২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাঙ্গাকারার আরেকটি ব্যাটিং-মুর্ছনায় শ্রীলঙ্কার চোখে জয়ের স্বপ্ন

প্রথম ইনিংসে মাত্র ৮ রানের জন্য তিনি সেঞ্চুরির দেখা পাননি। দ্বিতীয় ইনিংসে সেটা পুষিয়ে দিলেন কুমার সাঙ্গাকারা। তার ১৫২ রানের আরেকটি অসাধারণ ইনিংসের সৌজন্যেই ক্যান্ডি টেস্টের চতুর্থ দিনশেষে শ্রীলঙ্কার চোখে জয়ের স্বপ্ন। স্বাগতিকরা ৮ উইকেটে ৪৪২ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করায় ইংল্যান্ডের জেতার জন্য চাই ৩৫০ রান। দ্বিতীয়বার ব্যাট করতে নেমে দিনশেষে ইংলিশদের সংগ্রহ ১ উইকেটে ৯ রান। অর্থাৎ বুধবার শেষ দিনে জয়ের জন্য ইংল্যান্ডের প্রয়োজন ৩৪১ রান, শ্রীলঙ্কার ৯ উইকেট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2007, 04:22 PM

Updated : 26 Aug 2022, 09:02 PM

ক্যান্ডি, ৪ ডিসেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- প্রথম ইনিংসে মাত্র ৮ রানের জন্য তিনি সেঞ্চুরির দেখা পাননি। দ্বিতীয় ইনিংসে সেটা পুষিয়ে দিলেন কুমার সাঙ্গাকারা। তার ১৫২ রানের আরেকটি অসাধারণ ইনিংসের সৌজন্যেই ক্যান্ডি টেস্টের চতুর্থ দিনশেষে শ্রীলঙ্কার চোখে জয়ের স্বপ্ন। স্বাগতিকরা ৮ উইকেটে ৪৪২ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করায় ইংল্যান্ডের জেতার জন্য চাই ৩৫০ রান। দ্বিতীয়বার ব্যাট করতে নেমে দিনশেষে ইংলিশদের সংগ্রহ ১ উইকেটে ৯ রান। অর্থাৎ বুধবার শেষ দিনে জয়ের জন্য ইংল্যান্ডের প্রয়োজন ৩৪১ রান, শ্রীলঙ্কার ৯ উইকেট। এ বছর সাঙ্গাকারার ব্যাটে রীতিমতো রানের ফুলঝুরি। বিশ্বকাপের পর ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে অপরাজিত ২০০ ও অপরাজিত ২২২ রান এসেছিল তার ব্যাট থেকে। অস্ট্রেলিয়ায় প্রথম টেস্টে খেলতে পারেননি ইনজুরির কারণে। কিন্তু দ্বিতীয় ও শেষ টেস্টে তার ১৯২ রানের দুর্দান্ত এক ইনিংস এক সময় অসম্ভব এক জয়ের স্বপ্ন দেখাচ্ছিল শ্রীলঙ্কাকে। দক্ষিণ আফ্রিকান আম্পায়ার রুডি কোয়ের্টজেনের বিতর্কিত সিদ্ধান্তের বলি হয়ে আউট হওয়ার জন্যই তিনি ডাবল সেঞ্চুরির দেখা পাননি, শ্রীলঙ্কানরাও হারাতে পারেনি প্রবল পরাক্রমশালী অস্ট্রেলিয়াকে। সেই চমৎকার ব্যাটিংয়ের স্মৃতি ফিকে হতে না হতেই ক্যান্ডিতে আবারো জ্বলে উঠলো তার ব্যাট। এ নিয়ে শেষ ১৪ টেস্টে অষ্টম সেঞ্চুরির দেখা পেলেন তিনি। এই ৮টি সেঞ্চুরির মধ্যে দুটো আবার ডাবল! মঙ্গলবার স্বাগতিকরা ২ উইকেটে ১৬৬ রান নিয়ে যখন দিন