২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উজ্জীবিত দক্ষিণ আফ্রিকার সামনে সমস্যা-জর্জরিত ওয়েস্ট ইন্ডিজ

এমনিতেই ইনজুরিতে পড়ে দক্ষিণ আফ্রিকা সফরে আসতে পারেননি নিয়মিত অধিনায়ক রামনরেশ সারওয়ান। তার ওপরে ভারপ্রাপ্ত অধিনায়ক ক্রিস গেইলেরও হ্যামস্ট্রিংয়ে সমস্যা। পাকিস্তান ও নিউজিল্যান্ডকে হারিয়ে উজ্জীবিত দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হওয়ার আগে ওয়েস্ট ইন্ডিজ তাই একটুও স্বস্তিতে নেই। বুধবার থেকে শুরু হতে যাওয়া তিন টেস্টের সিরিজটায় যথারীতি ক্যারিবিয়ানরাই আন্ডারডগ আর প্রোটিয়ারা ফেভারিট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2007, 02:56 PM

Updated : 26 Aug 2022, 09:08 PM

পোর্ট এলিজাবেথ, দক্ষিণ আফ্রিকা, ২৫ ডিসেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- এমনিতেই ইনজুরিতে পড়ে দক্ষিণ আফ্রিকা সফরে আসতে পারেননি নিয়মিত অধিনায়ক রামনরেশ সারওয়ান। তার ওপরে ভারপ্রাপ্ত অধিনায়ক ক্রিস গেইলেরও হ্যামস্ট্রিংয়ে সমস্যা। পাকিস্তান ও নিউজিল্যান্ডকে হারিয়ে উজ্জীবিত দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হওয়ার আগে ওয়েস্ট ইন্ডিজ তাই একটুও স্বস্তিতে নেই। বুধবার থেকে শুরু হতে যাওয়া তিন টেস্টের সিরিজটায় যথারীতি ক্যারিবিয়ানরাই আন্ডারডগ আর প্রোটিয়ারা ফেভারিট। এ মাসের দুই তারিখে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ার পর সব মিলিয়ে ৬টি ম্যাচ মিস করেছেন গেইল। পোর্ট এলিজাবেথ টেস্টেও তার একাদশে থাকার সামনে বিরাট প্রশ্নবোধক চিহ্ন ঝুলছে। ওয়েস্ট ইন্ডিজের অন্যতম সেরা ব্যাটসম্যান অবশ্য তার পরেও আশাবাদী, "আমি বেশ ভালোই বোধ করছি। তবে এখনো অনিশ্চয়তা আছে। ম্যাচের দিন আবার আমাকে পরীক্ষা করাতে হবে।" গেইলকে না পাওয়ার শঙ্কা তো আছেই। ক্যারিবিয়ান শিবিরে তার সঙ্গে যোগ হয়েছে চার দিনের প্রস্তুতি ম্যাচে দক্ষিণ আফ্রিকা 'এ' দলের কাছে ১০ উইকেটে বিধ্বস্ত হওয়ার যন্ত্রণা। গেইল অবশ্য সেই পরাজয়কে ভুলে প্রথম টেস্ট নিয়ে ভাবতেই আগ্রহী, " সেই পরাজয় ছিল খুবই হতাশাজনক। তবে আমাদের সেটা পেছনে ফেলে আসতে হবে এবং এই গুরুত্বপূর্ণ ম্যাচটা ইতিবাচক মনোভাব নিয়ে খেলতে হবে।" ছন্নছাড়া ওয়েস্ট ইন্ডিজের ঠিক বিপরীত চেহারা দক্ষিণ আফ্রিকার। পাকিস্তান ও নিউজিল্যান্ডকে তো হারিয়েছেই, গত মৌসুমে নিজেদের মাঠে ভারত ও পাকিস্তানের বিপক্ষে জয় পাওয়ায় প্রোটিয়ারা এখন টানা চারটি টেস্ট সিরিজে বিজয়ী। সেই সুবাদে আইসিসি টেস্ট র‌্যাংকিংয়ে দ্বিতীয় স্থানটাও এখন তাদের দখলে। অধিনায়ক গ্রায়েম স্মিথ তাই পরিতৃপ্তির সঙ্গে বলতে পারছেন, "আমরা সর্বশেষ চারটি টেস্ট সিরিজে জিতেছি। এবং আমার কাছে সেটা র‌্যাংকিংয়ের চেয়েও বেশি উৎসাহব্যঞ্জক। তবে দু নম্বরে ওঠাটা প্রমাণ করছে যে আমরা সত্যিই খুব ভালো খেলছি।" সেই ভালো দলের অন্তত দুজনের দিকে লক্ষ্য রাখতেই হবে ওয়েস্ট ইন্ডিজকে। এক জন ২০ উইকেট নিয়ে দুই টেস্টের সিরিজে নিউজিল্যান্ডের ব্যাটিংকে প্রায় একাই গুঁড়িয়ে দেয়া ফাস্ট বোলার ডেল স্টেইন। অন্য জন জ্যাক ক্যালিস। ২০০৭ পঞ্জিকাবর্ষে মাত্র দ্বিতীয় ব্যাটসম্যান হিসাবে হাজার রান পাওয়া এবং সর্বশেষ ৪ টেস্টে ৫টি সেঞ্চুরি করা ক্যালিসের ব্যাটে আবারো রানের ঝর্না বয়ে গেলে ক্যারিবীয় বোলারদের দুর্ভোগ বেড়ে যাবারই কথা! বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/২০৪৫ঘ.