মেলবোর্ন, ২৪ ডিসেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- অপ্রতিরোধ্য, অপরাজেয় অস্ট্রেলিয়ার সঙ্গে লড়াই! গত পাঁচ-সাত বছরে খুব কম দলই কঠিন, প্রায় অসম্ভব কাজটা করতে পেরেছে। নিঃসন্দেহে সবচেয়ে বেশি পেরেছে ভারত। আরেকটু বিশদভাবে বললে সৌরভ গাঙ্গুলীর নেতৃত্বাধীন ভারত। ২০০১ সালে ঘরের মাঠে টেস্ট সিরিজ জয় কিংবা চার বছর আগের সর্বশেষ অস্ট্রেলিয়া সফরে মাথা উঁচু করে ড্র --- ভারতের দুটো দলেরই অধিনায়ক ছিলেন সৌরভ। বুধবার থেকে শুরু হতে যাওয়া চার টেস্টের সিরিজটাতে তাই 'প্রিন্স অব কলকাতা'র দিকে দৃষ্টি রাখতেই হবে। আবারো ক্রিকেট বিশ্বকে আলোড়িত করা এই সিরিজে নিজেদের দলকে নিয়ে দারুণ আশাবাদী ভারতের সফলতম টেস্ট অধিনায়ক। তার বিশ্বাস গত বারের চেয়ে ভারতের এবারের দলটা শক্তিশালী বলে অস্ট্রেলিয়াকে কঠিন প্রতিদ্বন্দ্বিতার সামনেই পড়তে হবে!
২০০৩-০৪ মৌসুমে ব্রিসবেনে অনুষ্ঠিত প্রথম টেস্টে সৌরভের ১৪৪ রানের এক দুর্দান্ত ইনিংস দারুণ অনুপ্রাণিত করেছিল 'টিম ইন্ডিয়া'কে। সেই অনুপ্রেরণায় বলীয়ান সৌরভের দল সিরিজে প্রায় হারিয়েই দিয়েছিল স্টিভ ওয়াহর অস্ট্রেলিয়াকে। নিজের মাঠ সিডনিতে জীবনের শেষ টেস্ট ইনিংসে স্টিভ ওয়াহ ৮০ রানের এক দারুণ ইনিংস না খেললে কে জানে, ভারত হয়তো সিরিজ জিতেই দেশে ফিরতো। সেই দলের সঙ্গে এবারের দলটিকে অনেকখানি এগিয়ে রাখছেন সৌরভ, "২০০৩ সালে অর্থাৎ গত বার আমরা যখন অস্ট্রেলিয়ায় এসেছিলাম তখন আমাদের বোলিং আক্রমণ তুলনামূলকভাবে দুর্বল ছিল। ইনজুরি সমস্যাও ছিল আমাদের। এবার আমাদের বোলিং আক্রমণ অপেক্ষাকৃত ভালো। আর যেহেতু (মহেন্দ্র) ধোনি সাত নম্বরে আসবে তাই আমাদের ব্যাটিং লাইনআপের গভীরতাও বেশি। গত বার আমরা আন্ডারডগ হিসাবে এলেও আসলেই খুব ভালো পারফর্ম করেছিলাম। এবারও ব্যাপারটা একই রকম আছে। তবে ২০০৩ সালে যা হয়েছিল সম্ভবত তার কোনো তাৎপর্য থাকবে না। এবার টেস্ট ম্যাচগুলোতে আমরা কি করতে পারবো সেটাই আসল কথা।"
'আসল কথা' বললেও সৌরভ কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলতে ছাড়েননি। গত কয়েক বছরে অন্য দলগুলোর তুলনায় ভারতই সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পেরেছে অস্ট্রেলিয়ার সঙ্গে। তাছাড়া ইংল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জিতে তারা এখন অনেক বেশি আত্মবিশ্বাসী। সব