ঢাকা, ১৫ ডিসেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- সিরিজে আবার এগিয়ে গেছে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল। শনিবার বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ম্যাচে তারা ৪৪ রানের সহজ জয়ই পেয়েছে শ্রীলঙ্কার অনুর্ধ্ব-১৯ দলের বিপক্ষে।
যদিও টস জিতে ব্যাটিং নেওয়া সোহরাওয়ার্দী শুভর দল স্কোরবোর্ডে বেশি রান জমা করতে পারেনি। নাদিমুদ্দিন মিন্টুর ৬৬ ও নাসির হোসেনের ৪১ রানে ৪৯.৩ ওভারে অলআউট হওয়ার আগে কোনোমতে দুইশো পার করে তারা। দলকে ২০৩ রানে পৌছে দিতে আশরাফুল আজিজ (২৬) ও মার্শাল আইয়ুবের (২৪) ব্যাটও ভূমিকা রেখেছে কিছুটা। শ্রীলঙ্কার পাথিরানা ৪৩ রানে নেন ৪ উইকেট।
২০৪ রান খুব বেশি নয়। তবুও বাংলাদেশের দুর্দান্ত বোলিংয়ের মুখে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা শ্রীলঙ্কান দলটি ৪৫.৩ ওভারেই মাত্র ১৫৯ রানে অলআউট হয়ে যায়। পেসার ডলার মাহমুদ মাত্র ২৪ রান খরচায় তুলে নেন তিন উইকেট। শাকিল ৩৮ রানে নিয়েছেন দুই উইকেট। আর মাত্র ৯ রানে দুই শ্রীলঙ্কান ব্যাটসম্যানকে সাজঘরে পাঠানো নাসির হোসেনের ম্যান অফ দি ম্যাচ হওয়ার কারণ এর আগে ব্যাট হাতেও ৪১ রান করেছেন তিনি। তার অলরাউন্ড নৈপুণ্যেই পাঁচ ম্যাচের সিরিজে এখন ২-১ এ এগিয়ে স্বাগতিকরা।
সিরিজের শেষ দুটো ম্যাচ ১৭ ও ১৯ ডিসেম্বর। এগুলো হবে নারায়ণগঞ্জের ফতুল্লা ওসমানী স্টেডিয়াম ও মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২০৩০ঘ.
bdnews24