শুরু করছে সাঙ্গাকারা তখন ৩০ রানে অপরাজিত। সঙ্গে থাকা অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে তখনো রান করতে পারেননি। লাঞ্চের কিছুক্ষণ আগে উইকেট কিপার ম্যাট প্রায়রের দুর্দান্ত এক ক্যাচের সুবাদে জুটিটা ভাঙ্গতে পেরেছে সফরকারীরা। ম্যাথু হগার্ডের বলে জয়াবর্ধনের ব্যাট ছুঁয়ে আসা ক্যাচটা লেগের দিকে ঝাঁপিয়ে গ্লাভসবন্দী করেছেন প্রায়র। সাঙ্গাকারা-জয়াবর্ধনে জুটিতে ১২২ রান এসেছে, যেখানে শ্রীলঙ্কার অধিনায়কের অবদান ৯টি বাউন্ডারিসহ ৬৫ রান। লাঞ্চের সময় সাঙ্গাকারা অপরাজিত ছিলেন ৮৭ রানে। বিরতির পর অল্প সময়ের মধ্যেই ষোড়শ টেস্ট সেঞ্চুরিতে পৌঁছে মেতে উঠেছেন উৎসবে। শেষ পর্যন্ত তার ব্যাটের মুর্ছনা থামিয়েছেন কলিংউড, মিড উইকেটে অধিনায়ক মাইকেল ভনের ক্যাচ বানিয়ে। তখন সাঙ্গাকারার নামের পাশে জ্বলজ্বল করছে ১৫২ রান, যেখানে বাউন্ডারি ১৯টি। প্রথম ব্যাটসম্যান হিসাবে টানা চার টেস্টে দেড় শ' বা তার চেয়ে বেশি রান করার গৌরবটাও এখন তার অধিকারে। ভাগ্যের সহায়তাও অবশ্য পেয়েছেন। ৯৮ রানের সময় স্লিপে তার ক্যাচ ফেলে দিয়েছেন আগের দিন ৩৫ রানে জয়াসুরিয়াকে 'জীবন' দেয়া ইয়ান বেল। সে যা-ই হোক, নিজের পারফরম্যান্স এবং বিশেষ করে দল সুবিধাজনক অবস্থানে থাকায় দারুণ খুশি সাঙ্গাকারা, "আমার ইনিংসটা নিয়ে আমি খুবই আনন্দিত। আজকের দিনটা আমাদের বেশ ভাল কেটেছে। আমরা দারুণ দৃঢ়তা দেখিয়েছি। ৩৫০ রানের লিড চেয়েছিলাম আর সেটাই পেয়েছি। খেলা শেষ হওয়ার আগে ভাস একটা উইকেটও তুলে নিয়েছে। তাই আমাদের কোনো অভিযোগ নেই। নিজের খেলা নিয়ে এখন আমি আগের চেয়ে অনেক বেশি সচেতন। আমার প্রস্তুতি ভাল হয়েছে আর মানসিকভাবেও আমি এখন অনেক বেশি নির্ভার। তাই রানও আসছে।" জয়াবর্ধনে ফিরে যাওয়ার পর প্রথমে চামারা সিলভার (৩৭) সঙ্গে ৭১ ও পরে জিহান মুবারককে (৯) নিয়ে ২৮ রানের জুটি গড়েছেন সাঙ্গাকারা। চামারা ও জিহান দু জনই মন্টি পানেসারের শিকার। এর পর প্রসন্ন জয়াবর্ধনে (২০) ও ইনিংস ঘোষণার খানিকক্ষণ আগে সাঙ্গাকারাকে আউট করে ইংলিশ শিবিরে আনন্দের উপলক্ষ বয়ে এনেছেন কলিংউড। তবে শততম টেস্ট খেলতে নামা চামিন্ডা ভাস প্রতিপক্ষকে হাসিমুখে দিনটা শেষ করতে দেননি। ইনিংসের চতুর্থ বলেই অ্যালিস্টার কুককে (৪) স্লিপে ক্যাচ দিতে বাধ্য করেছেন এই বাঁহাতি পেসার। দিনশেষে ভন ১ ও 'নাইটওয়াচম্যান' অ্যান্ডারসন অপরাজিত ছিলেন ৪ রানে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/২০০০ঘ.