ব্যাঙ্গালুরু, ৯ ডিসেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- অভিষেক সেঞ্চুরি দিয়ে। কিন্তু ৯৯ টেস্টের ক্যারিয়ারে ডাবল সেঞ্চুরি ছিল না কোনো। সৌরভ গাঙুলী এবার সেটাও করেছেন। আর তার সঙ্গে ম্যাচের তৃতীয় সেঞ্চুরিটি যোগ করেছেন ইরফান পাঠান। সুবাদেই রানের পাহাড়ে চড়েছে ভারত। রোববার ব্যাঙ্গালুরু টেস্টের দ্বিতীয় দিনে চা বিরতির পর ৬২৬ রানে অলআউট হয়ে গেছে ভারত। জবাবে ১ উইকেটে ৮৬ রান তুলে দিন শেষ করেছে পাকিস্তান। সালমান বাট ৫০ রানে অপরাজিত আছেন। অধিনায়ক ইউনিস খানের রান ৭। হাতে ৯ উইকেট নিয়ে স্বাগতিকদের চেয়ে ৫৪০ রানে পিছিয়ে পাকিস্তান।
আগের দিন যেখানে শেষ করেছিলেন, সেখান থেকেই শুরু সৌরভের তান্ডব। মধ্যাহ্ন ভোজের বিরতির আগে পাকিস্তানের একমাত্র সাফল্যটি এনে দিয়েছেন অভিষিক্ত পেসার ইয়াসির আরাফাত। ২৪ রান করে কট বিহাইন্ড হয়েছেন দিনেশ কার্তিক। তার আগে সৌরভের সঙ্গে ষষ্ঠ উইকেটে যোগ করেছেন ৬৬ রান। এরপর সপ্তম উইকেটে ১৭৮ রান যোগ করেছেন সৌরভ ও পাঠান। ক্যারিয়ারের ১৫তম সেঞ্চুরিটি ডাবলে রূপ দিতে ৩২৪ বল খেলেছেন সৌরভ। দানিশ কানেরিয়াকে সুইপ করতে গিয়ে বোল্ড হওয়ার আগে করেছেন এখন পর্যন্ত এই সিরিজে সর্বোচ্চ ২৩৯ রান।
সৌরভের বিদায়ের পর দ্রুত আরো দুটো উইকেট হারায় ভারত। অনিল কুম্বলে (৪) এলবিডব্লু হয়েছেন কানেরিয়ার বলে। আর হরভজন সিংকে (৪) বোল্ড করে পঞ্চম উইকেটটি পেয়ে অভিষেকটাকে স্মরণীয় করেছেন ইয়াসির আরাফাত। সঙ্গীর অভাবে সেঞ্চুরি মিস করার আশঙ্কায় আরো মারকুটে হয়ে পড়েন ইরফান। কানেরিয়াকে ছক্কা মেরে তুলে নেন তার ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরিটি। পরের বলেই আবারও তুলে মারতে গিয়ে জমা পড়েছেন কামরান আকমলের গ্লাভসে।
বাটের সঙ্গে ৫৯ রানের উদ্বোধনী জুটি গড়ে বিচ্ছিন্ন হয়েছেন ইয়াসির হামিদ। কুম্বলে এলবিডব্লু করেছেন তাকে। বাট তার ষষ্ঠ টেস্ট ফিফটিটি পুরো করতে খেলেছেন ৭৬ বল, যাতে চারের মার ছিল নয়টি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ওআরপি/১৭৪০ঘ.
bdnews24