২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঘুরে দাঁড়িয়েছে চট্টগ্রাম, জয়ের পথে বরিশাল

ইনিংস পরাজয়ের শঙ্কা নিয়ে তৃতীয় দিন শুরু করা চট্টগ্রাম ঘুরে দাঁড়িয়েছে। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন স্টেডিয়ামে মাসুমউদ্দৌলার সেঞ্চুরি এবং নাজিমউদ্দিন-এহসানুল হকদের দৃঢ়তাপূর্ণ ব্যাটিংয়ে স্বাগতিকরা ঢাকার বিপক্ষে ৪১ রানের লিড নিয়ে দিন শেষ করেছে। তবে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে বরিশালের কাছে সিলেটের ইনিংস পরাজয়ের সম্ভাবনা প্রবল। রোববার ম্যাচের শেষ দিনে ইনিংস হার এড়ানোর জন্য তাদের করতে হবে আরো ১৯৬ রান। আর রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে জিততে হলে পয়েন্ট তালিকার শীর্ষদল খুলনাকে করতে হবে ২৬৬ রান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2007, 04:34 PM

Updated : 26 Aug 2022, 09:10 PM

ঢাকা, ২৯ ডিসেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- ইনিংস পরাজয়ের শঙ্কা নিয়ে তৃতীয় দিন শুরু করা চট্টগ্রাম ঘুরে দাঁড়িয়েছে। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন স্টেডিয়ামে মাসুমউদ্দৌলার সেঞ্চুরি এবং নাজিমউদ্দিন-এহসানুল হকদের দৃঢ়তাপূর্ণ ব্যাটিংয়ে স্বাগতিকরা ঢাকার বিপক্ষে ৪১ রানের লিড নিয়ে দিন শেষ করেছে। তবে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে বরিশালের কাছে সিলেটের ইনিংস পরাজয়ের সম্ভাবনা প্রবল। রোববার ম্যাচের শেষ দিনে ইনিংস হার এড়ানোর জন্য তাদের করতে হবে আরো ১৯৬ রান। আর রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে জিততে হলে পয়েন্ট তালিকার শীর্ষদল খুলনাকে করতে হবে ২৬৬ রান। ৩ উইকেটে ২৬ রান নিয়ে দিন শুরু করা চট্টগ্রাম শনিবার সারা দিনে মাত্র একটাই উইকেট হারিয়েছে। সেটা নাজিমউদ্দিনের। তবে আউট হওয়ার আগে সেঞ্চুরিয়ান মাসুমউদ্দৌলার সঙ্গে একটা লম্বা পার্টনারশিপ গড়েছেন তিনি। সেই সঙ্গে তার ৮০ রান দলকে হারের দোরগোড়া থেকে ফিরিয়ে নিয়ে আসতে বিশেষ ভূমিকা রেখেছে। নাজিমউদ্দিনের বিদায়ের পর দিনের বাকি সময়ে প্রথম ইনিংসে ৩১৬ রান করা ঢাকার বোলারদের শুধু হতাশই করেছেন মাসুম ও অধিনায়ক এহসানুল। প্রথম ইনিংসে মাত্র ৯৮ রানে শেষ হয়ে যাওয়া চট্টগ্রামকে তারা দুজন তৃতীয় দিনের শেষে নিয়ে গেছেন ৪ উইকেটে ২৫৯ রানে। ১০০ রানে অপরাজিত মাসুমের সঙ্গী এহসানুলের রান ৫০। ৬ উইকেট হাতে নিয়ে শেষ দিনে ঢাকাকে চট্টগ্রামের একটা চ্যালেঞ্জিং টার্গেট ছুড়ে দেয়ারই কথা। বরিশালের ব্যাটসম্যানদেরও দিনটা খুব ভালো কেটেছে। ২ উইকেটে ১১৮ রান নিয়ে দিন শুরু করার পর ৫ উইকেটে ৩৮৩ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করেছে তারা। আগের দিন ফিফটি করে আউট হয়ে গিয়েছিলেন হান্নান সরকার (৭০)। এদিন ফিফটি এসেছে নাসিরুদ্দিন ফারুক (৭৭), ইমরান আহমেদ (৭০*) এবং আবুল বাশারের (৮২*) ব্যাট থেকেও। ২০০ রানে পিছিয়ে থাকা সিলেটের দ্বিতীয় ইনিংসের শুরুতেই ধসের ইঙ্গিত। মাত্র ৪ রানে ২ উইকেট হারিয়ে ফেলেছে তারা। ২ উইকেটে ৬২ রান নিয়ে শুরু করা রাজশাহীর দ্বিতীয় ইনিংস শেষ হয়েছে ২৮৪ রানে। আনিসুর রহমান সঞ্চয় সর্বোচ্চ ৬৪ রান করে অপরাজিত ছিলেন। এর আগে ওপেনার জহিরুল ইসলাম ৬১ এবং অধিনায়ক খালেদ মাসুদ ৪৮ রান করেন। খুলনার পেসার জিয়াউর রহমান ৩৯ রান খরচায় নেন ৫ উইকেট। ৩২২ রানের জয়ের লক্ষ্যে নামা খুলনা ২ উইকেটে ৫৬ রান তুলে শেষ করেছে তৃতীয় দিন। শেষ দিনে ২৬৬ রান করে জিততে পারলে চারদিনের ম্যাচের শিরোপার আরো কাছে চলে যাবে তারা। আর রাজশাহী জয় পেলে শেষ রাউন্ডে শিরোপার লড়াইটা দারুণ জমে উঠবে। কারণ তখন মাত্র ১ পয়েন্টের ব্যবধান নিয়ে দশম রাউন্ড শুরু করবে তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এএআর/১৯৫০ঘ.