কুইন্সটাউন, ৩০ ডিসেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরিজ শেষ। কিন্তু আসলে শেষ নয়। কারণ সিরিজ জিতে যাওয়া নিউজিল্যান্ড কিংবা হেরে যাওয়া বাংলাদেশ দুই দলই সোমবারের তৃতীয় ও শেষ ওয়ানডে থেকে কুড়িয়ে নিতে চাইছে অনেক কিছু। নিউজিল্যান্ডের লক্ষ্য জয়ের ধারাটা ধরে রেখে বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের সিরিজ তো বটেই, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা সফরে ফেলে আসা আত্মবিশ্বাসটা ফিরে পেতে। বাংলাদেশ চায় আন্তর্জাতিক ক্রিকেট থেকে তাদের শেখার যে চলমান প্রক্রিয়া তা এই ম্যাচেও চালু থাকুক।
প্রথম দুই ম্যাচ বড় ব্যবধানে জিতেছে নিউজিল্যান্ড। ৩ ম্যাচের সিরিজটা তারা জিতে গেছে এরই মধ্যে। সে হিসাবে শেষ ম্যাচটা শুধুই আনুষ্ঠানিকতা। কিন্তু পর্যটকদের শহর কুইন্সটাউনের এই ম্যাচটাকে কেউই আনুষ্ঠানিকতার বৃত্তে বন্দী রাখতে রাজি নয়। বাংলাদেশ কোচ জেমি সিডন্স যেমন বলছেন,''আমরা এখনও শিখছি। আমাদের কাছে প্রতিটি ম্যাচই শেখার একটা সুযোগ।'' আর সেই দৃষ্টিকোন থেকে দেখছেন বলেই সিরিজ হেরে যাওয়াটা তার কাছে বজ্রাঘাত নয়। এবং সেজন্যই তিনি এই ম্যাচেও খুব কিছু করে ফেলার প্রতিশ্র"তি দিতে রাজি নন, ''আমরা যদি বলি নিউজিল্যান্ডের মতো দলের সঙ্গে নিয়মিত লড়াই করতে পারব তাহলে সেটা ভুল বলা হবে। আমাদের খেলোয়াড়রা খুবই তরুণ। কেউ কেউ তো এখানে আন্তর্জাতিক পর্যায়ে জীবনের প্রথম অথবা দ্বিতীয় ম্যাচ খেলছে।''
প্রথম ম্যাচটাতে আশরাফুলের ৫৭ বলে ৭০ রানের সুবাদে বাংলাদেশ এমন জায়গায় ছিল যেখান থেকে অঘটন ঘটানো সম্ভব ছিল। কিন্তু মিডলঅর্ডার পথ হারিয়ে ফেলে এরপর। দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ড ৩৩৫ রানের পাহাড় গড়ে ফেলায় খুব কিছু করার ছিল না। তবু মিডল অর্ডারের ব্যর্থতায় কার্যকর লড়াই করা হয়ে ওঠেনি এবারও। মোটের ওপর দুই ম্যাচ মিলিয়ে যা পর্যবেক্ষণ তাতে সিম বোলিং সামলানোয় বাংলাদেশের মিডল অর্ডারের ব্যর্থতাই হয়ে দাঁড়াচ্ছে পথের কাঁটা। শুরুটা কিন্তু ভালো হচ্ছে, অন্তত সিডন্সের কাছে প্রত্যাশারও বেশি কিছু। বিশ্বকাপের পর থেকে নিজেকে হারিয়ে খুঁজছিলেন তামিম ইকবাল, নিউজিল্যান্ডে এসে সেই হারানো দ্যুতি যেন ফিরেছে তার ব্যাটে। বড় স্কোর পাননি এখনও, কিন্তু সাহস-শরীরী ভাষা দিয়ে জুনায়েদ ইমরোজ উজ্বল আগামীর প্রতিশ্র"তি দিচ্ছেন। আফতাব প্রথম ম্যাচে স্বভাবসুলভ ভালো শুরু করে খারাপ আউট হয়ে গেলেও দ্বিতীয় ম্যাচে ফিফটি পেয়েছেন। কিন্তু এসব কোনোকিছুই নয়, বাংলাদেশে অংক ওল্টানো কিছু করতে হলে কেন্দ্রবিন্দুতে থাকতে হবে একজনকেই। মোহাম্মদ আশরাফুল।
আশরাফুল মানেই আশাভঙ্গের গল্প- বাংলাদেশ ক্রিকেটের এই প্রচলিত দীর্ঘশ্বাস দূর করে এ বছর আশরাফুল প্রত্যাশাকে প্রাপ্তিতে রূপ দিতে শুরু করেছেন। বিশ্বকাপে ম্যাচ জিতিয়েছেন, শ্রীলঙ্কাতে সেঞ্চুরি করেছেন, টুয়েন্টি-টুয়েন্টি বিশ্বাকাপেও বাংলাদেশকে দ্বিতীয় রাউন্ডে নিয়ে যাওয়ার মূল কৃতিত্বও তার। এখানেও অন্যরা সহায়তা করলে তার ৫৭ বলে ৭০ রানের ইনিংসটি হতে পারত আরেকটি ম্যাচ উইনিং ইনিংস। দ্বিতীয় ম্যাচে পারেননি, সোমবারের তৃতীয় ম্যাচ কি পারবেন? বাংলাদেশকে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম জয় পেতে হলে কিন্তু আশরাফুলের ব্যাটে যাদু ভর করতেই হবে।
হারলেও নিউজিল্যান্ডের তেমন কিছু এসে যায় না। কিন্তু এই ম্যাচের নিউজিল্যান্ড চায় গত ম্যাচের পারফরম্যান্সটাকে আরও উন্নত করতে। ''আমাদের লক্ষ্য হলো টেস্ট সিরিজে যাওয়ার আগে আত্মবিশ্বাসটা আরেকটু বাড়িয়ে নেয়া এবং গত দুই ম্যাচের চেয়েও ভালো পারফরম করা। প্রতি ম্যাচেই আমরা টার্গেট করি আগের ম্যাচের চেয়ে কিছু উন্নতি করার''- ম্যাচের আগে বলেছেন নিউজিল্যান্ড কোচ জন ব্রেসওয়েল। গত দুই ম্যাচের চেয়েও ভালো করতে চায় নিউজিল্যান্ড এবং সেই দুই ম্যাচেই বাংলাদেশ হেরেছে শোচনীয় ব্যবধানে। এখন তাদের টার্গেটমতো তারা ভালো করতে পারলে যে কী হবে সেটা অনুমান করার জন্য জ্যোতিষী হতে হয় না। যদিও সেটা বাংলাদেশ এবং সিডন্সের কাছে গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হলো শিক্ষা।
মানে তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের লক্ষ্য উন্নতি। বাংলাদেশ চায় শিক্ষা।
(ক্রিকইনফোর সহায়তায়)
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএম/ওআরপি/১৮২০ঘ.
bdnews24