কলম্বো, ১৭ ডিসেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বছর চারেক আগে ঢাকাতে একই অভিজ্ঞতা হয়েছিল ইংল্যান্ড দলের। তুমুল বৃষ্টিতে ইনডোর প্র্যাকটিসেই সন্তুষ্ট থাকতে হয়েছিল তাদের। গলেও তাই। তবে তফাত হচ্ছে বিকেএসপি ছিল স্বয়ংসম্পূর্ণ ভবন। আর গল স্টেডিয়ামে কোনোমতে তারপুলিন খাটিয়ে চুন-সুড়কি এড়িয়ে চলছে অনুশীলন। তারপরও কোনো অভিযোগ নেই ইংলিশদের। ২০০৪ সালে সুনামিতে বিধ্বস্ত হয়েছিল গল স্টেডিয়াম। মঙ্গলবার ইংল্যান্ড-শ্রীলঙ্কা সিরিজের তৃতীয় টেস্ট দিয়েই আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে এই ভেন্যু।
সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে থাকা ইংল্যান্ড সমতা আনতে মরিয়া। তাদের জন্য খানিকটা আশার আলো হয়েই এসেছে ম্যাথু হগার্ডের ইনজুরি থেকে সেরে ওঠা। কিন্তু পিটার মুরস তারপরও সংশয়েও। হগার্ডের ফিটনেস সম্পর্কে শতভাগ নিশ্চিত না হয়ে তাকে খেলানো হবে না বলে জানিয়ে দিয়েছেন ইংল্যান্ডের কোচ। বলেছেন, "এখানকার কন্ডিশন এমনই যে খেলার মাঝপথে কোনো বোলার হারালে ২০ উইকেট নেওয়া কঠিন হয়ে যায়।"
বৃষ্টি ভেজা গলের উইকেট ঠিক কেমন আচরণ করবে নিশ্চিত নয় কেউই। শ্রীলঙ্কার সহ-অধিনায়ক কুমার সাঙ্গাকারা জানাচ্ছেন, "কিছু অনুশীলন ম্যাচ খুবই লো-স্কোরিং হয়েছে। তারপরও আমরা নিশ্চিত নই ঠিক কি হবে।" তবে ঐতিহ্য স্পিনারদের পক্ষে। সে কারণে দুজন স্পিনার দেখা যেতে পারে ইংল্যান্ড দলে। মন্টি পানেসারের সঙ্গী হয়ে তার অভিষেক টেস্টটি খেলেও ফেলতে পারেন অফ স্পিনার গ্রায়েম সোয়ান। স্পিনার দিয়ে দল ভারী করলেও হুমকিটা কিভাবে এড়াবেন, তা নিয়েও ভাবিত ইংল্যান্ডের ব্যাটসম্যানরা। গল মুত্তিয়া মুরালিধরনের শিকার-মাঠগুলোর সবচেয়ে প্রিয়। এর আগে ১১ টেস্টে ৮৭ উইকেট নিয়েছেন তিনি এখানে। সিরিজে ইতিমধ্যেই ১৫ উইকেট ঝোলায় পোরা বিশ্বরেকর্ডধারী এই অফ স্পিনার মরা উইকেটেও বল ঘোরাতে পারেন। এ ম্যাচে লেগ স্পিনার মালিন্দা বান্দারার পাশাপাশি ডাক পেয়েছেন তিলকরতে
bdnews24