২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাঙ্গালোরে খেলবেন না জহির-মুনাফ

জহির খানের ডান গোড়ালি, মুনাফ প্যাটেলের পিঠ আর রুদ্রপ্রতাপ সিংয়ের মাংসপেশিতে সমস্যা। সামনে গুরুত্বপূর্ণ অস্ট্রেলিয়া সফর বলেই তিন পেসারকে নিয়ে কোনো রকম ঝুঁকি নিতে রাজি হননি ভারতের নির্বাচকরা। পাকিস্তানের বিপক্ষে আগামী শনিবার থেকে ব্যাঙ্গালোরে শুরু হতে যাওয়া তৃতীয় ও শেষ টেস্টে তাই তিন জনকেই বিশ্রাম দেয়া হচ্ছে। আর তাই সুযোগ পেয়েছেন ইরফান পাঠান, ভিআরভি সিং ও ইশান্ত শর্মা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2007, 03:50 PM

Updated : 26 Aug 2022, 09:03 PM

ব্যাঙ্গালোর, ৫ ডিসেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জহির খানের ডান গোড়ালি, মুনাফ প্যাটেলের পিঠ আর রুদ্রপ্রতাপ সিংয়ের মাংসপেশিতে সমস্যা। সামনে গুরুত্বপূর্ণ অস্ট্রেলিয়া সফর বলেই তিন পেসারকে নিয়ে কোনো রকম ঝুঁকি নিতে রাজি হননি ভারতের নির্বাচকরা। পাকিস্তানের বিপক্ষে আগামী শনিবার থেকে ব্যাঙ্গালোরে শুরু হতে যাওয়া তৃতীয় ও শেষ টেস্টে তাই তিন জনকেই বিশ্রাম দেয়া হচ্ছে। আর তাই সুযোগ পেয়েছেন ইরফান পাঠান, ভিআরভি সিং ও ইশান্ত শর্মা। বুধবার শুধু ব্যাঙ্গালোর টেস্ট নয়, অস্ট্রেলিয়া সফরে টেস্ট সিরিজের সম্ভাব্য দলও ঘোষণা করেছে ভারতের নির্বাচন কমিটি। ২৪ জনের দলটির ১৩ জনই বোলার। বাকি ১১ জনের মধ্যে ৮ জন স্পেশালিস্ট ব্যাটসম্যান আর তিন জন উইকেট কিপার। সাবেক টেস্ট ওপেনার আকাশ চোপড়া ও তরুণ লেগস্পিনার পীযূষ চাওলা সুযোগ পেলেও এই দলে জায়গা হয়নি বীরেন্দর শেবাগ ও শ্রীশান্তের। শ্রীশান্তকে অবশ্য কাঁধের ইনজুরির জন্য রাখা হয়নি। বিসিসিআই সেক্রেটারি নিরঞ্জন শাহ জানিয়েছেন, "বেশ কয়েক জন ফাস্ট বোলারের ইনজুরির কারণে অস্ট্রেলিয়া সফরের চূড়ান্ত ১৬ জনের দল ঘোষণা বিলম্বিত করেছেন নির্বাচকরা। ব্যাঙ্গালোরে ১২ ডিসেম্বর দল বেছে নেয়া হবে। তারা (নির্বাচকরা) সম্ভাব্য ২৪ জনকে বেছে নিয়েছেন। চূড়ান্ত দল নির্বাচনের আগে চূড়ান্ত ফিটনেস রিপোর্ট দেখে নেবেন তারা।" তৃতীয় টেস্টের দল : অনিল কুম্বলে (অধিনায়ক), ওয়াসিম জাফর, দীনেশ কার্তিক, গৌতম গম্ভীর, রাহুল দ্রাবিড়, শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলী, ভিভিএস লক্ষ্মণ, যুবরাজ সিং, মহেন্দ্র সিং ধোনি, হরভজন সিং, ভিআরভি সিং, মুরালি কার্তিক, ইরফান পাঠান ও ইশান্ত শর্মা। অস্ট্রেলিয়া সফরের সম্ভাব্য দল : অনিল কুম্বলে (অধিনায়ক), মহেন্দ্র সিং ধোনি, ওয়াসিম জাফর, দীনেশ কার্তিক, শচীন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড়, ভিভিএস লক্ষ্মণ, যুবরাজ সিং, সৌরভ গাঙ্গুলী, আরপি সিং, মুনাফ প্যাটেল, জহির খান, ভিআরভি সিং, পঙ্কজ সিং, ইশান্ত শর্মা, মুরালি কার্তিক, হরভজন সিং, পীযূষ চাওলা, আকাশ চোপড়া, গৌতম গম্ভীর, রণদেব বোস, ইরফান পাঠান, অজিত আগারকার ও পার্থিব প্যাটেল। ক্রিকইনফোর সহায়তায় বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/২০৪০ঘ.