ব্যাঙ্গালোর, ভারত, ৭ ডিসেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- এক ঝাঁক ক্রিকেট ভক্তের হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা, 'স্বাগতম মিস্টার কারস্টেন' ও 'স্বাগতম গ্যারি'। ঘিরে থাকা সাংবাদিকদের ভীড়ে। সব মিলিয়ে ভারতের মাটিতে উষ্ণ অভ্যর্থনাই পেলেন গ্যারি কারস্টেন। বৃহস্পতিবার ব্যাঙ্গালোর বিমানবন্দরে নেমে ভারতের নতুন ক্রিকেট কোচ জানালেন দলকে ঘিরে তার লক্ষ্য আর প্রত্যয়ের কথা। যে লক্ষ্যটা টেন্ডুলকার-কুম্বলেদের আরো বেশি ঐক্যবদ্ধ করাকে ঘিরে অনুরণিত।
পাকিস্তানের বিপক্ষে তৃতীয় ও শেষ টেস্ট খেলতে ভারতীয় দল এখন ব্যাঙ্গালোরে। এই ম্যাচের ফাঁকেই কোচের দায়িত্ব নিতে রাজি হওয়ার পর দলের সঙ্গে প্রথমবারের মতো দেখা হবে কারস্টেনের। টেন্ডুলকারদের নিয়ে কাজ করতে দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক যে কতটা ব্যগ্র তা প্রকাশ পেয়েছে তার কণ্ঠেই, "এই দলে বেশ কয়েক জন দুর্দান্ত খেলোয়াড় রয়েছে। আমি তাদের সঙ্গে কাজ করার জন্য অধীর আগ্রহে তাকিয়ে আছি। আমি তাদের সঙ্গে দেখা করে কথা বলতে চাই। এটা আমার কয়েকটি পরিকল্পনার মধ্যে একটি।"
সেই সঙ্গে তার লক্ষ্যের কথাও জানিয়ে দিয়েছেন তিনি, "আমি চাই ভারতের খেলোয়াড়রা আলাদাভাবে কম খেলে দল হিসাবে বেশি খেলুক। আমি ভারতের বিপক্ষে অনেক ম্যাচ খেলেছি। ওরা (ভারতীয় দল) এখানে কীভাবে খেলে শুধু সেটা দেখতেই চাই। এই মৌসুমে আমাদের আরো বহু ম্যাচ বাকি আছে।"
পাকিস্তানের সঙ্গে সিরিজ শেষে অস্ট্রেলিয়া সফরে পরামর্শদাতা হিসাবে 'টিম ইন্ডিয়া'র সঙ্গে যোগ দেবেন কারস্টেন। ভারতের কোচ হিসাবে তার প্রথম 'অ্যাসাইনমেন্ট' নিজ দেশের বিপক্ষে, আগামী মার্চে।
পিটিআই-এর সহায়তায়
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/২০৪৫ঘ.
bdnews24