ঢাকা, ২৮ ডিসেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিছিয়ে থেকেও রাজশাহীর বিপক্ষে ইনিংস ডিক্লেয়ার করে দিয়েছে খুলনা। ঢাকার বিপক্ষে প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে হার মোটামুটি নিশ্চিত করে ফেলেছে চট্টগ্রাম। সিলেটের ১৮৩ রানের জবাবে বরিশাল ২ উইকেটে ১১৮ রান করে প্রথম ইনিংসের লিড পাওয়ার পথে এগিয়ে গেছে অনেকখানি। এই হলো ইস্পাহানি মির্জাপুর চা জাতীয় ক্রিকেট লিগের নবম রাউন্ডের দ্বিতীয় দিন শেষের চিত্র।
রাজশাহী তাদের প্রথম ইনিংস শেষ করেছিল ১৮৮ রানে। জবাব দিতে নামা খুলনা স্কোর ৯ উইকেটে ১৫১ অবস্থায় ইনিংস ঘোষণা করে দিয়েছে। দলের পক্ষে ইমরুল সর্বোচ্চ ৪৮ রান করেন। রাজশাহীর ফরহাদ ১৩ রানে ৪ এবং দেলোয়ার ৩৮ রানে ৩ উইকেট নিয়েছেন। রাজশাহী তাদের ইনিংসে ২ উইকেটে ৬২ রান করায় তাদের মোট লিড দাঁড়িয়েছে ৯৯ রানের।
প্রথম ইনিংসে ৯৮ রানে চট্টগ্রামকে গুটিয়ে দেয়ার পর ঢাকা দাঁড় করিয়েছে ৩১৬ রানের বিশাল স্কোর। দলের পক্ষে নাজমুল সর্বোচ্চ ৯৫ রান করেন। চট্টগ্রামের তারেক ৮৯ রানে নিয়েছেন ৫ উইকেট। ইয়াসিন ৩ উইকেট নিতে ব্যয় করেছেন ৬৩ রান। ইনিংস পরাজয় এড়াতেই দরকার ২১৮ রান এই সমীকরণ সামনে নিয়ে ব্যাট করতে নেমে ২৬ রানেই ৩ উইকেট হারিয়ে ফেলেছে চট্টগ্রাম।
সিলেটের বিপক্ষে বরিশাল তাদের প্রথম ইনিংসে ২ উইকেটে করেছে ১১৮। দলের হান্নান করেছেন ৭০ রান। নাসিরউদ্দিন অপরাজিত আছেন ৩৫ রানে। এর আগে সিলেট তাদের প্রথম ইনিংস শেষ করেছে ১৮৩ রানে। দলের পক্ষে অলক সর্বোচ্চ ৩৯ রান করেছেন। মনির এবং আরাফাত ৩ টি করে উইকেট নিয়েছেন যথাক্রমে ৩৫ ও ৪৮ রানে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএম/১৮৫৫ঘ.
bdnews24