২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রশংসার বন্যায় ভাসছেন মুরালিধরন

এমন একটা অসাধারণ অর্জনের পর প্রশংসার বন্যায় ভেসে যাওয়ার কথা। মুত্তিয়া মুরালিধরনও ভাসছেন। পল কলিংউডকে বোল্ড করে টেস্ট ক্রিকেটের সর্বোচ্চ উইকেটের মুকুট মাথায় পরা মুরালির প্রশংসায় পঞ্চমুখ তার সতীর্থ থেকে শুরু করে প্রতিপক্ষ। শেন ওয়ার্ন, টম মুডি থেকে শুরু করে কলিংউড পর্যন্ত এখন তার প্রশংসায় পঞ্চমুখ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2007, 04:21 PM

Updated : 26 Aug 2022, 09:02 PM

ক্যান্ডি, শ্রীলঙ্কা, ৩ ডিসেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- এমন একটা অসাধারণ অর্জনের পর প্রশংসার বন্যায় ভেসে যাওয়ার কথা। মুত্তিয়া মুরালিধরনও ভাসছেন। পল কলিংউডকে বোল্ড করে টেস্ট ক্রিকেটের সর্বোচ্চ উইকেটের মুকুট মাথায় পরা মুরালির প্রশংসায় পঞ্চমুখ তার সতীর্থ থেকে শুরু করে প্রতিপক্ষ। শেন ওয়ার্ন, টম মুডি থেকে শুরু করে কলিংউড পর্যন্ত এখন তার প্রশংসায় পঞ্চমুখ। প্রশংসাকারীদের মধ্যে সর্বাগ্রে রাখতে হবে ওয়ার্নকে। অস্ট্রেলিয়া সফরের আগে এই ওয়ার্নই সাবেক সতীর্থদের অনুরোধ করেছিলেন মুরালিকে ঠেকিয়ে রাখার জন্য। দুই টেস্টে মুরালিকে মাত্র ৪ উইকেট দিয়ে সেই অনুরোধে ভাল ভাবেই সাড়া দিয়েছিলেন পন্টিংয়ে দলের ব্যাটসম্যানরা। কিন্তু সোমবার তার হাত থেকে রেকর্ডটা হাতছাড়া হওয়ার পর সর্বকালের সেরা লেগস্পিনারই মেতে উঠলেন মুরালি-বন্দনায়, অভিনন্দিত করলেন খোলা মনে, "আমার রেকর্ডটা ভেঙ্গে দেয়ার জন্য মুরালিকে আমি অভিনন্দন জানাচ্ছি। মুরালি বলেছে যে টেস্টে সে এক হাজার উইকেট নিতে চায়। সেখানে পৌঁছানোর সব ধরনের সম্ভাবনাই তার আছে। সে তা করতে পারলে আমি তো মনে করি না কেউ তাকে ধরতে পারবে। সে এক জন দুর্দান্ত খেলোয়াড়, অসাধারণ প্রতিদ্বন্দ্বী আর শ্রীলঙ্কান ক্রিকেটের জন্য এক দারুণ উপহার।" এবারের বিশ্বকাপ শেষে শ্রীলঙ্কার কোচের দায়িত্ব ছেড়ে দেয়া মুডি ছিলেন টেস্টে মুরালির দ্বিতীয় শিকার। ১৯৯২তে কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে মুরালির এক অত্যাশ্চর্য বল অফস্টাম্পের অনেক বাইরে পিচ পড়ে, প্রায় ৫ ফুট টার্ন করে ভেঙ্গে দিয়েছিল মুডির উইকেট! সেই ঘটনার প্রায় দেড় দশক পর শ্রীলঙ্কার কোচ হওয়া মুডির মুখেও প্রশংসার ফুলঝুরি, "এতে কোনো বিস্ময় নেই যে সে রেকর্ডটা পেয়েছে। ওয়ার্নির মতো সে-ও আধুনিক ক্রিকেট এক জন অনন্য বোলার। এই সাফল্য তার প্রাপ্য।" এমনকি মুরালির ৭০৯ তম শিকার হয়ে রেকর্ডের পাতায় ঢুকে যাওয়া কলিংউডও মন খারাপ করেননি, "নিঃসন্দেহে এটা একটা অসাধারণ অর্জন। যদিও তার (রেকর্ড) শিকার হওয়াটা তেমন ভাল কথা নয় (আমার জন্য)। হয়তো এক সময় আমার ক্যারিয়ারের অতীতের দিকে তাকিয়ে ভাববো, আমি ছিলাম তার ৭০৯তম শিকার। জানি না সে কতগুলো উইকেট পাবে। তাকে খেলা আসলেই খুব কঠিন।" ক্রিকইনফোর সহায়তায় বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/২২০০ঘ.