ঢাকা, ৬ ডিসেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- অনুশীলনে জন্য গ্রানাইট পাথরের স্ল্যাব লাগবে! বাংলাদেশ দলের নতুন কোচ জেমি সিডন্সের এই চাহিদার কথা চাউর হতেই ঔৎসুক্য তৈরি হয়েছিল এটা নিয়ে। পাথরখন্ডটি দিয়ে তিনি প্র্যাকটিসে কী ধরনের অভিনবত্ব আনেন, সেটা দেখার কৌতূহল অবশেষে মিটেছে। বৃহষ্পতিবার মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে এই অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের স্লিপ ক্যাচিং প্র্যাকটিস করানোর কাজে ব্যবহার করলেন গ্রানাইট পাথরের ওই স্ল্যাবটি!
দায়িত্ব নিতে ঢাকায় আসার পরপরই নিজের চাহিদার কথা জানিয়ে দিয়েছিলেন সিডন্স। কিন্তু তিনি যে মাপের গ্রানাইট পাথরের স্ল্যাব চেয়েছিলেন, বাজারে সেটা সহজেই মিলছিল না। প্রথমে তো কিউরেটর বদিউল আলম খোকনকে তা খুঁজে খুঁজে হয়রানই হতে হয়েছে। রাজধানীর হাতিরপুল ও বাংলামটরের টাইলসের মার্কেটে ঘুরতে ঘুরতে অবশেষে তেজগাঁওয়ে একটি কারখানার সন্ধান পেয়ে যান, যেখান থেকে কাটিয়ে এনেছেন চার ফুট বাই ছয় ফুটের গ্রানাইট পাথরের স্ল্যাব।
মঙ্গলবার এটি হাতে পাওয়ার পরপরই কাজে নেমে পড়েন কিউরেটর। কারণ কোচ তাকে বলেছিলেন, এটা যেন মাঠের এক কোণায় মাটিতে স্থাপন করা হয়। বুধবার নিউজিল্যান্ডগামী বাংলাদেশ দলের প্র্যাকটিসে বিরতি ছিল। বৃহষ্পতিবার সকালে মাঠে এসেই সিডন্স দেখেন মাটিতে গ্রানাইট পাথরের স্ল্যাব বসে গেছে। সুতরাং স্লিপ ক্যাচিং শুরুতে আর কোনো সমস্যা নেই। ব্যাটসম্যানদের ইনডোর এবং এক নাম্বার উইকেটে ব্যাটিংয়ের পাশাপাশি ফিল্ডিং প্র্যাকটিসের অংশ হয়ে গেল এটাও।
মিরপুরে বাংলাদেশ দল যে ড্রেসিং রুমটা ব্যবহার করে, তার পাশেই বসানো স্ল্যাবটিতে বোলিং মেশিন থেকে ক্রমাগত বল ছোঁড়া হলো। আর স্ল্যাব থেকে কয়েক ফুট দূরে কোণাকুণি বসানো ছিল একটি টেবিলের উপরিদেশ। বোলিং মেশিন থেকে ছোঁড়া বল ওই টেবিলে লেগে যাচ্ছিল ফিল্ডারদের হাতে। ঠিক যেভাবে ব্যাটসম্যানের ব্যাট ছুঁয়ে আসা বল স্লিপে দাঁড়িয়ে লোফেন ফিল্ডাররা। যদিও এধরনের প্র্যাকটিসে এদিন সবাইকে ডাকেননি বাংলাদেশ দলের হেড কোচ। যারা সাধারণত স্লিপে ফিল্ডিং করে থাকেন, তারাই নতুন ধরনের এই প্র্যাকটিসে অংশ নিয়েছেন। যেমন মাশরাফি বিন মর্তুজা, তামিম ইকবাল এবং জুনায়েদ ইমরোজ সিদ্দিকীরা।
তবে গ্রানাইট পাথরের স্ল্যাবে স্লিপ ক্যাচিং প্র্যাকটিস করানো নিয়ে ঔৎসুক্য ছিল খোদ ক্রিকেটারদের মাঝেও। তাই এভাবে প্র্যাকটিস করে কেমন লাগে, সেই আমেজটা নিয়ে গেলেন এমন অনেক ক্রিকেটারই যাদের সাধারণত স্লিপে দাঁড়ানো হয় না। নতুনত্বের স্বাদ নেওয়া বলে কথা!
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/১৭১০ঘ.
bdnews24