২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জয়াসুরিয়াকে জয়াবর্ধনে-সাঙ্গাকারার শ্রদ্ধাঞ্জলি

জীবনের শেষ টেস্ট ইনিংসে মূল্যবান ৭৮ রান, ক্রিজে জমে যাওয়া রবি বোপারার উইকেট নিয়ে দলের জয়ে বড় অবদান রাখা --- বিদায়ী টেস্টেও তিনি যথারীতি উজ্জ্বল, শ্রীলঙ্কার অন্যতম সেরা খেলোয়াড়। শুধু ক্যান্ডিতেই নয়, ১৮ বছরের দীর্ঘ টেস্ট ক্যারিয়ারে দেশকে ব্যাটসম্যান-বোলার দু ভূমিকাতেই অজস্র উপহার দিয়েছেন সনাৎ জয়াসুরিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2007, 03:01 PM

Updated : 26 Aug 2022, 09:03 PM

ক্যান্ডি, শ্রীলঙ্কা, ৬ ডিসেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- জীবনের শেষ টেস্ট ইনিংসে মূল্যবান ৭৮ রান, ক্রিজে জমে যাওয়া রবি বোপারার উইকেট নিয়ে দলের জয়ে বড় অবদান রাখা --- বিদায়ী টেস্টেও তিনি যথারীতি উজ্জ্বল, শ্রীলঙ্কার অন্যতম সেরা খেলোয়াড়। শুধু ক্যান্ডিতেই নয়, ১৮ বছরের দীর্ঘ টেস্ট ক্যারিয়ারে দেশকে ব্যাটসম্যান-বোলার দু ভূমিকাতেই অজস্র উপহার দিয়েছেন সনাৎ জয়াসুরিয়া। বুধবার টেস্ট ক্রিকেট অবসর নেয়ার সময় তাই অজস্র স্মৃতি এসে ভীড় করেছে তার মনে। তার সতীর্থরাও হয়ে পড়েছেন শোকাচ্ছন্ন, আবেগাপ্লুত। আবেগজড়িত কণ্ঠেই শ্রীলঙ্কার অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে ও তার সহকারী কুমার সাঙ্গাকারা শ্রদ্ধাঞ্জলি জানালেন শ্রীলঙ্কার দীর্ঘ দিনের বীর যোদ্ধাকে। বেশ কিছু দিন ধরেই দ্বীপদেশটির মিডিয়ায় তার অবসর সংক্রান্ত গুঞ্জন চলছিল। গুঞ্জনটাকে সত্যি প্রমাণ করে জয়াসুরিয়া টেস্ট থেকে বিদায়ের ঘোষণা দিয়েছেন মুরালিধরনের বিশ্ব রেকর্ড গড়ার দিনে। সেদিনই 'মাতারা হারিকেন' জানিয়েছেন এটাই হবে তার ক্যারিয়ারের শেষ টেস্ট। আগে থেকে নিশ্চয়ই আঁচ করতে পারছিলেন জয়াবর্ধনে। তার পরও প্রিয় সতীর্থের বিদায়ের খবরে দুঃখ চেপে রাখতে পারেননি শ্রীলঙ্কার অধিনায়ক, "দীর্ঘ ১৮ বছর ধরে খেলা এক জন ক্রিকেটারকে হারানোটা একটা বিশাল ক্ষতি। সে ছিলো একজন ব্যাটসম্যান, সিনিয়র খেলোয়াড় ও বোলার। এবং তার বিদায়জনিত ক্ষতিটা আমাদের জন্য বিরাট, বিশেষ করে ড্রেসিং রুমের জন্য।" গত দু/তিন বছর টেস্টে জয়াসুরিয়ার পারফরম্যান্স তেমন ভালো ছিল না। শ্রীলঙ্কার নির্বাচকরাও চাইছিলেন টেস্ট ওপেনার হিসাবে নতুন কাউকে তুলে আনতে। জয়াবর্ধনে দলে নতুনের আবাহনের বিপক্ষে নন। কিন্তু তার সবচেয়ে ভাল লেগেছে বাস্তবতা বুঝতে পেরে জয়াসুরিয়ার নিজে থেকেই সরে দাঁড়ানোর সাহসী সিদ্ধান্তটা, "আমার ধারণা এই সিদ্ধান্ত সে খুশি মনেই নিয়েছে।" জয়াসুরিয়ার টেস্ট থেকে অবসরের সিদ্ধান্তে জয়াবর্ধনের চেয়ে সাঙ্গাকারা বোধহয় অনেক বেশি আবেগাক্রান্ত, মর্মাহত। যে মাঠে জয়াসুরিয়া জীবনের শেষ টেস্ট খেললেন সেই আসগিরিয়া স্টেডিয়ামেই তাকে সর্বপ্রথম দেখেছিলেন শ্রীলঙ্কার বর্তমান সহ-অধিনায়ক। '৯৬ বিশ্বকাপে কেনিয়ার বিপক্ষে জয়াসুরিয়ার ২৭ বলের ৪৪ রানের ইনিংসটা মাঠে বসে দেখে আমূল পাল্টে গিয়েছিল সদ্য তারুণ্য ছোঁয়া সাঙ্গাকারার জীবন। জয়াসুরিয়ার অবিস্মরণীয় পারফরম্যান্সের সৌজন্যে আসা বিশ্বকাপের শিরোপা শুধু সাঙ্গাকারাকেই নয়, উদ্বুদ্ধ করেছিল তার সমবয়সী বহু ক্রিকেটারকে, "বিশ্বকাপ জয় আমাকে ছাড়াও তরুণ ক্রিকেটারদের পুরো একটা প্রজন্মকে শ্রীলঙ্কার পক্ষে খেলার জন্য অনুপ্রাণিত করেছিল। তিনি (জয়াসুরিয়া) বিশ্ব ক্রিকেটের চেহারাই পাল্টে দিয়েছিলেন, বিশেষ করে ওয়ানডে অঙ্গনের। তিনি একজন অসাধারণ ক্রিকেটার, অসাধারণ মানুষ এবং তার ক্যারিয়ারও অসাধারণ।" ৭ বছর আগে আন্তর্জাতিক ক্রিকেটে সাঙ্গাকারার অভিষেকের সময় জয়াসুরিয়াই ছিলেন শ্রীলঙ্কার অধিনায়ক। সেই কঠিন দিনগুলোতে জয়াসুরিয়ার সহযোগিতার কথা আজো ভুলতে পারেননি তিনি, "ব্যক্তিগতভাবে আমি মনে করি তিনি সহযোগিতার একটি স্তম্ভ বিশেষ। তিনিই ছিলেন আমার প্রথম অধিনায়ক। দলে সুযোগ পেতে সমস্যা হলে তিনি সব সময় ইতিবাচক কথা বলে আমাকে চাঙ্গা রাখতেন । কখনো একটিও নেতিবাচক শব্দ বলতেন না। ড্রেসিং রুমে তো তার সঙ্গে আমাদের অজস্র সুন্দর স্মৃতি রয়েছে। আমরা তাকে মিস করবো। তবে জীবন আর ক্রিকেটতো এগিয়েই চলে। আর আমাদেরও নতুন একটা দল নিয়ে সামনের দিকে তাকাতে হবে।" ক্রিকইনফোর সহায়তায় বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/২১০০ঘ.