ব্যাঙ্গালোর, ভারত, ৭ ডিসেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- এম, চিন্নাস্বামী স্টেডিয়ামের সঙ্গে পাকিস্তানের অনেক সুখস্মৃতি জড়িয়ে। সুনীল গাভাস্কারের বিদায়ী টেস্ট কিংবা সর্বশেষ ভারত সফরে শেষ টেস্ট জিতে সিরিজে সমতা নিয়ে আসা --- পাকিস্তান ক্রিকেটের দুটো দুর্দান্ত সাফল্য ব্যাঙ্গালোরের এই মাঠে। শনিবার থেকে শুরু হতে যাওয়া তৃতীয় ও শেষ টেস্টে তাই ঐ দুটো জয় পাকিস্তানের জন্য বাড়তি অনুপ্রেরণা। অন্যদিকে ভারতের সামনে এখন ইতিহাস গড়ার হাতছানি। ব্যাঙ্গালোরে কোনো রকমে ড্র করতে পারলেই ঘরের মাঠে ২৮ বছর পর চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের উৎসবে মেতে উঠতে পারবে 'টিম ইন্ডিয়া'।
দল ১-০ ব্যবধানে এগিয়ে, মাঠটাও তার আজন্ম পরিচিত, প্রায় হাতের তালুর মতো চেনা। কিন্তু ভারতের 'গার্ডেন সিটি' ব্যাঙ্গালোরের 'লোকাল হিরো' অনিল কুম্বলে এই মুহূর্তে একটুও সুখে নেই! ইনজুরিতে পড়ে জহির খান, রুদ্রপ্রতাপ সিং, মুনাফ প্যাটেল ও শ্রীশান্তের জন্য আগেই শেষ হয়ে গেছে এই টেস্ট। 'মড়ার ওপর খাঁড়ার ঘা'-এর মতো ভারতীয় দলে হানা দিয়েছে শচীন টেন্ডুলকার ও মহেন্দ্র সিং ধোনির ইনজুরিজনিত আশঙ্কা। শুক্রবার ম্যাচের আগের দিনও তারা একাদশ চূড়ান্ত করতে পারেনি।
ইনজুরি সমস্যা থেকে পাকিস্তানও মুক্ত নয়। গোড়ালির ইনজুরিতে পড়া নিয়মিত অধিনায়ক শোয়েব মালিক খেলতে পারছেন না এই টেস্টেও। উমর গুল তো দেশেই ফিরে গেছেন। তবু তুলনামূলকভাবে ভারতের চেয়ে পাকিস্তানের অনেক ভালো অবস্থা। ফিটনেস সমস্যা নিয়ে ইডেন টেস্টে খেললেও শোয়েব আখতার এখন সম্পূর্ণ সুস্থ। রাও ইফতিখার আঞ্জুম ও ইয়াসির আরাফাত যোগ দেয়ায় দলের পেস আক্রমণও শক্তিশালী হয়েছে আগের চেয়ে। অর্থাৎ এবারের ভারত সফরে প্রথমবারের মতো প্রতিপক্ষের চেয়ে এগিয়ে থেকেই মাঠে নামছে পাকিস্তান। ভারপ্রাপ্ত অধিনায়ক ইউনিস খান অবশ্য তা মানতে রাজি নন, "কে ফেভারিট আর কে নয় সেটা কোনো ব্যাপার নয়। টস জয়ের ওপরে অনেক কিছু নির্ভর করছে। হয়তো দুই দিন যাওয়ার পর আমরা বুঝতে পারবো কে ফেভারিট। এখনকার কথা বললে ফিফটি-ফিফটি ম্যাচ বলা যাবে এটাকে। তবে আমরা এই টেস্টে জিততে চাই, ড্র করে সিরিজ হেরে যেতে চাই না। আমরা চাই সিরিজে সমতা আনতে।"
সেই লক্ষ্য পূরণে ব্যাঙ্গালোরে তাদের সর্বশেষ টেস্ট দারুণ অনুপ্রাণিত করতে পারে পাকিস্তানকে। ২০০৫এর মার্চে চিন্নাস্বামী স্টেডিয়ামেই চিরপ্রতিদ্বন্দ্বীদের ১৬৮ রানে হারিয়ে তিন ম্যাচের টেস্ট সিরিজে সমতা নিয়ে এসেছিল তারা। সেই টেস্টের প্রথম ইনিংসে ২৬৭ রান করে দলের জয়ের ভিত্তি গড়ে দেয়া ইউনিস খান এই মুহূর্তে কিছুটা হলেও অস্বস্তিতে। অস্বস্তির কারণ পাকিস্তানের মিডিয়ায় তাকে এবং দলকে ঘিরে কিছু গুঞ্জন। বৃহস্পতিবার পাকিস্তানের কয়েকটি পত্রিকা জানিয়েছে ইউনিস নাকি এই টেস্টে দলকে নেতৃত্ব দিতে রাজি ছিলেন না। সেই সঙ্গে দলের মধ্যে অনৈক্যের কথাও জানিয়েছে পত্রিকাগুলো।