কিছুর যোগফলে শততম টেস্টের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে থাকা সৌরভের কণ্ঠ রীতিমতো আত্মবিশ্বাসে ভরপুর, "গত ছয়/সাত বছরে আমরা প্রত্যেক দলকেই হারিয়েছি। আমরাই এক মাত্র দল যারা ঘরের মাঠে এবং বাইরে দু জায়গাতেই তাদের (অস্ট্রেলিয়ার) বিপক্ষে সত্যিকারের লড়াই করেছি। গত পাঁচ বছরের রেকর্ডের দিকে তাকালেও দেখা যাবে যে আমরা তাদেরকে হারিয়েছি। তাই আমার মনে হচ্ছে সিরিজটা বেশ প্রতিদ্বন্দ্বিতামূলকই হতে যাচ্ছে। আমরা সবাই জানি যে তারা (অস্ট্রেলিয়া) খুবই কঠিন এক দল। তবে একই সঙ্গে আমাদের দলটাও ভালো খেলতে পারদর্শী।"
বোলিং আক্রমণ যেমনই হোক, টেন্ডুলকার-সৌরভ-দ্রাবিড়-লক্ষ্মণ সমৃদ্ধ ভারতের ব্যাটিং লাইনআপ যে বিশ্বের অন্যতম শক্তিশালী, তা নির্দ্বিধায় স্বীকার করবেন রিকি পন্টিং ও তার সতীর্থরাও। তার পরেও ফাস্ট-বাউন্সি উইকেটে ব্রেট লি ও তার সতীর্থ পেসারদের চ্যালেঞ্জের জবাব 'টিম ইন্ডিয়া'র তারকা ব্যাটসম্যানরা দিতে পারবেন কি না তা নিয়ে কিন্তু সন্দেহ থেকেই যাচ্ছে! 'প্রিন্স অব কলকাতা' অবশ্য সন্দেহটাকে মোটেও আমল দিতে রাজি নন, "(আমাদের দলের) বেশ কয়েক জন ব্যাটসম্যান ১২/১৩ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেটে খেলছে। তাদের রেকর্ডও দুর্দান্ত। তাই তারা (উইকেট থেকে) বাউন্স আর পেসের আশাই করছে। তাছাড়া ঘন্টায় ৯০ মাইল গতির বোলিংয়ের মুখোমুখি হওয়া তো তাদের জন্য নতুন কিছু নয়। আমরা মাত্রই শোয়েবকে (আখতার) খেলে এসেছি। সম্ভবত সে-ই বিশ্বের দ্রুততম বোলার। এই সিরিজে এটা আমাদের সাহায্যই করবে। (ব্রেট) লি খুব ভালো বল করছে। তবে আমার ধারণা তার বিপক্ষে আমরা ভালোই করবো।"
টানা ১৪টি টেস্ট জিতে স্টিভ ওয়াহর দলের টানা ১৬টি জয়ের বিশ্বরেকর্ডকে হুমকির মুখে ফেলে দেয়া অস্ট্রেলিয়ার এই দলটির দুর্বলতাও খুঁজে পেয়েছেন সৌরভ। ভারতের সাবেক অধিনায়কের মতে শেন ওয়ার্ন ও গ্লেন ম্যাকগ্রার অনুপস্থিতি ভালো ভাবেই টের পাবে অস্ট্রেলিয়া, "নিঃসন্দেহে তারা (গ্লেন) ম্যাকগ্রা ও (শেন) ওয়ার্নকে মিস করবে। কারণ তারা দুজনে মিলে ১২শ'রও বেশি টেস্ট উইকেট নিয়েছে। তবে আমি নিশ্চিত (মিশেল) জনসন, স্টুয়ার্ট (ক্লার্ক), (ব্র্যাড) হগদের মতো বোলাররা টেস্ট ক্রিকেটের দিকে অধীর আগ্রহে তাকিয়ে আছে। তাদের মধ্যে ক্ষমতা আছে আর সেই সঙ্গে ভালোও করবে।"
স
bdnews24