কলকাতা, ৩ ডিসেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- জয়ের স্বপ্নটা একদম ফিকে হতে দেয়নি ভারত। ইডেনের শেষ দিনটা পাকিস্তানকে ম্যাচ বাঁচাতে ছেড়ে দেওয়ার আগে লিডটা বাড়িয়ে নেওয়ার কাজ অনেকখানি এগিয়ে নিয়েছে স্বাগতিকরা। সোমবার কলকাতা টেস্টের চতুর্থ দিন শেষে ভারতের দ্বিতীয় ইনিংসের সংগ্রহ ২ উইকেটে ১৪১ রান। মহেন্দ্র সিং ধোনি ২৮ ও সৌরভ গাঙ্গুলী ২৪ রান নিয়ে ব্যাট করছেন। সুবাদেই ভারত ৩০১ রানে এগিয়ে।
ইডেনে প্রথম দু'দিন মিলে মিশে দাপিয়েছেন ভারতের ব্যাটসম্যানরা। তৃতীয় দিনের খানিকটাও। এরপর পুরোটা সময়ই মিসবাহর। প্রথমে সঙ্গী পেয়েছিলেন কামরান আকমলকে। দু'জনে দুটো সেঞ্চুরিতে রুখে দাঁড়িয়েছেন দলের বিপর্যয়। আকমলের বিদায়ের পর মোহাম্মদ সামিকে নিয়ে লড়েছেন মিসবাহ। ফলো-অনের দুঃস্বপ্নটা তখনই হাওয়া হয়ে গেছে পাকিস্তানের। লাঞ্চের খানিক আগেই ৫৯ রানের সেই ঘাটতি পুরো করেছেন দুজনে।
৬ উইকেটে ৩৫৮ রানে দিন শুরু করা পাকিস্তানের প্রথম সেশনের শুরুটা দুজন কাটিয়েছেন মুখ বুজে। কালক্ষেপনের পাশাপাশি রান তোলাও যখন জরুরি তখনই হাত খুলে শুরু করেছেন মিসবাহ। হরভজন সিংকে সোজা ছক্কা হাঁকিয়ে। নবম উইকেটের এই জুটি শেষ হয়েছে ৯১ রানে। শেষ করেছেন লক্ষ্মণ। মিড অফে তুলে মারতে গিয়ে ওয়াসিম জাফরের ক্যাচে পরিণত হয়েছেন সামি। তার আগে ১২৩ বলে দুটো চার ও একটি ছক্কায় করেছেন ৩৮। এরপর শুধুই আসা যাওয়া। কুম্বলের বলে স্লিপে দ্রাবিড়কে ক্যাচ দিয়েছেন সোহেল তানভির। তার মতোই খালি হাতে ফিরেছেন শোয়েব আখতার ও দানিশ কানেরিয়া। দুজনেই হরভজন সিংয়ের শিকার। ইনিংসে ৫ উইকেট নিয়েছেন এই অফস্পিনার ১২২ রান খরচায়। মিসবাহ তার ক্যারিয়ার সেরা ইনিংসটিতে অপরাজিত থেকে গেছেন ১৬১ রানে।
দ্বিতীয় ইনিংসে ভারতের ঝড়ো শুরুর অনেকখানিই এসেছে ওয়াসিম জাফরের ব্যাটে। প্রথম ইনিংসের ডাবল সেঞ্চুরিয়ান এই ওপেনার আউট হওয়ার আগে করেছেন ৭৫ বলে ৫৬ রান। দিনেশ কার্তিকের সঙ্গে তার ৭৫ রানের উদ্বোধনী জুটি ভেঙ্গেছেন দানিশ কানেরিয়া। ২৮ রান করে মিসবাহর দারুণ এক ক্যাচ হয়েছেন কার্তিক। জাফরকে বোল্ড করে তার দ্বিতীয় উইকেটটি নিয়েছেন এরপর কানেরিয়া।
(ক্রিকইনফোর সহায়তায়)
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ওআরপি/এমএম/১৭২০ঘ.
bdnews24