তবে এই সব গুঞ্জনকে 'গুজব' হিসাবে বর্ণনা করে কলকাতা টেস্টে দলকে বাঁচিয়ে দেয়া ইউনিসের ক্ষোভমিশ্রিত মন্তব্য, "সমস্যা হলো যত দিন আমি পাকিস্তানের হয়ে খেলে যাব তত দিন এই গুজবগুলো হতেই থাকবে। এ কথা ঠিক, আমি সব সময়ই অধিনায়কত্ব এড়িয়ে চলতে চেয়েছি। কিন্তু এটা আমাকে সব সময় তাড়া করেছে। এমনকি অতীতের দিকে তাকালেও আপনারা বুঝতে পারবেন অধিনায়কত্ব থেকে পালানোর কতটা চেষ্টা আমি করেছি। কারণ ভারত বা পাকিস্তানের মতো দলকে নেতৃত্ব দেয়ার অর্থ আপনার জীবন ধ্বংস হয়ে যাওয়া। তাই আমি সব সময় চেষ্টা করেছি হাসিমুখে, নির্ভার থাকতে। কারণ অধিনায়ক হলেই তা আমার পারফরম্যান্সে বিরূপ প্রভাব ফেলে। যতই আমি অধিনায়কত্ব থেকে দূরে থাকতে চেয়েছি ততই তা ধেয়ে এসেছে আমার দিকে। এটা না নিয়ে কোনো উপায়ই ছিল না আমার।"
শুক্রবার সংবাদ সম্মেলনে এ কথা বলার সময় তার প্রতি সম্পূরক প্রশ্ন ছিল, "অধিনায়কত্বের প্রতি এত বিরাগ থাকলে আপনি কেন ভারত সফরে সহ-অধিনায়ক হতে রাজি হয়েছেন?" ইউনিসের জবাবটা ছিল তার স্ট্রোকসমৃদ্ধ যে কোনো ইনিংসের মতোই সাবলীল, "এই সফরের আগে আমি সহ-অধিনায়ক ছিলাম না। কিন্তু এই সফরে সহ-অধিনায়ক হওয়ার জন্য আমাকে অনুরোধ করা হয়েছে। কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ এক সফর। আমি সব সময়ই চ্যালেঞ্জ নিতে ভালবাসি। তাই আমি এটা গ্রহণ করেছি।"
প্রতিপক্ষের ইনজুরি আর নিজেদের পেস আক্রমণের শক্তি বৃদ্ধির পাশাপাশি পাকিস্তানের জন্য আনন্দের উপলক্ষ বয়ে আনতে পারে ব্যাঙ্গালোরের উইকেট। উপমহাদেশের চিরাচরিত উইকেটের মতো নয় এখানকার বাইশ গজ। চিন্নাস্বামীর স্টেডিয়ামের কিউরেটর নারায়ণ রাজু জানিয়েছেন, "এটা (পিচ) হবে সম্পূর্ণ ভিন্ন। এখানে প্রচুর ঘাস থাকবে। শক্ত উইকেটের নিচে প্রচুর আর্দ্রতাও থাকবে।" তার মতে, প্রথম দু দিন এখানে ফাস্ট বোলাররা সুবিধা পাবে। তবে বল ব্যাটেও আসবে ভালো মতোই। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে স্পিনও ধরবে এখানে।
উইকেটের বর্ণনা শুনেই আরো বেশি আশাবাদী হয়ে ওঠা ইউনিসের মন্তব্য, "আমাদের পেস আক্রমণ বেশ ভালো। আমাদের কয়েক জন পেস বোলার রয়েছে যারা জয় এনে দিতে সক্ষম।" শোয়েব-সামি-আঞ্জুমদের নিয়ে গড়া পাকিস্তানের পেস আক্রমণ যে ভারতের চেয়ে এগিয়ে তা নির্দ্বিধায় মেনে নেবেন ভারতের এক জন অন্ধ ভক্তও। উইকেট পেসারদের সহায়ক হওয়ার সম্ভাবনা। ভেন্যুটা পাকিস্তানের বহু সাফল্যের স্মৃতি বিজড়িত ব্যাঙ্গালোর। এবারের ভারত সফরের শেষ ম্যাচে তাই উজ্জীবিত হয়েই নামার কথা পাকিস্তানের।
ক্রিকইনফোর সহায়তায়
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/১৯৪৫ঘ.
bdnews24