ঢাকা, ১২ ডিসেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- গত কয়েক বছরে বাংলাদেশ বেশ কিছু ওয়ানডে জিতেছে ঠিকই। আবার জেতার সুযোগ হাতছাড়াও কম করেনি। মোহাম্মদ আশরাফুল যেমন তার অধিনায়কত্বে প্রথম সিরিজটার কথা বারবার উল্লেখ করেন। যেখানে গত জুলাই-আগস্টে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের দুটো ম্যাচ হাতের মুঠো ফস্কে গেছে বাংলাদেশের। কেন? বুধবার দুপুরে থাই এয়ারওয়েজের ফ্লাইটে নিউজিল্যান্ডের উদ্দেশে বাংলাদেশ দল রওনা হওয়ার আগে এর একটা ব্যাখ্যা দিলেন তুষার ইমরান। যে ব্যাখ্যায় দায়টা ব্যাটসম্যানদের কাঁধেই এসে যাচ্ছে, "আমরা ব্যাটসম্যানরা আসলে নিজেদের পায়ে নিজেরাই কুড়াল মারি। তাই জেতার সুযোগ আসলেও অনেক সময় তা কাজে লাগানো হয় না।"
তুষারের মন্তব্য তার অধিনায়কেরও মনের কথা। এক মাসেরও বেশি লম্বা সফরে যাওয়ার আগে ব্যাটসম্যানদের কাছে রাখা আর্তিই তার ভাবনার পথ চিনিয়ে দিচ্ছে, "আমাদের বোলিংটা কিন্তু বেশ ভালো। এখন আমাদের দরকার রান। ব্যাটসম্যানরা ভালো স্কোর গড়ে দিতে পারলে আমাদের পক্ষে ১/২টা ম্যাচ জেতা সম্ভব।" বাংলাদেশ দলের সঙ্গে এই প্রথম কোনো সফরে যাওয়া হেড কোচ জেমি সিডন্স অবশ্য তার ক্রিকেটারদের কাছে সামর্থ্য অনুযায়ী খেলার দাবিটাই জানাচ্ছেন। দায়িত্ব নেওয়ার পর এই ক'দিনে বেশ কয়েকবারই মিডিয়ার মুখোমুখি হয়েছেন। বুধবার দুপুরে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে কথা বলতে প্রথমে অনীহাই দেখালেন। পরে অবশ্য বললেন, "ছেলেদের বলেছি খেলাটা উপভোগ করো আর নিজের সামর্থ্য অনুযায়ী খেলে যাও। আর এসব করতে করতে যদি আমরা কিছু ম্যাচ জিতি তাহলে তো দারুণ হয়।"
এখানে দেখা যাচ্ছে বাংলাদেশের সব 'দারুণ'ই ওয়ানডেকেন্দ্রিক। টেস্ট নিয়ে ভাবনার কথা খুব একটা শোনাই যাচ্ছে না। অথচ এটা নিয়েই ভাবনার দাবিটা বেশি। কারণ টেস্ট ক্রিকেটেতো এখনও সেভাবে নিজেদের মানিয়ে নিতে পারেনি বাংলাদেশ। তারওপর ২০০১ সালের নিউজিল্যান্ড সফরে বৃষ্টির বাঁধা হিসেব না করলে দুটো টেস্টই দু'দিনে হেরেছিল তারা। এবার তাহলে টেস্ট ভাবনা উপেক্ষিত কেন? অধিনায়ক আশরাফুল ভুলটা ভেঙ্গে দিলেন এভাবে, "আমরা যেহেতু ওয়ানডেতে ভালো দল এবং ওয়ানডে সিরিজটা আগে, তাই আপাতত এটা নিয়েই ভাবছি। ওয়ানডে সিরিজে ভালো করলে টেস্ট সিরিজের জন্য স্পিরিট তৈরি হবে আমাদের মাঝে। বলতে চাইছি টেস্টের জন্যই আমাদের ওয়ানডেতে ভালো করা জরুরী।"
ওয়ানডেতে ভালো করা তার কাছে 'জরুরী' বলে মনে হচ্ছে আরেকটা কারণেও, "২০০৭ সালটা কিন্তু বাংলাদেশ ক্রিকেটের জন্য খুব ভালো একটা বছর। আমরা বিশ্বকাপ ও টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে খেলেছি। এখন নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে ভালো করলে বছরটা ভালোভাবেই শেষ হবে। নতুন বছরে টেস্ট সিরিজেও ভালো করার অনুপ্রেরণা আসবে সেখান থেকে।" প্রসঙ্গত কিউইদের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ ৩১ ডিসেম্বর কুইন্সটাউনে। ২০০৮ সালের ৪ জানুয়ারি প্রথম টেস্ট শুরু হবে ডানেডিনে।
নতুন বছরকে বরণ করে নেওয়া থেকে শুরু করে এবার ঈদও দেশের বাইরে কাটাতে হবে বাংলাদেশ দলের সদস্যদের। দলের অনেকের কাছেই এটা অবশ্য গা সওয়া হয়ে গেছে। এদের মধ্যে অধিনায়ক আশরাফুল ও তার ডেপুটি মাশরাফি বিন মর্তুজাও আছেন। "এই নিয়ে ষষ্ঠবারের মতো দেশের বাইরে ঈদ করতে হচ্ছে। তিনবার করে রোজার ঈদ (ঈদুল ফিতর) এবং কোরবানির ঈদ (ঈদুল আজহা)"- জানালেন আশরাফুল। মাশরাফি অবশ্য এখন এসবের হিসাব রাখাই বাদ দিয়েছেন, "এই নিয়ে বোধহয় ছয়বার হতে যাচ্ছে।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/১৮৫০ঘ.
bdnews24