২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিউজিল্যান্ড সফরে তিনদিনের ম্যাচ বাদ, তিনটি একদিনের প্রস্তুতি ম্যাচ

দুটো একদিনের ম্যাচের পাশাপাশি একটি তিনদিনের প্রস্তুতি ম্যাচও ছিল আগের সফরসূচীতে। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অনুরোধ করেছিল যেন একদিনের ম্যাচ আরো বাড়ানো হয়। তাই নতুন সফরসূচীতে নিউজিল্যান্ড বোর্ড তিনটি একদিনের প্রস্ততি ম্যাচ রেখে বাদ দিয়ে দিয়েছে তিনদিনের ম্যাচটি। ২৬ ডিসেম্বর থেকে অকল্যান্ডে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরুর আগে নিউজিল্যান্ডে প্রস্তুতিটা তাই ভালোই হওয়ার কথা মোহাম্মদ আশরাফুলের দলের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2007, 11:57 AM

Updated : 26 Aug 2022, 09:03 PM

ঢাকা, ৫ ডিসেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- দুটো একদিনের ম্যাচের পাশাপাশি একটি তিনদিনের প্রস্তুতি ম্যাচও ছিল আগের সফরসূচীতে। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অনুরোধ করেছিল যেন একদিনের ম্যাচ আরো বাড়ানো হয়। তাই নতুন সফরসূচীতে নিউজিল্যান্ড বোর্ড তিনটি একদিনের প্রস্ততি ম্যাচ রেখে বাদ দিয়ে দিয়েছে তিনদিনের ম্যাচটি। ২৬ ডিসেম্বর থেকে অকল্যান্ডে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরুর আগে নিউজিল্যান্ডে প্রস্তুতিটা তাই ভালোই হওয়ার কথা মোহাম্মদ আশরাফুলের দলের। বাংলাদেশ দল ১২ ডিসেম্বর নিউজিল্যান্ডের উদ্দেশে রওনা হবে। ১৩ ডিসেম্বর সেখানে পৌছানোর পর দু'দিনের বিশ্রামশেষে ১৬ ডিসেম্বর প্রথম প্রস্তুতি ম্যাচ হ্যামিল্টনে। সেডন পার্কের ওই ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ নর্দার্ন ডিস্ট্রিক্ট। ১৮ ডিসেম্বর একই দলের সঙ্গে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ, একই ভেন্যুতে। ২১ ডিসেম্বর অকল্যান্ডের ইডেন পার্কে শেষ প্রস্তুতি ম্যাচটি খেলেই আবার হ্যামিল্টনে ফিরবে বাংলাদেশ দল। সেখানেই ২৩ ডিসেম্বর বাংলাদেশে সিডর দুর্গতদের সাহায্যার্থে আয়োজিত টুয়েন্টি টুয়েন্টি ম্যাচে টাইগাররা স্টিফেন ফ্লেমিংয়ের নেতৃত্বাধীন নিউজিল্যান্ড একাদশের মুখোমুখি হবে। এরপরই সিরিজ নিয়ে চিন্তায় বুঁদ হয়ে যেতে হবে আশরাফুলদের। বক্সিং ডে'তে প্রথম ওয়ানডে অকল্যান্ডে। সিরিজের পরের দুটো ম্যাচ ২৮ ডিসেম্বর নেপিয়ারের ম্যাকলিন পার্ক এবং ৩১ ডিসেম্বর কুইন্সটাউনের কুইন্সটাউন ইভেন্টস সেন্টারে। নতুন বছরের ৪ জানুয়ারি থেকে ডানেডিনের ইউনিভার্সিটি ওভালে প্রথম টেস্ট। ওয়েলিংটনের বেসিন রিজার্ভে সিরিজের শেষ টেস্ট শুরু হবে ১২ জানুয়ারি। ১৭ জানুয়ারি দেশে ফেরার ফ্লাইট ধরবে বাংলাদেশ দল। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/১৭৫০ঘ.