ঢাকা, ১৪ ডিসেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- নিউজিল্যান্ডের হ্যামিল্টনের সঙ্গে ঢাকার সময়ের ব্যবধান ৭ ঘন্টার। অর্থাৎ ঢাকায় যখন রাত ১২টা হ্যামিল্টনে তখন পর দিন সকাল ৭টা। নিউজিল্যান্ডে প্রথম প্র্যাকটিস সেশনে সময়ের এই বিশাল ব্যবধানই সবচেয়ে বেশি সমস্যায় ফেলেছে বাংলাদেশ দলকে। মোহাম্মদ আশরাফুল ও তার সতীর্থদের চোখ যখন ঘুমে বুজে আসছে ঠিক তখনই তারা দেখলেন প্র্যাকটিসের সময় উপস্থিত!
ঘুম-ঘুম চোখেই শুক্রবার হ্যামিল্টনের সেডন পার্কে প্রথম প্র্যাকটিস করেছেন বাংলাদেশের ক্রিকেটাররা। টিম হোটেল থেকে স্থানীয় সময় সকাল ৯টা ২০ মিনিটে (বাংলাদেশ সময় রাত ২টা ২০ মিনিট) প্রথম দল রওনা দিয়েছে সেডন পার্কের উদ্দেশে। পরের দল হোটেল ছেড়েছে দেড় ঘন্টা পর। ঘুমের সমস্যা থাকলেও প্র্যাকটিসের সুযোগ-সুবিধা পেয়ে বাংলাদেশ দল বেশ খুশি। উইকেটও সন্তুষ্ট করেছে আশরাফুলের দলকে।
আফতাব আহমেদ তাদের মধ্যে এক জন। উইকেটের প্রশংসা করে তার মন্তব্য, "প্র্যাকটিস উইকেটগুলো ভালোই। এগুলো কিছুটা ধীর গতির হলেও সমান বাউন্স আছে।" সাকিব আল হাসানও এই উইকেটে প্র্যাকটিস করে সন্তুষ্ট, "আজ (শুক্রবার) আমি অনেকগুলো বল পুল করেছি। উইকেট বেশ ভালই মনে হচ্ছে। কারণ টাইমিং ভাল হয়েছে আর ব্যাটের সঠিক জায়গাতেই বল আঘাত করতে পেরেছি। মাঝখানের উইকেটের চরিত্রও একই রকম থাকলে আমাদের মানিয়ে নিতে খুব বেশি সমস্যা হওয়ার কথা নয়।" বাঁহাতি স্পিনার সাকিব পরে বল করে টার্নও পেয়েছেন। পেসাররাও বল করাটা বেশ উপভোগ করেছেন। নেট প্র্যাকটিসের পাশাপাশি কয়েকটি দলে ভাগ হয়ে ফিল্ডিংও করেছে আশরাফুলের দল। আর লাঞ্চের পর তারা গেছে জিমে।
১৬ ও ১৮ ডিসেম্বর এই সেডন পার্কেই নর্দার্ন ডিস্ট্রিক্টস দলের বিপক্ষে দুটো প্র্যাকটিস ম্যাচ খেলবে বাংলাদেশ। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটা অনুষ্ঠিত হবে ২৬ ডিসেম্বর, অকল্যান্ডে। ওয়ানডে সিরিজ শেষে দুটো টেস্টও খেলবে বাংলাদেশ দল।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএআর/১৯৫৭ঘ.
bdnews24