করাচি, ৬ ডিসেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- রেষারেষি নতুন নয় পাকিস্তান দলে। নতুন নয় অন্তর্কলহ। আর এই প্রেক্ষিতে অতীত খুঁড়ে এক তথ্য ফাঁস করেছেন জাভেদ মিয়াদাঁদ। পাকিস্তানের বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইমরান খানের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন খেলোয়াড়রা। আর সেটা হয়েছিল ১৯৯২ সালের সেই বিশ্বকাপেই। বুধবার স্থানীয় এক টিভি চ্যানেলে এক চ্যাট শোতে এই কথা জানিয়েছেন পাকিস্তান ক্রিকেটের "বড়ে মিয়া"।
সাবেক অধিনায়ক ও তিন দফা পাকিস্তানের কোচের দায়িত্ব পালন করা মিয়াদাঁদ জানিয়েছেন শীর্ষ খেলোয়াড়রা বিশ্বকাপ চলার সময় ইমরানের নেতৃত্বের ধরণ নিয়ে অসন্তুষ্ট ছিলেন। বলেছেন, "নিউজিল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালের আগে এই বিদ্রোহ হয়েছিল।" আর তা প্রশমনে তার ভূমিকা ছিল বলে জানিয়েছেন মিয়াদাঁদ, "আমার কাছে দেশের মান ছিল অনেক বেশি বড়, তাই খেলোয়াড়দের বুঝিয়েশুনিয়ে ইমরানের নেতৃত্বে খেলে যেতে রাজী করিয়েছি।"
ইমরানের অবসরের সঙ্গেও এই ঘটনার যোগসূত্র আছে বলে জানিয়েছেন মিয়াদাঁদ। তার ভাষায়, "১৯৯২ সালে বিশ্বকাপ জয়ের পর ও ইংল্যান্ড সফরের আগে ইমরান এই বিদ্রোহের কথা জেনে ফেলে, আর তারপর সে অবসর নেয়।" বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্স মিয়াদাঁদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এই ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তবে বিস্তারিত ব্যাখ্যা না দিয়ে বলেছেন, "আমি কখনই ঘটনাটা কাউকে বলিনি। কিন্তু এখন যেহেতু অনেকেই তা জানে তাই সত্যিটা বলে দিয়েছি।"
অকল্যান্ডের যে ম্যাচের আগে এত কাণ্ড, তা একা হাতেই জিতিয়েছিলেন তখনকার তরুণতুর্কি ইনজামাম-উল হক। মেলবোর্নের ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে শিরোপা যেতে পাকিস্তান। আর তাতে মূল ভূমিকা রেখেছিল ইমরান-মিয়াদাঁদের ১৩৯ রানের তৃতীয় উইকেট জুটি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ওআরপি/১৪১৫ঘ.
bdnews24