বুলাওয়ে, জিম্বাবুয়ে, ৭ ডিসেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - এক ম্যাচ হাতে রেখেই ওয়ানডে সিরিজ জিতে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। শুক্রবার চতুর্থ ম্যাচে তারা ৫ উইকেটে হারিয়েছে জিম্বাবুয়েকে। এই জয়ে ৫ ম্যাচের সিরিজে ৩-১ ব্যবধানে এগিয়ে গেলো ক্যারিবীয়রা।
টস হেরে ব্যাট করতে নেমে স্বাগতিকদের দারুণ সূচনা এনে দিয়েছিলেন সিবান্দা ও মাসাকাদজা। উদ্বোধনী জুটিতে দু জনের অবদান ১৬৭ রান। ৮০ রান করা মাসাকাদজার আউট হওয়ার মাধ্যমে এই জুটি ভেঙ্গে যাওয়ার পর হুড়মুড় করে ভেঙ্গে পড়ে জিম্বাবুয়ের মিডল অর্ডার। সিবান্দা অবশ্য চেষ্টা করছিলেন, কিন্তু ৯৬ রান করে তিনি রান আউট হওয়ার পর বড় সংগ্রহ গড়তে পারেনি জিম্বাবুইয়ানরা। দুই ওপেনার ছাড়া শুধু ব্রেন্ডন টেলরই (অপঃ ২৬) দুই অংকের ঘরে যেতে পেরেছেন। আর তাই পুরো ৫০ ওভার খেললেও ৯ উইকেটে ২৩২ রানের বেশি করতে পারেনি জিম্বাবুয়ে। ৪৮ রানে ৫ উইকেট নিয়ে স্বাগতিকদের সবচেয়ে বড় সর্বনাশ করেছেন জেরম টেলর।
জবাব দিতে নেমে শুরুতে ডেভন স্মিথকে (০) হারালেও কখনো লক্ষ্যভ্রষ্ট হয়নি ক্যারিবীয়রা। রুনাকো মর্টনের ৭৯, মারলন স্যামুয়েলসের ৬২ ও ডোয়াইন ব্রাভোর অপরাজিত ৪২ রান ৩ ওভার আগেই জয় এনে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজকে। দুর্দান্ত বোলিংয়ের স্বীকৃতি হিসাবে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন টেলর।
ক্রিকইনফোর সহায়তায়
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/২১৩০ঘ
bdnews24