২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দ্বিতীয় স্থানে নেমে গেলো রাজশাহী, শীর্ষে খুলনা একা

অল্পের জন্য পঞ্চম জয় থেকে বঞ্চিত হয়েছে রাজশাহী। সোমবার জাতীয় ক্রিকেট লিগের ৮ম রাউন্ডের ম্যাচে চট্টগ্রামের কাছে ২১ রানে হেরে গেছে স্বাগতিকরা। সুবাদেই পয়েন্ট টেবিলে নেমে গেছে দ্বিতীয় স্থানে। সিলেটের সঙ্গে ড্র করেও ৮ পয়েন্টের ব্যবধানে শীর্ষস্থান এককভাবে দখলে নিয়েছে খুলনা। অন্যদিকে ঢাকা ২১৭ রানের বড় জয় পেয়েছে বরিশালের বিপক্ষে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2007, 02:38 PM

Updated : 26 Aug 2022, 09:07 PM

ঢাকা, ১৭ ডিসেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- অল্পের জন্য পঞ্চম জয় থেকে বঞ্চিত হয়েছে রাজশাহী। সোমবার জাতীয় ক্রিকেট লিগের ৮ম রাউন্ডের ম্যাচে চট্টগ্রামের কাছে ২১ রানে হেরে গেছে স্বাগতিকরা। সুবাদেই পয়েন্ট টেবিলে নেমে গেছে দ্বিতীয় স্থানে। সিলেটের সঙ্গে ড্র করেও ৮ পয়েন্টের ব্যবধানে শীর্ষস্থান এককভাবে দখলে নিয়েছে খুলনা। অন্যদিকে ঢাকা ২১৭ রানের বড় জয় পেয়েছে বরিশালের বিপক্ষে। রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শেষ দিনে জেতার জন্য ২৬৬ রান দরকার ছিল খালেদ মাসুদের দলের। আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান শাকিল (৭৬) ও ফরহাদ (৮৩) আউট হয়ে গেলে মিডল অর্ডারে ছোটখাটো ধ্বস নামে রাজশাহীর। শেষ দিকে মুশফিকুর (৪৭), সাইফুল (২৯) ও আলমগীর (২৯*) চেষ্টা করেও ব্যর্থ হন দলকে জয় এনে দিতে। চট্টগ্রামের পক্ষে স্পিনার ইয়াসিন আরাফাত ৪ উইকেট নিয়েছেন ৯৬ রান খরচায়। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন এহসানুল হক। খুলনায় বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে খুলনার বিপক্ষে ম্যাচে দুর্দান্ত দুটো সেঞ্চুরি দিয়ে দলকে বাঁচিয়েছেন সিলেট অধিনায়ক রাজিন সালেহ ও অলক কাপালি। ৮২ রানে পিছিয়ে থেকে ২ উইকেটে ৩৯ রান নিয়ে দিন শুরু করেছিল সিলেট। ১৬৬ রানে আরো দুই উইকেট হারানোর পর জুটি বাঁধেন অলক ও রাজিন। পঞ্চম উইকেটে দুজনে যোগ করেছেন ১৬৮ রান। অলক ১১১ রান করে আউট হয়ে গেলেও রাজিন অপরাজিত থাকেন ১৩১ রানে। আর ৫ উইকেটে ৩৬২ রানে শেষ হয় সিলেটের ইনিংস। ১৩৮ রানের ইনিংসটির জন্য ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন ইমরুল কায়েস। মিরপুরে শেরেবাংলা স্টেডিয়ামের ম্যাচে বরিশালকে ৩৬৪ রানের জয়ের লক্ষ্য দিয়েছিল ঢাকা। ৪ উইকেটে ২০৫ রান নিয়ে দিন শুরু করে ৫ উইকেটে ২৯৪ রানে ইনিংস ঘোষণা দেয় স্বাগতিকরা। জবাবে স্পিনার মোশাররফ হোসেন রুবেল ও পেসার মাহবুবুল আলম রবিনের তোপে ১৪৬ রানেই শেষ হয়ে যায় বরিশালের দ্বিতীয় ইনিংস। ম্যান অব দ্য ম্যাচ রুবেল ২৭ রানে ৫ উইকেট নিয়েছেন, রবিন ৩ উইকেট পেয়েছেন ৪৬ রান খরচায়। ৮ম রাউন্ড শেষে খুলনার সংগ্রহ ৯২ পয়েন্ট। যুগ্মভাবে শীর্ষে থাকা রাজশাহী ৮৪ পয়েন্ট নিয়ে নেমে গেছে দ্বিতীয় স্থানে। চট্টগ্রাম ৭৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে। আর এক পয়েন্ট পিছিয়ে থেকে তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে চতুর্থ ঢাকা। বরিশাল ও সিলেটের সংগ্রহ যথাক্রমে ৫৯ ও ৫২ পয়েন্ট। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এআর/ওআরপি/এমএম/২০৩৫ঘ.