্ঞাপনের শতকরা ৬০ ভাগই ভারতীয কোম্পানির। ভারত থেকে আসা সাংবাদিকের সংখ্যাটা এত বেশি যে এর ফলে ত্রিনিদাদের জনসংখ্যার ঘনত্বই বোধহয় খানিকটা বেড়ে গেলো। দর্শকদের উন্মাদনায়ও এখানে যথারীতি ভারত এক নাম্বারে। সেই ভারত, ক্রিকেটের অক্সিজেনের যোগানদাতা ভারত প্রথম রাউন্ড থেকে ছিটকে যাবে! তাহলে বিশ্বকাপের বিশ্বকাপ হওয়া হবে তো! এসব দেখে দেখেই বাংলাদেশের একজন ক্রিকেটার আশংকা করছিলেন,“ভারতকে টুর্নামেন্টে টিকিয়ে রাখার জন্য না অন্য কোনো পাায়তারা করা হয়। আইসিসি --- স্বাগতিক সবাই-ই তো চাইছে ভারত থাকুক! কে জানে...।’ বাংলাদেশের ভয়ের কারণ ভারত পেছনের দরজা দিয়ে কোনো উপায় বের করে ফেললে তো বাংলাদেশ বিশ্বকাপে নেই। এই গ্র“পের হালচালে অবস্থা যেখানে এসে ঠেকেছে তাতে হয় বাংলাদেশ নয় ভারত। বাংলাদেশের দৃষ্টি থেকে সরে একটু নিরপেক্ষ দৃষ্টি দিয়ে দেখুন। ভারত বিদায় নিলে বিশ্বকাপের জন্য বিষয়টা কী ক্ষতিকর হয়ে দাঁড়াচ্ছে। প্রথম রাউন্ডের পরই ভারত-পাকিস্তানের কেউ নেই! তাহলে এটা কিসের বিশ্বকাপ! ক্রিকেটের শ্রেষ্ঠতম পূজারীরা পূজা শুরু হতে না হতেই অনাহুত!

তা বিশ্বকাপ নিয়ে বিশ্ব ভাবুক, বাংলাদেশ ভাববে বাংলাদেশ নিয়ে। আর সে ভাবনা অনুযায়ী ভারতকে হারতে হবে। শ্রীলংকাকে জিততে হবে। তাই আজ টেন্ডুলকারদের সেঞ্চুরি কেউ দেখতে চায় না। আজ বরং মুরালি --- ভাসের তোপই বেশি আকর্ষণীয়। বাংলাদেশের ভারতীয় ক্রিকেটের সমর্থকরাও বোধহয় আজকের দিনে এই ত্যাগ স্বীকারে তৈরি!